ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : বৈভব সূর্যবংশী


যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : বৈভব সূর্যবংশী

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ভারতের কিশোর ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী যুবরাজ সিংকে তাঁর আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। জানা গেছে, সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে আধা ঘণ্টার অনুপ্রেরণামূলক আলোচনা সূর্যবংশীকে ৫৩ বলে রেকর্ডগড়া ২০৪ রানের ইনিংস খেলার জন্য সহায়তা করেছে।

মঙ্গলবার দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’-দলের সাত উইকেটের জয়ে, ১৫ বছর বয়সী এই ব্যাটার মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন। ইনিংসে তিনি ২৮টি ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন।

সূর্যবংশী মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের আগের রেকর্ডের চেয়ে তিনি এক বল কম খেলেছেন। ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে তিনি ৫২ বল ব্যয় করেন, যা চ্যাড বোয়েসের ১০৩ বলের আগের রেকর্ডকে সহজেই ভেঙে দেয়।

আরও পড়ুন: ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

নতুন রেকর্ডের ইনিংস শেষে সূর্যবংশী জানান, টানা দুটি হতাশাজনক পারফরম্যান্সের পর সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজের পরামর্শ তাঁর ব্যাটিংয়ের কারিগরি ত্রুটি শুধরে নিতে সহায়তা করেছে।

বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড প্রকাশিত এক সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, “আমার আদর্শ যুবি স্যারের (যুবরাজ সিং) সঙ্গে কথা বলেছিলাম এবং মনোযোগ দিয়ে তাঁর কথা শুনেছিলাম।

“তিনি আমাকে একের পর এক অনেক কিছু বুঝিয়ে বলেছেন। পরে নিজের ভিডিও দেখার সময় বুঝতে পেরেছি, কোথায় ভুল করছিলাম।

“সেই ভুলগুলো না করার চেষ্টা করেছি এবং তাঁর পরামর্শ অনুসরণ করেছি। এতে আমি অনেক উপকৃত হয়েছি।”

আরও পড়ুন: বাংলাদেশ সেঞ্চুরিয়ান টেস্টে ইনিংস ও ২১৯ রানে পরাজিত

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ‘এ’ মাত্র ১৪.২ ওভারে ২৫০ রানের লক্ষ্য অতিক্রম করে। তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুললেও, সূর্যবংশী সব সংস্করণের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, “পরিস্থিতি অনুযায়ী আমি নিজের খেলার ধরন বদলাতে পারি। নিজের খেলার ওপর আমার এতটাই নিয়ন্ত্রণ রয়েছে।”

আগের দুটি ম্যাচে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েছিলেন বলেও স্বীকার করেন তিনি। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে বুঝতে পেরেছিলেন, উইকেট আক্রমণাত্মক ব্যাটিংয়ের অনুকূলে।

তিনি আরও বলেন, “আজও আমার মানসিকতা একই ছিল। তবে উইকেট দেখে মনে হয়েছে, বোলারদের জন্য খুব বেশি সহায়তা নেই। আমি যদি আক্রমণাত্মক শট খেলি, তাহলে বল ব্যাটে ভালোভাবে আসবে। তাই নিজের শক্তির ওপর আস্থা রেখেছি।”

আরও পড়ুন: পিটি ঊষা অলিম্পিক নির্বাচনে অংশ নিচ্ছেন না

ইতোমধ্যে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মাধ্যমে তিনি ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হন। তিনি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন।

এ বছর রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন তিনি। ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সূর্যবংশী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতির নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনো ও ফিলিপ দিয়ালোকে পরাজিত করতে পারলে চার বছরের জন্য দায়িত্ব শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন জাপানের প্রার্থী কোজো তাশিমা।

তাশিমা ফিফার ‘সততা’ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। নির্বাচনের প্রার্থী তালিকায় তাঁর নাম রয়েছে বর্তমান সভাপতি ইনফান্তিনো ও ফরাসি ফুটবল প্রধান দিয়ালোর সঙ্গে।

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ বাতিল করার কারণে ইনফান্তিনো তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। তবে চতুর্থ ও শেষ মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য তাঁর এখনও যথেষ্ট সমর্থন রয়েছে।

জয়ের সম্ভাবনা কম বলে স্বীকার করলেও, নির্বাচিত হলে অল্প সময়ের জন্য দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন তাশিমা।

টোকিওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৬৯ বছর বয়সী তাশিমা বলেন, “আমি বর্তমানে একটি নির্বাচনী ইশতেহার তৈরি করছি। তবে মূলত চার বছরের এক মেয়াদ দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে আমার।

“এই চার বছরে ফিফার পরিচালনব্যবস্থায় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিতে চাই। আমার বিশ্বাস, ফিফার অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো আরও স্বচ্ছ করতে হবে।”

গত সপ্তাহে তাশিমা বলেছিলেন, ইনফান্তিনোর বিরুদ্ধে দিয়ালোকে সরাসরি লড়াইয়ের সুযোগ করে দিতে আপাতত নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না তিনি।

দিয়ালোর প্রতি ইউরোপের সমর্থন রয়েছে। বর্তমান সভাপতিকে পরাজিত করার সম্ভাবনাও তাঁর বেশি বলে মনে করা হচ্ছে।

তাশিমা জানিয়েছেন, দিয়ালোর সঙ্গে ফোনে কথা হয়েছে এবং ইউরোপে সরাসরি সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে। নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করবেন তাঁরা।

তাশিমা বলেন, “আমরা দুজনই একই দিকে এগোচ্ছি। তবে সামনে এগোতে গিয়ে যোগাযোগ অব্যাহত রাখলে দেখা যেতে পারে, আমাদের লক্ষ্য সত্যিই এক, অথবা কিছু বিষয়ে আমাদের মতপার্থক্য রয়েছে।

“মূল লক্ষ্য হলো ফিফাকে সঠিক পথে ফিরিয়ে আনা। সেটি অর্জনের জন্য আমরা বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%