প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়।
মন্ত্রী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দেন। এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় চাকরি ফিরে পাওয়া ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ শেষে।
নিহত কে এম তাহসিফ সৌরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন এবং তিনি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ প্রাথমিক তদন্ত ও লাশের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো সম্পন্ন হওয়ার পর সঠিক তথ্য জেনে বিস্তারিত জানানো সম্ভব হবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ব্যতিক্রম দু-একটি ছাড়া দেশে সংঘটিত যে কোনো অপরাধের ক্ষেত্রে অপরাধীদের শনাক্তকরণ, গ্রেফতার, তদন্ত ও বিচার কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে মৃত্যু বা বোমার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, ফ্যাসিবাদের সময় ক্ষতিগ্রস্ত পুলিশ বাহিনীকে একটি ভঙ্গুর অবস্থা থেকে পুনর্গঠন করে ক্রমান্বয়ে সুসংগঠিত করা হচ্ছে। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, মাদক ও মানব পাচারের মতো নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংবিধান এবং মৌলিক আইন অনুযায়ী নিরপেক্ষভাবে জনসেবা দিতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ হচ্ছে এখন একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল। তারা একটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি ছিল এবং অরাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণিত করে গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা বাংলাদেশে ১৪০০-র বেশি (জাতিসংঘের হিসাবমতে) এবং আমাদের হিসাবমতে ২০০০-এরও বেশি মানুষ হত্যা ও গণহত্যা চালিয়েছে। তারা এখন পর্যন্ত কোনো ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেনি। উল্টো তারা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে জঙ্গিবাদী তকমা দিতে চেয়েছিল। তারা যে আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে আসতে চায়, এ দেশের জনগণ কখনও তা গ্রহণ করবে না এবং সে সুযোগ দেবে না।”
শেখ হাসিনার দেশে আসার ঘোষণা নিয়ে তিনি বলেন, কে কখন আসতে চাচ্ছে না চাচ্ছে, তা নিয়ে আমরা মোটেও বিচলিত নই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর; যে-ই আসুক না কেন, তাদেরকে আইন অনুযায়ী হেফাজতে নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন