প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান সম্পন্ন করে।
বিজিবি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের প্রবেশ প্রতিরোধের লক্ষ্যে সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে নুনছড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার করা ৪৮টি বিস্ফোরকের গায়ে ‘High Power Emulsion Explosives’ লেখা রয়েছে, যা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক হিসেবে পরিচিত। এর পাশাপাশি, বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহৃত ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি নন-ইলেকট্রিক ফিউজও উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময়, জড়িত ব্যক্তিরা অন্ধকার ও দুর্গম এলাকার সুযোগ নিয়ে নুনছড়া চা বাগানের গভীরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের লক্ষ্যে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। কানাইঘাট থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টরের ধারাবাহিক বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এসব অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ১৮ কেজি বিস্ফোরক পাওয়ার জেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে এবং ১২০ জনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য সিলেট সেক্টরের ৫৬টি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযানও চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।
এছাড়া, ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমে সীমান্ত নজরদারি কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ বন্ধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন