প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার অভিযোগে বিরোধী দলের এক নারী আইনপ্রণেতার ছয় বছরের কারাদণ্ড আপিল আদালত তিন বছরে কমিয়ে দিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে করা মামলায় আদালত এই রায় প্রদান করে। দণ্ডপ্রাপ্ত আইনপ্রণেতার নাম রুকচানক শ্রিনরক, যিনি দেশটিতে ‘আইস’ নামে পরিচিত।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রুকচানক বিরোধী দল পিপলস পার্টির সদস্য। ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের একটি পোস্ট দেওয়ার পাশাপাশি অন্য একজনের পোস্ট শেয়ার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রাজতন্ত্র অবমাননা ও কম্পিউটার অপরাধ আইনে ২০২৩ সালে নিম্ন আদালত তাঁকে ছয় বছরের কারাদণ্ড প্রদান করে।
সোমবার আপিল আদালত অন্যের পোস্ট শেয়ার করার অভিযোগ থেকে তাঁকে খালাস দেয়। তবে নিজের পোস্টের কারণে রাজতন্ত্র অবমাননার অভিযোগে দেওয়া দণ্ড বহাল রাখে আদালত। ফলে তাঁর কারাদণ্ডের মেয়াদ ছয় বছর থেকে তিন বছরে দাঁড়ায়।
রুকচানক পূর্বে আন্দোলনকর্মী ছিলেন এবং তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আপিলের রায়ের অপেক্ষাকালে তিনি সংসদ সদস্য পদে বহাল ছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন।
পিপলস পার্টির নেতা নাত্তাফং রুয়েংপানিয়াওয়াত সাংবাদিকদের জানিয়েছেন, রুকচানক জামিনের আবেদন করছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতিও চলছে।
থাইল্যান্ডে রাজতন্ত্রের অবমাননা ঠেকাতে কঠোর আইন রয়েছে। দেশটির ফৌজদারি আইনের ১১২ ধারায় রাজা, রানি, সিংহাসনের উত্তরাধিকারী বা রাজপ্রতিনিধিকে অপমান, মানহানি কিংবা হুমকি দিলে প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
মানবাধিকার সংগঠন থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের মে থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার অভিযোগে অন্তত ১৯৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে কারাদণ্ড হলে কোনো আইনপ্রণেতা সংসদ সদস্য পদ হারাতে পারেন। তবে এ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। রুকচানকের জামিন ও পরবর্তী আপিলের প্রক্রিয়ার ওপর তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকার বিষয়টি নির্ভর করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন