মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৩২ এম
সালমান খানকে ঘিরে নিরাপত্তার উদ্বেগ, টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনা, সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি—এই ধরনের একের পর এক ঘটনার ফলে বলিউডে উদ্বেগের মাত্রা ক্রমেই বাড়ছে। তারকাদের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া এই পরিস্থিতির প্রভাব চলচ্চিত্রের শুটিং কার্যক্রমেও পড়ছে। কিছু জায়গায় শুটিংয়ের তারিখ পেছানো হচ্ছে, আবার কোথাও নিরাপত্তার কারণে লোকেশন পরিবর্তন করা হচ্ছে। এর ফলে চলচ্চিত্রশিল্পের দৈনিক মজুরিতে কাজ করা কর্মীদের ওপর সরাসরি প্রভাব পড়ছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) আশঙ্কা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শুটিং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে।
সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত জানিয়েছেন, সাম্প্রতিক হুমকি ও হামলার ঘটনার পর বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠান শুটিং স্থগিত বা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এতে বিপাকে পড়েছেন লাইটম্যান, স্পটবয়, ক্যামেরা ও অন্যান্য বিভাগের টেকনিশিয়ানসহ অসংখ্য কর্মী। কারণ, তাঁদের অধিকাংশের আয় প্রতিদিনের কাজের ওপর নির্ভর করে। শুটিং বন্ধ থাকলে তাঁদের উপার্জনের পথও বন্ধ হয়ে যায়।
কলাকুশলীরা নিরাপত্তা শঙ্কার মাশুল গুনছেন। চলচ্চিত্রের বড় তারকারা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা নিতে পারলেও শুটিংয়ের সঙ্গে যুক্ত সাধারণ কর্মীদের জন্য তা সম্ভব নয়। একটি সিনেমা বা সিরিজ নির্মাণের পেছনে অভিনয়শিল্পীদের পাশাপাশি বহু মানুষ কাজ করেন। তাঁদের কাজের ওপর নির্ভর করে পুরো শুটিং আয়োজন। ফলে নিরাপত্তার কারণে কোনো প্রযোজনা পিছিয়ে গেলে সবচেয়ে দ্রুত সংকটে পড়েন দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা ব্যক্তিরা।
এ পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের কাছে চিঠি দিয়েছে এআইসিডব্লিউএ। গত শুক্রবার (২০ নভেম্বর) পাঠানো চিঠির অনুলিপি মুম্বাইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীকেও দেওয়া হয়েছে। সংগঠনটির মতে, শুধু পরিচিত তারকাদের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না, শুটিংয়ের প্রতিটি স্থান এবং সেখানে কর্মরত ব্যক্তিদের সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।
চিঠিতে সতর্ক করা হয়েছে, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে চলচ্চিত্রের শুটিং কার্যক্রম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এতে কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন বহু মানুষ। একই সঙ্গে আর্থিক ক্ষতির মুখে পড়বে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও।
ফিরে আসছে নব্বইয়ের দশকের আতঙ্ক?
বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে গিয়ে নব্বইয়ের দশকের কথাও স্মরণ করেছে সংগঠনটি। ওই সময় মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনে অপরাধী চক্রের প্রভাব, তারকাদের হুমকি এবং চাঁদাবাজির ঘটনা ছিল আলোচিত বিষয়। এআইসিডব্লিউএর আশঙ্কা, সাম্প্রতিক ঘটনাগুলো সেই অস্থির সময়ের কথাই আবার মনে করিয়ে দিচ্ছে।
সংগঠনটির বক্তব্য, তারকারা সাধারণত জনসমক্ষে পরিচিত মুখ। তাঁদের ঘিরে সহজেই প্রচার তৈরি করা যায়। এই সুযোগ কাজে লাগিয়ে অপরাধী চক্রের সদস্যরা কখনো ভয় দেখিয়ে, কখনো অর্থ আদায়ের উদ্দেশ্যে তাঁদের লক্ষ্যবস্তু করতে পারে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কয়েকজন হুমকিদাতা তাঁদের কাছে ২০০ জন শুটার প্রস্তুত থাকার দাবি করেছেন। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সাইফের ফোনে হুমকিবার্তা, কণ্ঠস্বর নিয়ে তদন্ত শুরু হয়েছে। তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে সাইফ আলী খানকে পাঠানো প্রাণনাশের হুমকিকে কেন্দ্র করে। গত বৃহস্পতিবার মুম্বাই পুলিশ জানায়, অভিনেতার ফোনে একটি ভয়েস বার্তা এসেছে। বার্তায় প্রেরক নিজেকে জিশান আখতার বলে পরিচয় দিয়েছেন। ২০২৪ সালে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের মামলায় জিশান পলাতক অভিযুক্ত।
বার্তায় সাইফকে উদ্দেশ্যে বলা হয়, তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হতে পারে। তবে বার্তাটি জিশান নিজেই পাঠিয়েছেন, নাকি কেউ তাঁর পরিচয় ব্যবহার করেছেন, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য ব্যবহারও। ভয়েস বার্তাটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা পরিবর্তন করা হয়েছে কি না, তা পরীক্ষা করছেন তদন্তকারীরা। এর আগে আয়ুষ্মান খোরানা ও তুষার কাপুরকে হুমকি দেওয়ার অভিযোগে বেঙ্গালুরু থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের দাবি, অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও ওই ব্যক্তি এআই ব্যবহার করে হুমকিবার্তা তৈরি করেছিলেন।
এদিকে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাড়ি ‘জলসা’ও সম্প্রতি একাধিক ভুয়া বোমা হামলার হুমকির ঘটনায় আলোচনায় এসেছে। অমিতাভ ও অভিষেক বচ্চনের নিরাপত্তা জোরদার করার দাবিও জানিয়েছে এআইসিডব্লিউএ।
টাইগারের গাড়িতে গুলি, সালমানকে ঘিরেও শঙ্কা। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনা বলিউডের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ওই ঘটনার তদন্তে সালমান খানের বাড়ির আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াতের বিষয়টিও সামনে আসে। সালমানকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগেও একাধিকবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছেন সালমান। ২০২৪ সালের এপ্রিলে তাঁর বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। একই বছরের অক্টোবরে খুন হন অভিনেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবা সিদ্দিকি। এসব ঘটনার পর থেকে সালমানের নিরাপত্তাব্যবস্থায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
সরকারের কাছে পাঁচ দফা দাবি
চলচ্চিত্রশিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে পাঁচটি প্রধান দাবি তুলে ধরেছে এআইসিডব্লিউএ। এর মধ্যে রয়েছে সাইফ আলী খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও তাঁদের পরিবারের নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি মুম্বাইয়ের অন্যান্য চলচ্চিত্র তারকা ও নির্মাতাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুটিং স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং তারকাদের অংশগ্রহণে সংবাদ সম্মেলন ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা বাড়ানোর দাবিও রয়েছে। একই সঙ্গে মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনকে অপরাধী চক্রের প্রভাব থেকে মুক্ত রাখার ওপর জোর দিয়েছে সংগঠনটি।
এআইসিডব্লিউএর মতে, বলিউডের তারকা থেকে শুরু করে ক্যামেরার পেছনে কাজ করা প্রতিটি মানুষকে নিরাপদ পরিবেশ দিতে হবে। কারণ, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে তার প্রভাব শুধু তারকাদের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকবে না; ক্ষতিগ্রস্ত হবে শুটিং, প্রযোজনা এবং হাজারো মানুষের জীবিকা। এখন তাই তারকাদের নিরাপত্তার পাশাপাশি চলচ্চিত্রশিল্পের সামগ্রিক কর্মপরিবেশ স্বাভাবিক রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শরীয়তপুরের গোসাইরহাটে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে, যা মাত্র সাত দিন আগে ৭ কোটি টাকার বেশি ব্যয়ে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছিল। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসের শিকার হয়েছে এবং চারটি স্থানে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে, যেকোনো সময় ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি নিয়ে সড়কে ব্যবহার করা হয়েছে, কিন্তু সঠিকভাবে পাইলিং বা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দাবি করেছেন যে, বর্তমানে ৫০ মিটার জুড়ে ধসে পড়া অংশটি নির্মাণকাজ চলাকালীনও একবার ধসে পড়েছিল। তখনও যথাযথভাবে রোলিং না করায় পুনরায় একই স্থানে ধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঠিকাদার এবং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। প্রকৌশলী ক্যামেরার সামনে বক্তব্য দিতে ভয় পাচ্ছেন, তিনি বলছেন, ‘আমার সমস্যা হবে’।
স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সড়কটির নির্মাণ ব্যয় ছিল ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পেয়েছিল প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কাজটি করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর মাত্র সাত দিনের মাথায় সড়কের একটি অংশে প্রায় ৫০ মিটার জায়গাজুড়ে ধস দেখা দেয়। ধসে পড়া অংশে সড়কের পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, যদি সময়মতো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে। এর ফলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের সময় থেকেই বিভিন্ন স্থানে মাটি ভরাট ও সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পাশের খাল থেকে মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। কিন্তু খালের পাড় ও সড়কের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং করা হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে।
তাদের দাবি, যে অংশটি বর্তমানে ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, নির্মাণকাজ চলাকালীন ওই স্থানটিও একবার ধসে পড়েছিল। তখন সেখানে পাইলিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজটি স্থায়ীভাবে মেরামত করা হলে নতুন করে ধস নামার ঘটনা ঘটত না। কিন্তু তড়িঘড়ি করে কাজ শেষ করায় নির্মাণের এক সপ্তাহের মধ্যেই আবারও ধস নেমেছে বলে অভিযোগ করেছেন তারা।
তারা আরও জানান, সড়কটি সামন্তসার ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের কারণে এখন আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ফাটল ধরা অংশগুলো যেকোনো সময় ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ধসে পড়া অংশগুলো মেরামত, ফাটল ধরা স্থানগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সড়কের নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেছেন, ‘রাস্তা করার সময়েই এই জায়গায় ভাঙছিল। তখন তারা খালের পাশ থেকেই ভেকু দিয়ে মাটি নিয়ে এই জায়গায় দিয়েছে। তখন আমরা বলছিলাম এই মাটি দিলে আবারও ভাঙব, কিন্তু তারা আমাদের কথা শোনেনি। কোনোরকম বালু আর খোয়া দিয়ে কাজ করে পিচ দিয়ে গেল। এখন আবার ভাঙল। প্রথমবার ভাঙার পর যদি সঠিকভাবে কাজ করত, আজকে এমন হতো না।’
আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, ‘এক সপ্তাহ হয়নি রাস্তাটা ভেঙে পড়েছে। রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, কিন্তু করা হয়নি; তারপর আবার রাস্তার পাশ থেকেই মাটি কেটে রাস্তায় দিয়েছে, এজন্য মাটি ভেঙে পড়ে গেছে। রাস্তার পাশে যদি মাটি না থাকে, তাহলে রাস্তা কিভাবে থাকবে। আমরা চাই এই রাস্তাটি সঠিকভাবে মেরামত করা হোক।’
এ বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, ‘টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসে পড়েছে। যেহেতু এটি নির্মাণাধীন কাজ, আমরা এটি সমাধান করে দেব।’ স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয়রা কী বলল না বলল, এটা কোনো বিষয় না, তারা কাজের কী বুঝে।’
এদিকে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরায় কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপন ক্যামেরায় রেকর্ড করা বক্তব্যে তিনি বলেন, ‘আমি কোনো বক্তব্য দিতে পারব না, আমার সমস্যা হবে। আর আপনাদের কোনো বক্তব্য নেওয়া লাগবে না, আপনারা জিয়া ভাইয়ের সাথে কথা বললেই হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না শেখ হাসিনাসহ কোনো সন্ত্রাসীকে। তিনি স্পষ্ট করেছেন, এ বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।"
সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। ফলে, তাঁর দেশে ফেরার বিষয়টি স্বাভাবিক ভ্রমণপ্রক্রিয়ার মধ্যে সরকারের বিবেচনায় নেই।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলতে থাকে। গত ১৭ নভেম্বর, এই মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের জন্য ভারতের কাছে তাঁর প্রত্যর্পণের দাবি আরও জোরালো করেছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
এছাড়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। চুক্তির শর্ত অনুযায়ী, নির্দিষ্ট আইনি শর্ত পূরণ সাপেক্ষে এক দেশ অন্য দেশের কাছে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে এই চুক্তিই বাংলাদেশের অন্যতম প্রধান আইনি ভিত্তি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২১ নভেম্বর সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ প্রথমবারের মতো হানাদারমুক্ত হওয়ার ঐতিহাসিক দিনটি স্মরণ করে ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন করেছে যুক্তরাজ্যের লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে পতাকা উত্তোলন ও সমাবেশের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি শাহাদাত হোসাইন চৌধুরী ফেরদৌসের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি শেরওয়ান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমেদ।
তিনি জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবির প্রতি সংহতি জানিয়ে বলেন, "মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব।" তিনি আরও বলেন, "ঐতিহাসিক ঘটনাগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর স্বজন মুসসাক রহমান ওসমানী, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র আব্দুস শহীদ, প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আব্দুল মুকিত, আবু সালমান চৌধুরী ও সলিসিটর ইয়ার উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কামাল এম সি রহমান, ট্রেজারার কাজী মাওলানা ইমদাদুল হক, সাবেক ট্রেজারার গোলাম মুরতুজা চৌধুরী ইকবাল, এডুকেশন সেক্রেটারি ফজলে হাসান চৌধুরী একলিম, সহসভাপতি কাজী আব্দুর রহমান, মাওলানা এনামুল হক, মুহাম্মদ জয়েনুল আবেদীন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, সহসাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহট্রেজারার কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ, সহসাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসাইন, তারেকুর রহমান তুহিন, শাহেদ আহমেদ চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা বদরুর রহমান, নাঈম আহমেদ ও তাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ দেশের প্রথম হানাদারমুক্ত এলাকা হিসেবে মুক্ত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ ঐতিহাসিক ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁরা জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং ২১ নভেম্বরকে ‘প্রথম মুক্তাঞ্চল দিবস’ হিসেবে প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব। ঐতিহাসিক ঘটনাগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবিটি জাতীয় সংসদে উত্থাপন করায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের প্রতিও কৃতজ্ঞতা জানান তাঁরা।
উল্লেখ্য, জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি গত ৭ এপ্রিল জাতীয় সংসদের এক অধিবেশনে উত্থাপন করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তাঁর আমন্ত্রণে আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জকিগঞ্জ সফরের সম্ভাবনা রয়েছে।
এ সফরকে সামনে রেখে গত ২১ নভেম্বর সিলেট সার্কিট হাউসে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।
জানা গেছে, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর ২১ নভেম্বর লন্ডনে পতাকা উত্তোলন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নতুন দাম আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
যদিও সোনার দাম বৃদ্ধি পেয়েছে, তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি প্রদান করতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ