মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৮ পি.এম
বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবসটি ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে ২৩ নভেম্বর সন্ধ্যায় প্যারিসের অভিজাত প্যারিস ১৬ টাউন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি) অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন এবং দেশের পাশাপাশি বিদেশে বাহিনীর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। এছাড়া, তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে ফ্রান্সসহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার জন্য উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। প্রতিরক্ষা উপদেষ্টা ভবিষ্যতে বন্ধুত্ব ও অগ্রগতির এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সশস্ত্র বাহিনী দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওতে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাহিনীর গঠন ও উন্নয়ন এবং দেশ ও বিদেশে বাহিনীর উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরা হয়। ভিডিওচিত্রে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার বিষয়টিও উল্লেখ করা হয়।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। তিনি মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়ে দেশমাতৃকার সেবা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২১শে নভেম্বর একটি বিশেষ গৌরবময় দিন।’
রাষ্ট্রদূত শহীদ ও সশস্ত্র বাহিনীর সাহসী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ফ্রান্সে জনমত গঠনে ভূমিকা রাখা ফরাসি লেখক, অভিযাত্রী, প্রতিরোধযোদ্ধা, রাজনীতিবিদ ও সংস্কৃতিমন্ত্রী আন্দ্রে মালরোর অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
বাংলাদেশে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদের নেতৃত্বে ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’-এ জীবন উৎসর্গকারীদের প্রতিও রাষ্ট্রদূত শ্রদ্ধা জানান। তিনি ওই আন্দোলন ও পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, আন্দোলনের সময় সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সব ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম, সুপ্রশিক্ষিত, সুসজ্জিত ও প্রযুক্তিগতভাবে উন্নত বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ফোর্সেস গোল ২০৩০’-এর অধীনে চলমান আধুনিকায়ন কর্মসূচির বিষয়েও রাষ্ট্রদূত আলোকপাত করেন।
শিক্ষার প্রসারে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও STEM শিক্ষার ওপর গুরুত্বারোপ, বাংলাদেশের জাতীয় ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর সংরক্ষণ, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং দেশের অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারে সশস্ত্র বাহিনীর অবদানের কথাও রাষ্ট্রদূত তুলে ধরেন।
অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিসহ ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক আমন্ত্রিত অতিথি অংশ নেন।
শেষপর্বে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানবপাচার (TIP) ও অভিবাসন বিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল এবং ভুক্তভোগীদের গল্প নৈতিকভাবে উপস্থাপনের ওপর দক্ষতা উন্নয়ন কর্মশালা সাতক্ষীরা ও খুলনার সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালাটি মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন-এ আয়োজন করা হয়, যা সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশানালের বাস্তবায়নে রূপান্তর দ্বারা পরিচালিত হয়।
রূপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর হাসান মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উইনরক এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নাজমুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন হক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, কারিতাসের প্রজেক্ট ম্যানেজার প্রভাস চন্দ্র বিশ্বাস, রূপান্তর এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল এবং মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু। খুলনা ও সাতক্ষীরার সাংবাদিকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় আশ্বাস প্রকল্পের সিটিআইপি অ্যাক্টিভিস্ট ও লিডার সারভাইভারগণ তাদের বক্তব্য প্রদান করেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে সারভাইভার-সংবেদনশীল রিপোর্টিং করার জন্য উপস্থিত সকল সাংবাদিকদের আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৪৫ জন রোগী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা ৫২৪ জনে পৌঁছেছে। অন্যদিকে, মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে ৪১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, চট্টগ্রামে ১৭৩ জন, খুলনায় ১৪১ জন, বরিশালে ১৩৫ জন, রাজশাহীতে ১৩১ জন, ময়মনসিংহে ৮৫ জন এবং রংপুরে ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, গত বছর মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের ওপর হামলা চালিয়ে সহযোগীরা প্রধান আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে। এ ঘটনার সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাঁড়ির সদস্যদের দ্বারা এই অভিযান পরিচালিত হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাটিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বোরহান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান শুরু করে। অভিযানে মাদক কারবারি ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন রুবেলকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে আরাফাত হোসেন রুবেল হাতকড়াসহ পালিয়ে যায়।
হামলাকারীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ভয়ভীতি প্রদর্শন করে এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করে। এতে দুই কর্মকর্তাসহ তিন কনস্টেবল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। আহত পাঁচ পুলিশ সদস্য সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন রুবেল, রতন, ওমর ও আশরাফুলসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। পেনাল কোডের ৪৩, ৩৪২, ১৮৬, ২২৫, ৩৩২, ৩৫৩ ও ৫০৬ ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি নথিভুক্ত করা হয়। এজাহারনামীয় ১ থেকে ৫ নম্বর আসামিকে গ্রেফতার করে থানায় নেয়া হয়েছে এবং অন্য আসামিরা কৌশলে পালিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক মিছিলে চমক দেখিয়েছেন। তার নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রী মাঠের দিকে ছুটে গেছেন। আজ বিকেলে সেখানে অনুষ্ঠিত হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল।
দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে জড়ো হয়েছেন। মন্ত্রী আরিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নিতে বিকেল ৩ টায় আলীয়া মাদ্রাসা ময়দানে দলে দলে নেতাকর্মীরা জড়ো হন। তার উপস্থিতির পর নেতাকর্মীরা নৈরাজ্য বিরোধী স্লোগান দিতে দিতে রেজিস্ট্রি মাঠের দিকে রওয়ানা হন। নেতৃত্বে রয়েছেন আরিফুল হক চৌধুরী।
এ সময় নগরবাসী তাকে হাত নেড়ে সমর্থন জানান। পূর্ব নির্ধারিত এই বিক্ষোভ মিছিল ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। গত ২২ নভেম্বর, এই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিয়ে এক সভায় মিলিত হন মন্ত্রী। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিএনপি সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ