প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২১ নভেম্বর সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ প্রথমবারের মতো হানাদারমুক্ত হওয়ার ঐতিহাসিক দিনটি স্মরণ করে ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন করেছে যুক্তরাজ্যের লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে পতাকা উত্তোলন ও সমাবেশের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি শাহাদাত হোসাইন চৌধুরী ফেরদৌসের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি শেরওয়ান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমেদ।
তিনি জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবির প্রতি সংহতি জানিয়ে বলেন, "মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব।" তিনি আরও বলেন, "ঐতিহাসিক ঘটনাগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর স্বজন মুসসাক রহমান ওসমানী, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র আব্দুস শহীদ, প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আব্দুল মুকিত, আবু সালমান চৌধুরী ও সলিসিটর ইয়ার উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কামাল এম সি রহমান, ট্রেজারার কাজী মাওলানা ইমদাদুল হক, সাবেক ট্রেজারার গোলাম মুরতুজা চৌধুরী ইকবাল, এডুকেশন সেক্রেটারি ফজলে হাসান চৌধুরী একলিম, সহসভাপতি কাজী আব্দুর রহমান, মাওলানা এনামুল হক, মুহাম্মদ জয়েনুল আবেদীন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, সহসাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহট্রেজারার কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ, সহসাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসাইন, তারেকুর রহমান তুহিন, শাহেদ আহমেদ চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা বদরুর রহমান, নাঈম আহমেদ ও তাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ দেশের প্রথম হানাদারমুক্ত এলাকা হিসেবে মুক্ত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ ঐতিহাসিক ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁরা জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং ২১ নভেম্বরকে ‘প্রথম মুক্তাঞ্চল দিবস’ হিসেবে প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব। ঐতিহাসিক ঘটনাগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবিটি জাতীয় সংসদে উত্থাপন করায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের প্রতিও কৃতজ্ঞতা জানান তাঁরা।
উল্লেখ্য, জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি গত ৭ এপ্রিল জাতীয় সংসদের এক অধিবেশনে উত্থাপন করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তাঁর আমন্ত্রণে আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জকিগঞ্জ সফরের সম্ভাবনা রয়েছে।
এ সফরকে সামনে রেখে গত ২১ নভেম্বর সিলেট সার্কিট হাউসে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।
জানা গেছে, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর ২১ নভেম্বর লন্ডনে পতাকা উত্তোলন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন