০৩:৪৯ পি.এম
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় আদালত তিন জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি হিসেবে গণ্য হবে। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন এবং আবু তাহের। তারা সকলেই কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার অধিবাসী ছিলেন। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন এবং আবু তাহের। জয়নালের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে হোটেল থেকে ডেকে নিয়ে যান তারা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
এই ঘটনায় প্রথমে নিহত জয়নালের স্ত্রী টাকা-পয়সার বিরোধের কারণে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ মানিক ভুঞা এবং জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে। তবে মামলাটির তদন্ত অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যাওয়ার পর হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য উঠে আসে।
তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন এবং আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসামিদের উপস্থিতিতে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন