প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে একটি বসতঘরে আগুন লেগে ৫৫ বছর বয়সী আসমান হাওলাদার, যিনি আসমত নামেও পরিচিত, মারা গেছেন। নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেছেন যে, বাবার ঘরে আগুন দেওয়ার কারণে তার ছেলে সুজন হাওলাদারকে (৩৩) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চর চান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার ওই গ্রামের মৃত বশিরউদ্দিন হাওলাদারের সন্তান ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আসমান হাওলাদারের বসতঘরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ঘরের ভেতরে প্যারালাইজড রোগী আসমান শারীরিক অক্ষমতার কারণে বের হতে পারেননি। একপর্যায়ে আগুনে পুড়ে তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর থেকে ছেলে সুজন হাওলাদার বাড়িতে ছিলেন না। সকালে তিনি বাড়িতে ফিরলে স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, সুজনের চতুর্থ বিয়ে নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই রাতে বাবার ঘরে আগুন দিয়ে তিনি পালিয়ে যান বলে দাবি পরিবারের সদস্যদের।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, অগ্নিকাণ্ডে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে নিহতের স্বজনদের কাছে আসমান হাওলাদারের ছেলে সুজন হাওলাদারকে আটক করে রাখতে দেখেন। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সদস্যরা রওনা হওয়ার আগেই আগুন নিভে যাওয়ার খবর পাওয়ায় তারা আর ঘটনাস্থলে যাননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন