মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৬ পি.এম
আগামী মাসে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকা আটজন নতুন খেলোয়াড়কে নিয়ে দল ঘোষণা করেছে, যাদের মধ্যে কেউই আগে টেস্ট অভিষেক করেননি। এই ম্যাচটি চলতি গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া তাদের দুটি টেস্টের প্রথমটি। দলের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন লরা ওলভার্ট। অলরাউন্ডার মারিজান কাপ–ও দলে স্থান পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে ১০ উইকেট নেয়া একমাত্র খেলোয়াড় বাঁহাতি স্পিনার ননকুলুলেকো ম্লাবাও রয়েছেন দলে।
নতুন মুখদের মধ্যে ডলফিনস দলের ওপেনিং ব্যাটার আলেকজান্দ্রা ক্যান্ডলার অন্তর্ভুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ঘরোয়া একদিনের প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক। দলে আরও রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ওলুহলে সিয়ো, পেসার নথাবিসেং নিনি, ব্যাটার কেইটলিন উইনগার্ড এবং স্পিনার লুয়ান্ডা নুজা ও নন্দুমিসো শাঙ্গাসে। বাকি দুই নতুন খেলোয়াড় এলিজ-মারি মার্ক্স ও মিয়ানে স্মিট দক্ষিণ আফ্রিকার হয়ে বেশ কয়েকটি সাদা বলের ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দক্ষিণ আফ্রিকা দলে দুই উইকেটকিপার সিনালো জাফতা ও কারাবো মেসো অন্তর্ভুক্ত করা হয়েছে। জাফতা হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন, যা তাকে সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে বাধা দিয়েছিল। ধারণা করা হচ্ছে, জাফতার খেলার সময় ও চাপ ধীরে ধীরে বাড়ানো হবে এবং টেস্টের প্রথম একাদশে মেসো সুযোগ পেতে পারেন।
নারী ক্রিকেটে টেস্ট ম্যাচ খুবই বিরল; দক্ষিণ আফ্রিকা সর্বশেষ দুই বছর আগে টেস্ট খেলেছিল এবং ঘরোয়া পর্যায়ে দীর্ঘ ফরম্যাটের ম্যাচের অভাব থাকায় তারা এই গ্রীষ্মের প্রস্তুতির জন্য ইতিমধ্যে দুটি রেড-বল ক্যাম্প আয়োজন করেছে। দল নির্বাচনের প্রক্রিয়ায় নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতি ঝোঁক দেখা যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টেস্টে খেলা অ্যানেকে বশ, নাদিনে ডি ক্লার্ক, ক্লোয়ে ট্রায়ন, টুমি সেখুখুনে ও আয়ান্ডা হ্লুবি এবার দলে নেই।
ভারতের বিপক্ষে এটি দক্ষিণ আফ্রিকার চতুর্থ টেস্ট। আগের তিনটিতে তারা পরাজিত হয়েছে। মৌসুম শেষ হওয়ার আগে আগামী এপ্রিল মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলবে তারা।
ভারত দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে, যা ২০২৯ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। ওয়ানডে দলে অ্যানেকে বশ, তাজমিন ব্রিটস, ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা ও সেখুখুনেকে নিয়ে পরিচিত মুখদের রাখা হয়েছে। তবে ক্যান্ডলার ও উইনগার্ডের অভিষেক হতে পারে।
টি-টোয়েন্টি দলে নামিবিয়ার সাবেক অধিনায়ক ইয়াসমিন খান প্রথমবার ডাক পেয়েছেন। তিনি জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর এই সুযোগ পান। এছাড়া দলে রয়েছেন কায়লা রেইনেকে, ফায়ে টানিক্লিফ ও লেগ স্পিনার সেশনি নাইডু।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ডেন ভ্যান নিকার্ক ও শাবনিম ইসমাইল ভারতের সিরিজের কোনো দলে জায়গা পাননি। ভ্যান নিকার্ক ওই টুর্নামেন্টে একবার খেলেছিলেন, এরপর আর ক্রিকেট খেলেননি। অন্যদিকে ইসমাইল তার ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলছেন। তবে দুজনের কেউই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিস্টেম (SheSTEM) প্রকল্পটি তিন বছরে ২৯০ জন তরুণীর জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি করেছে। প্রকল্পটির বিভিন্ন কার্যক্রমে ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয়েছে, যাদের মধ্যে ৬০ শতাংশ নারী।
নেদারল্যান্ডস দূতাবাসের (ইকেএন) সহায়তায় পরিচালিত শিস্টেম কনসোর্টিয়ামের তিন বছর মেয়াদি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান রোববার রাজধানীর আমারি ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা প্রকল্পের অর্জন পর্যালোচনা করেন। এ সময় প্রকল্পে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশে স্টেম খাতে কর্মরত নারীদের হার মাত্র ১৪ শতাংশ। নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে ২০২৩ সালের নভেম্বরে শিস্টেম প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করে। এর অন্যান্য সদস্যরা হলো টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
প্রকল্পের আওতায় তিন বছরে দক্ষতা উন্নয়ন কোর্স, বিজনেস-টেক চ্যালেঞ্জ, রোল মডেল টক, শিল্প খাতের নেতাদের সঙ্গে সরাসরি মেন্টরশিপ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ও চাকরি মেলার আয়োজন করা হয়। পাশাপাশি জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক নিয়োগ নিশ্চিত করতে গবেষণা ও নীতি-অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কার্যক্রমে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত ছিল। এ ছাড়া বিএসআরএম ও ওয়ালটনের মতো নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রকল্পটি কাজ করেছে।
প্রকল্পের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীর ওপর জরিপের ভিত্তিতে তৈরি ‘শিস্টেম বিজনেস কেস রিপোর্ট’। এই রিপোর্টে স্টেম খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।
২০২৫ সালে শিল্প খাতের ২৭ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে মেন্টরশিপ কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচিতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান। এ ছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৮ জন ছাত্রী বিএসআরএমের কারখানায় প্রথম শিস্টেম-বিএসআরএম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করেন। কুয়েটে আয়োজিত ‘কেস ক্র্যাক ২.০’সহ বিভিন্ন বিজনেস-টেক চ্যালেঞ্জে ৩০০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লাইটক্যাসল পার্টনার্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম বলেন, ‘তিন বছর আগে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, মেধার কোনো জেন্ডার নেই। আজ আমরা সেই নারীদের উদ্যাপন করছি, যাঁরা তা প্রমাণ করেছেন। একই সঙ্গে তাঁদের জন্য সুযোগ তৈরি করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাদেরও সম্মান জানাচ্ছি।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভলার্ন কনসাল্টিংয়ের ম্যানেজিং পার্টনার। স্টেম খাতে নারীদের জন্য সমতাভিত্তিক সুযোগ তৈরির বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন এনএসইউ, এইউএসটি, এটুআই, বিএসআরএম ও ইউএনডিপির প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল। এ সময় মেন্টর, বিশ্ববিদ্যালয় ক্লাব, ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং বিএসআরএম, ওয়ালটন ও ক্রাইজোটেকসহ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানকে ‘শিস্টেম অ্যাওয়ার্ডস’ প্রদান করা হয়।
প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও এর মাধ্যমে গড়ে ওঠা অংশীদারত্ব, মেন্টর নেটওয়ার্ক ও কর্মসংস্থানের সুযোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, স্টেম খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মালয়েশিয়া নতুনভাবে ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য প্রকাশ করেছেন।
মালয়েশিয়ার পার্লামেন্টে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, এর পাঁচ দিন আগে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেয় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে।
তিনি জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর নৌবাহিনীর তিনটি জাহাজের মাধ্যমে ১ হাজার ৫০০ নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া, ডিসেম্বর মাসে মিয়ানমার সরকারের খরচে বিমানে করে আরও ৫ হাজার ৩০৩ জনকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।
ঐতিহাসিকভাবে, মালয়েশিয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। কিন্তু বর্তমানে বিপুলসংখ্যক শরণার্থীর উপস্থিতিতে দেশটি অসন্তোষ প্রকাশ করছে।
মালয়েশিয়ার দাবি, শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশটির জন্য আর্থিক বোঝা এবং নিরাপত্তা-ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। তবে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া কীভাবে হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। এই ঘটনার কারণে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন, যাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত রায় দেয় যে, মিয়ানমার কর্তৃপক্ষকে দেশের ভেতরে ও বিদেশে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ করে দিতে হবে।
গত মাসে, মালয়েশিয়া মিয়ানমারের সাবেক সামরিক জান্তা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দেয়। তবে মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগের সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে মিয়ানমার সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং প্রত্যাবাসিত শরণার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
আনোয়ার ইব্রাহিম বলেন, হ্লাইংয়ের সঙ্গে আলোচনা মালয়েশিয়ার জাতীয় স্বার্থ সুরক্ষার প্রচেষ্টার অংশ। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের রায়ের উদ্দেশ্য হলো, যারা নিপীড়নের শিকার হয়ে পালিয়ে গেছেন, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেন যে, দেশটিতে আশ্রয় নেওয়া অনেক শরণার্থীই মিয়ানমার সরকারের নৃশংসতার শিকার। তবে তিনি উল্লেখ করেন, শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যয় বহন করা মালয়েশিয়ার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের প্রত্যাশাও বাস্তবে কার্যকর হয়নি।
গত মাসের শেষের দিকে মালয়েশিয়া জানায়, সম্প্রতি মিয়ানমারে ফেরত পাঠানো শত শত অভিবাসীকে দেশটির সামরিক বাহিনীর হেফাজতে আটকে রাখার খবরের বিষয়ে তারা মিয়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চাইবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবসটি ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে ২৩ নভেম্বর সন্ধ্যায় প্যারিসের অভিজাত প্যারিস ১৬ টাউন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি) অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন এবং দেশের পাশাপাশি বিদেশে বাহিনীর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। এছাড়া, তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে ফ্রান্সসহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার জন্য উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। প্রতিরক্ষা উপদেষ্টা ভবিষ্যতে বন্ধুত্ব ও অগ্রগতির এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সশস্ত্র বাহিনী দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওতে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাহিনীর গঠন ও উন্নয়ন এবং দেশ ও বিদেশে বাহিনীর উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরা হয়। ভিডিওচিত্রে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার বিষয়টিও উল্লেখ করা হয়।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। তিনি মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়ে দেশমাতৃকার সেবা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২১শে নভেম্বর একটি বিশেষ গৌরবময় দিন।’
রাষ্ট্রদূত শহীদ ও সশস্ত্র বাহিনীর সাহসী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ফ্রান্সে জনমত গঠনে ভূমিকা রাখা ফরাসি লেখক, অভিযাত্রী, প্রতিরোধযোদ্ধা, রাজনীতিবিদ ও সংস্কৃতিমন্ত্রী আন্দ্রে মালরোর অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
বাংলাদেশে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদের নেতৃত্বে ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’-এ জীবন উৎসর্গকারীদের প্রতিও রাষ্ট্রদূত শ্রদ্ধা জানান। তিনি ওই আন্দোলন ও পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, আন্দোলনের সময় সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সব ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম, সুপ্রশিক্ষিত, সুসজ্জিত ও প্রযুক্তিগতভাবে উন্নত বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ফোর্সেস গোল ২০৩০’-এর অধীনে চলমান আধুনিকায়ন কর্মসূচির বিষয়েও রাষ্ট্রদূত আলোকপাত করেন।
শিক্ষার প্রসারে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও STEM শিক্ষার ওপর গুরুত্বারোপ, বাংলাদেশের জাতীয় ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর সংরক্ষণ, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং দেশের অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারে সশস্ত্র বাহিনীর অবদানের কথাও রাষ্ট্রদূত তুলে ধরেন।
অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিসহ ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক আমন্ত্রিত অতিথি অংশ নেন।
শেষপর্বে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানবপাচার (TIP) ও অভিবাসন বিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল এবং ভুক্তভোগীদের গল্প নৈতিকভাবে উপস্থাপনের ওপর দক্ষতা উন্নয়ন কর্মশালা সাতক্ষীরা ও খুলনার সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালাটি মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন-এ আয়োজন করা হয়, যা সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশানালের বাস্তবায়নে রূপান্তর দ্বারা পরিচালিত হয়।
রূপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর হাসান মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উইনরক এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নাজমুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন হক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, কারিতাসের প্রজেক্ট ম্যানেজার প্রভাস চন্দ্র বিশ্বাস, রূপান্তর এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল এবং মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু। খুলনা ও সাতক্ষীরার সাংবাদিকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় আশ্বাস প্রকল্পের সিটিআইপি অ্যাক্টিভিস্ট ও লিডার সারভাইভারগণ তাদের বক্তব্য প্রদান করেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে সারভাইভার-সংবেদনশীল রিপোর্টিং করার জন্য উপস্থিত সকল সাংবাদিকদের আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ