ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ


ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে একটি বসতঘরে আগুন লেগে ৫৫ বছর বয়সী আসমান হাওলাদার, যিনি আসমত নামেও পরিচিত, মারা গেছেন। নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেছেন যে, বাবার ঘরে আগুন দেওয়ার কারণে তার ছেলে সুজন হাওলাদারকে (৩৩) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চর চান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার ওই গ্রামের মৃত বশিরউদ্দিন হাওলাদারের সন্তান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আসমান হাওলাদারের বসতঘরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ঘরের ভেতরে প্যারালাইজড রোগী আসমান শারীরিক অক্ষমতার কারণে বের হতে পারেননি। একপর্যায়ে আগুনে পুড়ে তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে ৮৬ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

ঘটনার পর থেকে ছেলে সুজন হাওলাদার বাড়িতে ছিলেন না। সকালে তিনি বাড়িতে ফিরলে স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, সুজনের চতুর্থ বিয়ে নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই রাতে বাবার ঘরে আগুন দিয়ে তিনি পালিয়ে যান বলে দাবি পরিবারের সদস্যদের।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, অগ্নিকাণ্ডে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে নিহতের স্বজনদের কাছে আসমান হাওলাদারের ছেলে সুজন হাওলাদারকে আটক করে রাখতে দেখেন। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সদস্যরা রওনা হওয়ার আগেই আগুন নিভে যাওয়ার খবর পাওয়ায় তারা আর ঘটনাস্থলে যাননি।

আরও পড়ুন: তথ্য কমিশনে ৫ দিনে নিষ্পত্তি হলো ২৮টি অভিযোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির নতুন স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির নতুন স্বপ্ন

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একাধিক উড়াল সড়কের নিচে নদীর তীরের বালুচরে একটি দল ভোঁদড়ের ছোটাছুটি ও খেলা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। তবে, তাদের দেখতে পাওয়া পথচারীর সংখ্যা খুবই কম।

শহরের বিভিন্ন স্থানে এখন নিয়মিতভাবে ছোট ছোট দলে ভোঁদড়ের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একসময় মারাত্মক দূষণে আক্রান্ত ক্লাং নদীর তীরেও তাদের বিচরণ দেখা যাচ্ছে।

কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ভোঁদড়ের এই প্রজাতিটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তবে, তারা শহরে নতুনভাবে ফিরে এসেছে, নাকি এতদিন মানুষের দৃষ্টির আড়ালে ছিল, সে বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে।

তবে ভোঁদড়ের উপস্থিতি ক্লাং নদী পরিষ্কারের উদ্যোগের সফলতার আশা জাগিয়েছে। একইসঙ্গে, নদীটির উন্নয়নে নতুন উদ্দীপনা যোগাচ্ছে।

একসময় ক্লাং নদী ছিল বিশ্বের অন্যতম দূষিত জলপথ। মালয়েশিয়ার নদীর দূষণমাত্রার শ্রেণিবিন্যাসে এটি পঞ্চম শ্রেণির, অর্থাৎ মারাত্মক দূষিত নদী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

বছরের পর বছর পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে নদীটির অবস্থার উন্নতি ঘটেছে। বর্তমানে এটি তৃতীয় শ্রেণিতে রয়েছে, অর্থাৎ মাঝারি মাত্রায় দূষিত। মালয়েশিয়ার বন্যপ্রাণী পরিবেশবিদ উ চি ইয়ং মনে করেন, এই পরিবর্তনই ভোঁদড়ের ফিরে আসার পরিবেশ তৈরি করেছে।

তিনি বলেন, ‘যেখানে ভোঁদড় আছে, সেখানে মাছও আছে। আর যেখানে মাছ আছে, সেখানে বোঝা যায় পুরো নদীব্যবস্থা পরিষ্কার ও সুস্থ। আশপাশের সব জনগোষ্ঠীর জন্যও এটি ভালো। এ কারণেই ভোঁদড়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ।’

সাম্প্রতিক বছরগুলোতে নদীর কংক্রিটের পাড়ে রোদ পোহাতে এবং উড়াল মেট্রো স্টেশনের সামনে সাঁতার কাটতে দেখা গেছে এসব প্রাণীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এসব দৃশ্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

নদীর তীরের একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসান উজাং ভোঁদড়ের কাণ্ডকারখানা দেখতে পছন্দ করেন।

তিনি বলেন, ‘ওদের বাচ্চাদের মতো সাঁতার কাটতে ও খেলাধুলা করতে দেখলে আমাদের খুব ভালো লাগে।’

‘ওদেরও বেঁচে থাকতে হবে’-

তবে প্রতিবেশী সিঙ্গাপুরের ভোঁদড়ের মতো কুয়ালালামপুরের ভোঁদড়দের ওপর নিয়মিত নজরদারি নেই। সিঙ্গাপুরে স্বেচ্ছাসেবী বিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক এসব প্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করে। ফলে, কুয়ালালামপুরের ভোঁদড় সম্পর্কে খুব কম তথ্যই জানা গেছে।

২০১৯ সালে স্থানীয় গণমাধ্যমে ভোঁদড় দেখার খবর প্রকাশিত হলে উ চি ইয়ং বিষয়টি জানতে পারেন। পরের বছর তিনি মালয়েশিয়ান অটার নেটওয়ার্ক (এমওএন) নামে একটি সংরক্ষণ সংগঠন প্রতিষ্ঠায় যুক্ত হন।

তিনি বলেন, ‘কতগুলো দল রয়েছে, তারা কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।’

ভোঁদড়গুলো নতুন করে রাজধানীতে ফিরে এসেছে, নাকি আগে থেকেই শহরের কম দৃশ্যমান এলাকায় ছিল, সেই প্রশ্নও এখনো ‘রহস্য’ হয়ে রয়েছে।

এমওএন সাধারণ মানুষের অংশগ্রহণে ভোঁদড় দেখার তথ্য সংগ্রহের একটি ব্যবস্থা চালু করতে চায়।

শহরের অন্যান্য এলাকায়ও ভোঁদড়ের দেখা মিলেছে। এর মধ্যে রয়েছে অভিজাত আবাসিক এলাকা ট্রপিকানা গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্ট। তবে সেখানে তাদের উপস্থিতি বাসিন্দাদের সবাই ভালোভাবে নিচ্ছেন না।

গত এক বছরে অন্তত ১২টি বাড়িতে হানা দেওয়ার অভিযোগ উঠেছে ভোঁদড়ের বিরুদ্ধে। তাদের লক্ষ্য ছিল বাড়ির মাছের পুকুর।

৮৯ বছর বয়সী বাসিন্দা ই সি মুন জানান, ১৫ বছর ধরে যত্ন করে বড় করা তার প্রিয় ও দামি অ্যারোয়ানা মাছগুলো মেরে ফেলেছে ভোঁদড়।

তিনি বলেন, ‘ওরা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আমি ওদের দোষ দিতে পারি না। কারণ, আমাদের মতো ওদেরও বেঁচে থাকতে হবে।’

বাসিন্দাদের দাবি, গত বছর পাশের একটি বনভূমি নতুন আবাসন প্রকল্পের জন্য পরিষ্কার করতে শুরু করার পর থেকেই ভোঁদড়ের আনাগোনা বেড়েছে।

বাসিন্দাদের সমিতির সভাপতি জয় আপ্পুকুট্টান বলেন, ‘ওরা তাদের আবাসস্থল হারাচ্ছে। এ কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে।’

তিনি ভোঁদড়ের হামলাকে ‘গুরুতর উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেন।

ট্রপিকানা রিসোর্টের নিরাপত্তাকর্মীদের ধারণা, পাশের বনভূমিতে প্রায় ২৫টি ভোঁদড় রয়েছে। তাদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা শেখাতে আবাসন কর্তৃপক্ষ উ চি ইয়ংকে আমন্ত্রণ জানিয়েছে।

মালয়েশিয়ায় ভোঁদড় সংরক্ষিত প্রাণী। তাই উ চি ইয়ং বাসিন্দাদের বাড়ির প্রবেশপথ বন্ধ রাখা এবং মাছের পুকুরের ওপর বেড়া বা জাল বসানোর পরামর্শ দিয়েছেন।

‘সম্পদ হিসেবে ভোঁদড়’-

কুয়ালালামপুরের সাবেক মেয়র এবং বর্তমানে নগরীর টেকসই নগরায়ণবিষয়ক উপদেষ্টা মাইমুনাহ মোহাম্মদ শরিফ ভোঁদড়কে একটি ‘সম্পদ’ হিসেবে দেখছেন বলে জানান।

তিনি বলেন, ‘ভোঁদড় পরিচ্ছন্ন শহরের অন্যতম মানদণ্ড।’

অন্যদের মতো তিনিও মনে করেন, ক্লাং নদীতে ভোঁদড়ের উপস্থিতি সম্পর্কে মানুষের মধ্যে বাড়তে থাকা সচেতনতাকে নদীটির আরও উন্নয়নে কাজে লাগানো যেতে পারে।

সরকারের ‘রিভার অব লাইফ’ প্রকল্পের আওতায় নদীতে আবর্জনা আটকাতে শত শত ফাঁদ বসানো হয়েছে। এ ছাড়া নেদারল্যান্ডসের একটি বেসরকারি সংস্থার স্থাপন করা সৌরবিদ্যুৎচালিত বর্জ্য সংগ্রহযন্ত্র এরই মধ্যে হাজার হাজার টন বর্জ্য সংগ্রহ করেছে।

এখন নদীতে বর্জ্য প্রবেশ ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন মাইমুনাহ। পাশাপাশি ক্লাং নদীকে ২বি শ্রেণিতে উন্নীত করতে চান তিনি। এ শ্রেণির নদীর পানি মানুষের সংস্পর্শে আসার উপযোগী।

তিনি বলেন, ‘একদিন আমি ক্লাং নদীতে সাঁতার কাটতে চাই।’

কমিউনিটি আর্কিটেক্ট এবং বার্ষিক ক্লাং রিভার ফেস্টিভ্যালের সহ-আয়োজক স্কারলেট কুন সি কি চান, নদীটির প্রাকৃতিক তীর ও পরিবেশ ফিরিয়ে আনা হোক। কংক্রিটের বাঁধ দিয়ে নদীর পাড় ঢেকে দেওয়ার পরিবর্তে প্রাকৃতিক অবস্থায় রাখার পক্ষে তিনি।

তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় বন্যা নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য কংক্রিটের বাঁধ প্রয়োজন হতে পারে। তবে যেখানে সম্ভব, নদীকে যতটা সম্ভব প্রাকৃতিক অবস্থায় রাখা উচিত।’

বিশেষজ্ঞরা বলছেন, এতে ভোঁদড়েরও উপকার হবে। কারণ, আত্মগোপনের জন্য তাদের কিছু গাছপালা ও প্রাকৃতিক ফাঁকফোকর প্রয়োজন।

ক্লাং রিভার ফেস্টিভ্যালের আয়োজক ফেইথ ফু বলেন, ভোঁদড়ের উপস্থিতি নদী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে।

শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘শিক্ষকেরা সব সময় বলতেন, এই জায়গাটি খুবই অপরিচ্ছন্ন।’

কিন্তু এখন ভোঁদড়ের বিচরণ দেখে মনে হচ্ছে, ‘এটি আসলে একটি নদী।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুনা লায়লার সংগীতজীবনের উদ্‌যাপনে মঞ্চ মাতালেন তারিক আনাম খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


রুনা লায়লার সংগীতজীবনের উদ্‌যাপনে মঞ্চ মাতালেন তারিক আনাম খান

রুনা লায়লা সংগীতে ছয় দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। অন্যদিকে, তারিক আনাম খান অভিনয়ে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। এবার এই দুই গুণী শিল্পীকে দেখা গেল একই মঞ্চে।

শুক্রবার (২০ নভেম্বর) একটি বিশেষ আয়োজনে তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন। সেখানে গান, স্মৃতিচারণা ও কথোপকথনের মাধ্যমে দর্শকদের জন্য তৈরি হয়েছিল এক ভিন্নরকম সন্ধ্যা।

‘সিক্স ডিকেডস অব রুনা লায়লা: লিগ্যাসি কন্টিনিউস’ শিরোনামের এই আয়োজনের মাধ্যমে রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবন উদ্‌যাপন করা হয়। একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন তারিক আনাম খান। মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন রুনা লায়লা। গান ও আলাপচারিতার মাধ্যমে দুই শিল্পীর উপস্থিতি অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তোলে।

রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে সময় কাটানোর অভিজ্ঞতা তারিক আনামের কাছে বিশেষ কিছু বলে মনে হয়েছে, যা তিনি অনুষ্ঠানের পর তাঁর ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন। সেখানে অভিনেতা জানিয়েছেন, কখনো ভাবেননি যে রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন এবং তাঁকে প্রশ্ন করবেন। উপমহাদেশজুড়ে এই শিল্পীর অসংখ্য ভক্ত রয়েছেন, এবং তিনিও তাঁদের একজন। তবে গানের বাইরেও রুনা লায়লার রসবোধ ও বুদ্ধিদীপ্ত কথাবার্তার প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে।

তারিক আনাম জানিয়েছেন, অনুষ্ঠানের আগেই রুনা লায়লাকে মঞ্চে তাঁর রসিকতাপূর্ণ কথাবার্তা শোনার আগ্রহের কথা জানিয়েছিলেন। পরে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তাঁদের মঞ্চের সময় শুধুমাত্র গান ও গল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল না, রুনা লায়লার কাছ থেকে নাচের তালিমও পেয়েছেন তিনি।

অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তারিক আনাম লিখেছেন, রুনা লায়লার গান শোনার পাশাপাশি তাঁর জীবনের নানা গল্প ও মজার কথাও শুনেছেন। এমনকি মঞ্চে তাঁকে নাচও শিখিয়েছেন এই শিল্পী। প্রায় আড়াই ঘণ্টা একাই গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন রুনা লায়লা। বয়স কিংবা সময়ের ব্যবধান তাঁর পরিবেশনায় কোনো ক্লান্তির ছাপ ফেলেনি বলেও মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেতা। রুনা লায়লাকে সালাম জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, কিংবদন্তি শিল্পী আরও ছয় দশক এভাবেই গান করে যান।

অনুষ্ঠানটি নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন রুনা লায়লা। ৬২ বছরের সংগীতজীবন উদ্‌যাপনের সন্ধ্যাকে তিনি স্মরণীয় ও অসাধারণ বলে উল্লেখ করেছেন। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি নতুন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সংগীতশিল্পী ও অন্যান্য শিল্পীর সঙ্গে একই মঞ্চে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।

আয়োজক, অতিথি, দর্শক ও দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুনা লায়লা। দীর্ঘ সংগীতজীবনের অর্জন ও উত্তরাধিকার উদ্‌যাপনের এই আয়োজন তাঁর কাছে বিশেষ একটি স্মৃতি হয়ে উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননায় আইনপ্রণেতার সাজা তিন বছরে কমাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননায় আইনপ্রণেতার সাজা তিন বছরে কমাল আদালত

থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার অভিযোগে বিরোধী দলের এক নারী আইনপ্রণেতার ছয় বছরের কারাদণ্ড আপিল আদালত তিন বছরে কমিয়ে দিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে করা মামলায় আদালত এই রায় প্রদান করে। দণ্ডপ্রাপ্ত আইনপ্রণেতার নাম রুকচানক শ্রিনরক, যিনি দেশটিতে ‘আইস’ নামে পরিচিত।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রুকচানক বিরোধী দল পিপলস পার্টির সদস্য। ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের একটি পোস্ট দেওয়ার পাশাপাশি অন্য একজনের পোস্ট শেয়ার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রাজতন্ত্র অবমাননা ও কম্পিউটার অপরাধ আইনে ২০২৩ সালে নিম্ন আদালত তাঁকে ছয় বছরের কারাদণ্ড প্রদান করে।

সোমবার আপিল আদালত অন্যের পোস্ট শেয়ার করার অভিযোগ থেকে তাঁকে খালাস দেয়। তবে নিজের পোস্টের কারণে রাজতন্ত্র অবমাননার অভিযোগে দেওয়া দণ্ড বহাল রাখে আদালত। ফলে তাঁর কারাদণ্ডের মেয়াদ ছয় বছর থেকে তিন বছরে দাঁড়ায়।

রুকচানক পূর্বে আন্দোলনকর্মী ছিলেন এবং তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আপিলের রায়ের অপেক্ষাকালে তিনি সংসদ সদস্য পদে বহাল ছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন।

পিপলস পার্টির নেতা নাত্তাফং রুয়েংপানিয়াওয়াত সাংবাদিকদের জানিয়েছেন, রুকচানক জামিনের আবেদন করছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতিও চলছে।

থাইল্যান্ডে রাজতন্ত্রের অবমাননা ঠেকাতে কঠোর আইন রয়েছে। দেশটির ফৌজদারি আইনের ১১২ ধারায় রাজা, রানি, সিংহাসনের উত্তরাধিকারী বা রাজপ্রতিনিধিকে অপমান, মানহানি কিংবা হুমকি দিলে প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

মানবাধিকার সংগঠন থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের মে থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার অভিযোগে অন্তত ১৯৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে কারাদণ্ড হলে কোনো আইনপ্রণেতা সংসদ সদস্য পদ হারাতে পারেন। তবে এ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। রুকচানকের জামিন ও পরবর্তী আপিলের প্রক্রিয়ার ওপর তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকার বিষয়টি নির্ভর করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল

বাংলাদেশ বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের খেতাবপ্রাপ্ত সদস্যদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে। সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ৩৬ জনকে সম্মাননা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বিমান বাহিনী প্রধান এই সময় মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, "মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগ বর্তমান প্রজন্মের সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে।"

তিনি আরো উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় মাত্র তিনটি বিমান নিয়ে শুরু হওয়া বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রযুক্তিতে সমৃদ্ধ। বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে কিছু প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ঘাঁটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%