প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কসোভোয় দক্ষ কর্মীর অভাব রয়েছে এমন খাতে বাংলাদেশ সরকারের সহযোগিতার ভিত্তিতে দক্ষ পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রস্তাব দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে প্যাকোলি-দালিপির সঙ্গে বৈঠক করেন। কসোভোর মন্ত্রী বাংলাদেশের এই প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কপ-৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয় এই বৈঠক।
বৈঠকে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে উভয় দেশের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ের মাধ্যমে সমস্যা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হয়। কসোভোর মন্ত্রী তার দেশের বন্যা, পানিসম্পদ ব্যবস্থাপনা ও বায়ুর মান নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ও বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তাকে জানান।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। উভয় পক্ষ একমত হয় যে বহুপক্ষীয় ফোরামে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনা, রাজনৈতিক পর্যায়ে সফর বিনিময় এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করবে। এর ফলে বর্জ্য পুনর্ব্যবহার, প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্যোগের আগাম সতর্কবার্তা ব্যবস্থাসহ বিভিন্ন খাতে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।
কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করলে, শামা ওবায়েদ ইসলাম তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য উষ্ণ আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি বিভিন্ন হস্তশিল্প উপহার দেন। তিনি প্লাস্টিকের পরিবেশবান্ধব ও পচনশীল বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার ও বৈশিষ্ট্য তুলে ধরেন। ফিতোরে প্যাকোলি-দালিপি পাটজাত পণ্যের মান ও নান্দনিকতায় মুগ্ধতা প্রকাশ করেন। এছাড়া কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন ঘুরে দেখার জন্য কসোভোর মন্ত্রীকে আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন