০৫:১০ পি.এম
রংপুরের পীরগঞ্জ উপজেলায় শ্রমিক সংকটের কারণে কৃষকেরা মাঠের পাকা ধান ঘরে তোলার বিষয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বৃষ্টির পূর্বে মাঠের ধান পেকে গেলেও হঠাৎ বৃষ্টিপাতের ফলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ বাধাগ্রস্ত হয়েছে। ফলে অনেক কৃষক সময়মতো ধান ঘরে তুলতে পারেননি। বৃষ্টি শেষে একসঙ্গে অধিকাংশ জমির ধান কাটার উপযোগী হওয়ায় শ্রমিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।
উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে জানা গেছে, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ধান কাটতে না পারায় অনেক জমিতে পাকা ধান পড়ে রয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান একই সময়ে কাটার উপযোগী হওয়ায় অল্প সময়ের মধ্যে ধান কাটা ও মাড়াইয়ের জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না। এর ফলে কৃষকদের মধ্যে দুশ্চিন্তার পাশাপাশি শ্রমিকের মজুরি বেড়ে গেছে।
বড় ভগবানপুর গ্রামের ধানচাষি লোকনাথ চন্দ্র ও জামালপুর গ্রামের বাদশা মিয়া জানান, ধান কাটার মৌসুমে এলাকার অনেক শ্রমিক ইটভাটায় ইট তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। আবার কেউ কেউ কাজের সন্ধানে ঢাকাসহ বিভিন্ন এলাকায় চলে গেছেন। এ কারণে স্থানীয়ভাবে ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। সময়মতো শ্রমিক না পাওয়ায় মাঠের পাকা ধান নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
কৃষকেরা জানান, বর্তমানে যাঁরা ধান কাটার কাজ করছেন, তাঁদের অনেকেই দিন হাজিরায় কাজ করতে আগ্রহী নন। তাঁরা জমির পরিমাণ অনুযায়ী চুক্তিতে ধান কাটতে ইচ্ছুক। ফলে কৃষকদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। কৃষকদের দেওয়া তথ্যমতে, ৩৩ শতকের এক বিঘা জমির ধান কাটা ও বাঁধার জন্য শ্রমিকদের ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এতে ধান উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর পীরগঞ্জ উপজেলায় প্রায় ২৬ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। তবে বৃষ্টি-বাধার কারণে ধান কাটা ও মাড়াইয়ের কাজে কিছুটা বিলম্ব হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে কৃষকেরা আবারও পুরোদমে ধান কাটার কাজ শুরু করেছেন বলে উপসহকারী কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
কৃষকদের আশঙ্কা, দ্রুত ধান কেটে ঘরে তুলতে না পারলে মাঠে থাকা পাকা ধান নিয়ে নতুন করে লোকসানের মুখে পড়তে হতে পারে। তাই শ্রমিক সংকট নিরসন ও ধান ঘরে তোলার কাজে প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন