প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা লজ্জাজনক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর তিনি এসব মন্তব্য করেন। মনিটরিং সেল পর্যবেক্ষণের সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
তিনি উল্লেখ করেন, "নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে আমাদের। বিদেশিরা যখন আমাদের দেশে আসে তখন দেখে আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামছি। তাদের কাছে লজ্জা পেতে হয়। একটা নির্বাচন করতে সাড়ে ৯ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করতে হয়। এই লজ্জা আমরা ঘোচাতে চাই। মারামারি হানাহানি নয়, একটা উৎসব মুখর নির্বাচন করতে চাই।"
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের মতো অন্যান্য নির্বাচনকেও গুরুত্ব দিচ্ছে। শুধু ঠাকুরগাঁওয়ের নির্বাচন নয়, সব নির্বাচনেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কমিশন কাজ করছে।
সিইসি জানান, "ইসি স্বচ্ছতায় বিশ্বাস করে। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে কমিশন।"
তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবি সহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করে সিইসি বলেন, "আমরা সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।"
আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে এই উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট শুরু হয়েছে সকাল ৮টায়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন