প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরের গোসাইরহাটে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে, যা মাত্র সাত দিন আগে ৭ কোটি টাকার বেশি ব্যয়ে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছিল। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসের শিকার হয়েছে এবং চারটি স্থানে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে, যেকোনো সময় ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি নিয়ে সড়কে ব্যবহার করা হয়েছে, কিন্তু সঠিকভাবে পাইলিং বা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দাবি করেছেন যে, বর্তমানে ৫০ মিটার জুড়ে ধসে পড়া অংশটি নির্মাণকাজ চলাকালীনও একবার ধসে পড়েছিল। তখনও যথাযথভাবে রোলিং না করায় পুনরায় একই স্থানে ধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঠিকাদার এবং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। প্রকৌশলী ক্যামেরার সামনে বক্তব্য দিতে ভয় পাচ্ছেন, তিনি বলছেন, ‘আমার সমস্যা হবে’।
স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সড়কটির নির্মাণ ব্যয় ছিল ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পেয়েছিল প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কাজটি করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর মাত্র সাত দিনের মাথায় সড়কের একটি অংশে প্রায় ৫০ মিটার জায়গাজুড়ে ধস দেখা দেয়। ধসে পড়া অংশে সড়কের পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, যদি সময়মতো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে। এর ফলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের সময় থেকেই বিভিন্ন স্থানে মাটি ভরাট ও সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পাশের খাল থেকে মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। কিন্তু খালের পাড় ও সড়কের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং করা হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে।
তাদের দাবি, যে অংশটি বর্তমানে ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, নির্মাণকাজ চলাকালীন ওই স্থানটিও একবার ধসে পড়েছিল। তখন সেখানে পাইলিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজটি স্থায়ীভাবে মেরামত করা হলে নতুন করে ধস নামার ঘটনা ঘটত না। কিন্তু তড়িঘড়ি করে কাজ শেষ করায় নির্মাণের এক সপ্তাহের মধ্যেই আবারও ধস নেমেছে বলে অভিযোগ করেছেন তারা।
তারা আরও জানান, সড়কটি সামন্তসার ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের কারণে এখন আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ফাটল ধরা অংশগুলো যেকোনো সময় ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ধসে পড়া অংশগুলো মেরামত, ফাটল ধরা স্থানগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সড়কের নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেছেন, ‘রাস্তা করার সময়েই এই জায়গায় ভাঙছিল। তখন তারা খালের পাশ থেকেই ভেকু দিয়ে মাটি নিয়ে এই জায়গায় দিয়েছে। তখন আমরা বলছিলাম এই মাটি দিলে আবারও ভাঙব, কিন্তু তারা আমাদের কথা শোনেনি। কোনোরকম বালু আর খোয়া দিয়ে কাজ করে পিচ দিয়ে গেল। এখন আবার ভাঙল। প্রথমবার ভাঙার পর যদি সঠিকভাবে কাজ করত, আজকে এমন হতো না।’
আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, ‘এক সপ্তাহ হয়নি রাস্তাটা ভেঙে পড়েছে। রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, কিন্তু করা হয়নি; তারপর আবার রাস্তার পাশ থেকেই মাটি কেটে রাস্তায় দিয়েছে, এজন্য মাটি ভেঙে পড়ে গেছে। রাস্তার পাশে যদি মাটি না থাকে, তাহলে রাস্তা কিভাবে থাকবে। আমরা চাই এই রাস্তাটি সঠিকভাবে মেরামত করা হোক।’
এ বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, ‘টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসে পড়েছে। যেহেতু এটি নির্মাণাধীন কাজ, আমরা এটি সমাধান করে দেব।’ স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয়রা কী বলল না বলল, এটা কোনো বিষয় না, তারা কাজের কী বুঝে।’
এদিকে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরায় কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপন ক্যামেরায় রেকর্ড করা বক্তব্যে তিনি বলেন, ‘আমি কোনো বক্তব্য দিতে পারব না, আমার সমস্যা হবে। আর আপনাদের কোনো বক্তব্য নেওয়া লাগবে না, আপনারা জিয়া ভাইয়ের সাথে কথা বললেই হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন