প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রুনা লায়লা সংগীতে ছয় দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। অন্যদিকে, তারিক আনাম খান অভিনয়ে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। এবার এই দুই গুণী শিল্পীকে দেখা গেল একই মঞ্চে।
শুক্রবার (২০ নভেম্বর) একটি বিশেষ আয়োজনে তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন। সেখানে গান, স্মৃতিচারণা ও কথোপকথনের মাধ্যমে দর্শকদের জন্য তৈরি হয়েছিল এক ভিন্নরকম সন্ধ্যা।
‘সিক্স ডিকেডস অব রুনা লায়লা: লিগ্যাসি কন্টিনিউস’ শিরোনামের এই আয়োজনের মাধ্যমে রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবন উদ্যাপন করা হয়। একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন তারিক আনাম খান। মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন রুনা লায়লা। গান ও আলাপচারিতার মাধ্যমে দুই শিল্পীর উপস্থিতি অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তোলে।
রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে সময় কাটানোর অভিজ্ঞতা তারিক আনামের কাছে বিশেষ কিছু বলে মনে হয়েছে, যা তিনি অনুষ্ঠানের পর তাঁর ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন। সেখানে অভিনেতা জানিয়েছেন, কখনো ভাবেননি যে রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন এবং তাঁকে প্রশ্ন করবেন। উপমহাদেশজুড়ে এই শিল্পীর অসংখ্য ভক্ত রয়েছেন, এবং তিনিও তাঁদের একজন। তবে গানের বাইরেও রুনা লায়লার রসবোধ ও বুদ্ধিদীপ্ত কথাবার্তার প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে।
তারিক আনাম জানিয়েছেন, অনুষ্ঠানের আগেই রুনা লায়লাকে মঞ্চে তাঁর রসিকতাপূর্ণ কথাবার্তা শোনার আগ্রহের কথা জানিয়েছিলেন। পরে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তাঁদের মঞ্চের সময় শুধুমাত্র গান ও গল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল না, রুনা লায়লার কাছ থেকে নাচের তালিমও পেয়েছেন তিনি।
অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তারিক আনাম লিখেছেন, রুনা লায়লার গান শোনার পাশাপাশি তাঁর জীবনের নানা গল্প ও মজার কথাও শুনেছেন। এমনকি মঞ্চে তাঁকে নাচও শিখিয়েছেন এই শিল্পী। প্রায় আড়াই ঘণ্টা একাই গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন রুনা লায়লা। বয়স কিংবা সময়ের ব্যবধান তাঁর পরিবেশনায় কোনো ক্লান্তির ছাপ ফেলেনি বলেও মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেতা। রুনা লায়লাকে সালাম জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, কিংবদন্তি শিল্পী আরও ছয় দশক এভাবেই গান করে যান।
অনুষ্ঠানটি নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন রুনা লায়লা। ৬২ বছরের সংগীতজীবন উদ্যাপনের সন্ধ্যাকে তিনি স্মরণীয় ও অসাধারণ বলে উল্লেখ করেছেন। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি নতুন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সংগীতশিল্পী ও অন্যান্য শিল্পীর সঙ্গে একই মঞ্চে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।
আয়োজক, অতিথি, দর্শক ও দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুনা লায়লা। দীর্ঘ সংগীতজীবনের অর্জন ও উত্তরাধিকার উদ্যাপনের এই আয়োজন তাঁর কাছে বিশেষ একটি স্মৃতি হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন