১২:৩৩ পি.এম
পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক ভারত সফরে গিয়ে তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ভারত সরকার তার এই ইচ্ছাকে প্রত্যাখ্যান করেছে। তাকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) নির্ধারিত বৈঠকে অংশ নেওয়ার জন্য। নয়াদিল্লি জানিয়েছে, বৈঠকের বাইরে ব্যক্তিগত সফরের জন্য অনুমতি দেওয়া হবে না।
সাংহাই সহযোগিতা সংস্থার প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরাম দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় ২০ নভেম্বর শুরু হয়েছে। এই আয়োজন আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। মুসাদ্দিক মালিক এই বৈঠকে অংশ নিতে ভারত সফর করছেন। সফরের সময় তিনি আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত কর্মসূচির বাইরে তার ব্যক্তিগত সফরে অনুমতি দিতে রাজি হয়নি ভারত সরকার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাজমহল পরিদর্শনের অনুমতি নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্রের ওপর নির্ভর করছে। কিন্তু পাকিস্তানের এই মন্ত্রী নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি পাননি। ফলে তার ভারত সফর নির্ধারিত বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
মুসাদ্দিক মালিকের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৩ সালে গোয়ায় সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো ফেডারেল মন্ত্রী ভারত সফর করছেন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং এর জবাবে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর পর এটিই পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।
গত ২৮ অক্টোবর ভারত সরকার জানায়, প্রচলিত রীতি অনুযায়ী সাংহাই সহযোগিতা সংস্থার সব সদস্য দেশকে সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় পাকিস্তানও অন্তর্ভুক্ত ছিল। পরে পাকিস্তান সরকার মুসাদ্দিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।
ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পারস্পরিক সম্মান বজায় রেখে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা এবং সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে আগ্রহী।
২০০১ সালে চীনের সাংহাইয়ে রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরঘিজ প্রজাতন্ত্র, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির স্থায়ী সদস্যপদ লাভ করে। পরে ২০২৩ সালে ইরানও এর সদস্য হয়।
আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?
২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের ইসলামাবাদে সংস্থাটির সরকারপ্রধানদের পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত মাসেও সংস্থাটির রাষ্ট্রপ্রধানদের পরিষদের পরবর্তী বৈঠকের প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নিতে ভারতের জাতীয় সমন্বয়ক অলোক দিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন