মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৩২ পি.এম
এক সময় গায়ের রং শ্যামলা হওয়ার কারণে নানা ধরনের কটূক্তির শিকার হতে হয়েছে। কেউ বলেছেন, তিনি সুন্দর নন; আবার কেউ কুৎসিত ও মোটা বলেও বিদ্রূপ করেছেন। এই সমস্ত অপমান এবং আত্মবিশ্বাসের সংকটকে পেছনে ফেলে সামিরা খান মাহি বর্তমানে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি চান, নিজের এই পথচলার মাধ্যমে বিশ্বের নারীদের আত্মবিশ্বাসী হওয়ার এবং স্বপ্নপূরণের সাহস জোগাতে।
মাহি বলেন, ‘সারা জীবন মানুষ আমার গায়ের রং নিয়ে উপহাস করেছে। বলেছে, আমি সুন্দর নই। আমাকে কুৎসিত ও মোটা বলেও বিদ্রূপ করেছে। এসব বাধা পেরিয়ে এসেছি। আমি চাই, বিশ্বের নারীরা নিজেদের ওপর বিশ্বাস রাখুক এবং প্রমাণ করুক, তাঁরাও যেকোনো কিছু অর্জন করতে পারেন।’
সিলেটের একটি ছোট শহর থেকে উঠে আসা মাহির জন্য বাংলাদেশের গণমাধ্যমে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট থেকে এসে বাংলাদেশের গণমাধ্যমে কাজ করা সত্যিই কঠিন। নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করা সহজ ছিল না। তবে আন্তর্জাতিক এই মঞ্চে আসার পর বুঝতে পারছি, কতটা পথ পেরিয়ে এসেছি।’
মিস ইউনিভার্সের মঞ্চে মাহিকে কিছু সীমাবদ্ধতার কারণে অস্বস্তিতে পড়তে হয়েছে। তাঁর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অধিকাংশের উচ্চতা প্রায় ৬ ফুট। তাঁদের মধ্যে অনেকের গায়ের রংও ফর্সা। তবে তিনি অন্যদের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের স্বতন্ত্র পরিচয়কে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। মাহির ভাষায়, ‘তাঁদের সঙ্গে নিজেকে তুলনা করলে নিজের প্রতিই অসম্মান করা হবে। আমি যেমন, সেটাই আমার পরিচয়। আমার যা আছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে।’
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাহির যাত্রা ছিল নাটকীয়। পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়ার মাত্র চার দিন আগে তাঁকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়। ফলে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি তিনি। মাহি বলেন, ‘মহড়া দেওয়ার মতো সময়ই পাইনি। মুকুট জয়ের পরপরই আমাকে যাত্রা করতে হয়েছে। এখানে পৌঁছাতে প্রায় ৩০ ঘণ্টা লেগেছে।’
দেরিতে পৌঁছানোর কারণে প্রতিযোগিতার বেশ কয়েকটি আয়োজনেও অংশ নিতে পারেননি তিনি। তবে সেখানে পৌঁছানোর পর দর্শক ও আয়োজকদের ভালোবাসা তাঁর অভিজ্ঞতাকে স্মরণীয় করে রেখেছে। মাহি বলেন, ‘এখানকার মানুষ আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। অনেক আলোকচিত্রী ছিলেন। তাঁরা বাংলাদেশ, বাংলাদেশ বলে চিৎকার করছিলেন।’
সান হুয়ানের প্রচণ্ড গরম এবং একের পর এক আয়োজনের ব্যস্ততায় প্রতিযোগীদের বিশ্রামের সুযোগও কম। চুল ও সাজসজ্জার দায়িত্ব নিজেদেরই সামলাতে হচ্ছে। পাশাপাশি আলোকচিত্রের আয়োজন, দাতব্য কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় নিজেদের লাগেজও বহন করতে হচ্ছে।
প্রতিযোগিতার একটি আয়োজনে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান প্রতিযোগীরা। শিশুদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য নিলামের আয়োজন করা হয়। এতে প্রত্যেক প্রতিযোগী নিজ দেশের একটি উপহার নিয়ে আসেন। বাংলাদেশের হয়ে মাহি বেছে নেন হাতে তৈরি গয়নার একটি সেট। কানের দুল, আংটি ও লকেটের এই সেটে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নকশা।
এদিকে, মিস ইউনিভার্সে মাহির জাতীয় পোশাকও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পোশাকটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। পোশাকটির বিশেষ আকর্ষণ মাথার ওপরের বিশাল অলংকরণ। সেখানে হাতির দাঁতের রঙের আদলে তৈরি কিছু অবয়বে দেখা যায়, মায়েরা সন্তানকে কোলে ধরে আছেন। চারপাশে রয়েছে ছোট ছোট অবয়ব ও লাল ফুলের নকশা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলার আদলে তৈরি বড় সবুজ ও সাদা পাপড়ি পুরো কাঠামোটিকে ঘিরে রেখেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার লাল রঙের বৃত্তাকার নকশা।
জাতীয় পোশাকটির শাড়ি তৈরি হয়েছে খাদি কাপড় দিয়ে। শাড়ির পাড়ে রয়েছে লাল সুতির ভাঁজ করা নকশা, ব্লকপ্রিন্ট এবং প্যাঁচানো নকশায় ফুটিয়ে তোলা শাপলার কারুকাজ। পোশাকটি তৈরি করেছেন বিশ্বজিৎ মজুমদার ও তাঁর দল। গয়না সরবরাহ করেছে ক্যানভাস।
তবে প্রতিযোগিতার জন্য পোশাকটি প্রস্তুত করা ছিল বেশ চ্যালেঞ্জের। ৮ নভেম্বর পুয়ের্তো রিকোয় পৌঁছালেও মাহির জাতীয় পোশাকটি তাঁর হাতে আসে ২২ নভেম্বর, যেদিন ছিল জাতীয় পোশাক প্রদর্শনের আয়োজন। কাঠের তৈরি বিশাল মাথার অলংকরণটি একসঙ্গে পাঠানো সম্ভব না হওয়ায় আটটি আলাদা অংশে পাঠানো হয়েছিল।
মাহি বলেন, ‘ব্যাকস্টেজে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই স্ক্রু ড্রাইভার দিয়ে নিজেকেই সবকিছু জোড়া লাগাতে হয়েছে। এতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।’
ভারী অলংকরণটির কারণে হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল তাঁর। মঞ্চে ওঠার মাত্র তিন মিনিট আগে এর একটি পাশের অংশ খুলে পড়ে। মাহি বলেন, ‘হাঁটার সময় আমাকে সেটি ধরে রাখতে হয়েছিল।’
শেষ মুহূর্তের এই বিপত্তি সত্ত্বেও পোশাকটির পেছনের গল্প দর্শকদের কাছে তুলে ধরতে পেরে খুশি মাহি। তাঁর পোশাকের মূল ভাবনা মাতৃত্বের চক্র। একজন মা সন্তানকে গর্ভে ধারণ করেন, কন্যাসন্তানের জন্ম দেন, তাকে বড় করেন ও শিক্ষিত করে তোলেন। একসময় সেই মেয়েই মায়ের বয়স হলে তাঁর যত্ন নেয়।
মাহি বলেন, ‘পোশাকটির গল্প জানার পর অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। বেশির ভাগ মানুষ কেঁদেছেন। তাঁরা আমার সঙ্গে ছবিও তুলেছেন এবং বলেছেন, পোশাকটির ভাবনা খুব অর্থবহ। ধারণাটি তাঁদের ভালো লেগেছে।’
সাঁতারের পোশাক পর্বে বিকিনির পরিবর্তে বুরকিনি বেছে নিয়েছেন মাহি। নিজের সাংস্কৃতিক পরিচয় ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাহির ভাষায়, ‘আমি বুরকিনি পরতে চেয়েছি, কারণ এটি আমার বাংলাদেশি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এতে আমি আত্মবিশ্বাসী বোধ করেছি। গর্ব নিয়েই মঞ্চে হেঁটেছি।’
সান্ধ্য পোশাক পর্বে তাঁর পরনে ছিল ধাতব রুপালি, উষ্ণ ন্যুড ও সাদা রঙের ভিয়েতনামি গাউন। প্রতিযোগিতার প্রস্তুতির জন্য হাতে সময় কম থাকায় পোশাক সংগ্রহ করতে তাঁর দলকে থাইল্যান্ডেও যেতে হয়েছিল।
তবে মাহির কাছে সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি ছিল বিশাল দর্শকপূর্ণ স্টেডিয়ামে নিজের পরিচয় দেওয়ার সময় বাংলাদেশের নাম ঘোষণা করা। তিনি বলেন, ‘সেই বিশাল স্টেডিয়ামে কয়েক হাজার নয়, কয়েক দশ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের সামনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।’
প্রতিযোগিতার অনলাইন ভোটেও বাংলাদেশের অবস্থান নিয়ে আশাবাদী মাহি। তাঁর ভাষ্য, ভোটের তালিকায় বাংলাদেশ কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় অবস্থানে রয়েছে। ভোটের সময় শেষ হওয়ার আগে দেশের মানুষের আরও বেশি অংশগ্রহণ চান তিনি। মাহি বলেন, ‘এত মানুষ আমাকে সমর্থন করছেন দেখে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। ভোট দেওয়ার জন্য এখনো এক দিন সময় আছে। আমি চাই, আরও বেশি মানুষ ভোট দিন, যাতে আমরা প্রথম স্থানে পৌঁছাতে পারি।’
মিস ইউনিভার্সের প্রচলিত প্রতিযোগিতার বাইরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছেন মাহি। সেটি জলবায়ু পরিবর্তন ও এর ফলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর তৈরি হওয়া সংকট। বিশেষ করে বন্যার বিষয়টি তাঁর প্রচারণার কেন্দ্রে রয়েছে। সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের বন্যাকবলিত মানুষের দুর্ভোগকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তিনি।
মাহি জানান, ২০২২ সাল থেকেই বন্যা নিয়ে বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বন্যাদুর্গত মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই তাঁকে বিষয়টি মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে অনুপ্রাণিত করেছে।
নিজের এই পথচলায় দেশের মানুষের সমর্থন ও ভালোবাসার ওপর ভরসা রাখছেন সামিরা খান মাহি। শেষ কথায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা জিপগাড়ির চাকা মেরামত করার সময় লরির (লং ভেহিকেল) ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি সোমবার (২৩ নভেম্বর) রাতে ঘটেছে, যখন ওয়াজেদ আলী মধুপুর রাস্তার মাথায় লালপোল বাজারসংলগ্ন মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ির চাকা মেরামত করছিলেন।
নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার পশ্চিম খিলবাড়ির টেক এলাকার জামাল আলী ও সাজু বিবি দম্পতির পুত্র।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকামুখী একটি জিপগাড়ির চাকা পাংচার হয়ে যায়। ওয়াজেদ আলী গাড়িটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে চাকা মেরামত করার সময়, পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি দাঁড়িয়ে থাকা জিপগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় ওয়াজেদ আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর লং ভেহিকেলের চালক পালিয়ে যায়।
মহিপাল হাইওয়ে থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে রেকারের মাধ্যমে থানায় নিয়ে আসা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. নুরুল আফছার জানিয়েছেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং লরির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : জার্মানির পশ্চিমাঞ্চলে গ্যাস লিকের কারণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছে দুজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু। সোমবার পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।
এটি ঘটে সীমান্তবর্তী কেল শহরের একটি ফ্ল্যাটে, যা ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের বিপরীতে রাইন নদীর ওপারে অবস্থিত।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
নিকটবর্তী শহর অফেনবুর্গের পুলিশ জানায়, ফ্ল্যাটটি একটি পরিবারের, যাদের মধ্যে কয়েকটি শিশুসন্তানও রয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুরা স্কুলে অনুপস্থিত থাকায় ঘটনার বিষয়টি জানা যায়। পরে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
আঞ্চলিক সংবাদপত্র বাদিশে জাইটুংয়ের দমকল বিভাগের কর্মকর্তা ভিক্টর লিয়ারের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনাস্থলে কার্বন মনোক্সাইডের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
জরুরি বিভাগের কর্মীরা ভবনটির অন্যান্য ফ্ল্যাটগুলোও পরীক্ষা করেন। পুলিশ নিশ্চিত করেছে যে, সেখানে বর্তমানে আর কোনো বিপদের আশঙ্কা নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার প্রবেশপথ আব্দুল্লাহপুরের সঙ্গে গাজীপুরের টঙ্গীকে সংযুক্ত করেছে তুরাগ নদ। নদীর এক পাশে অবস্থিত ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা, উত্তরখানসহ বিভিন্ন এলাকা। অপরদিকে শিল্পনগরী টঙ্গী। এই অঞ্চলে তুরাগ নদ ঘিরে বর্তমানে মাদকের একটি বড় বাজার গড়ে উঠেছে।
পুলিশ এবং সংশ্লিষ্ট এলাকার কয়েকজন সাধারণ বাসিন্দার সঙ্গে আলোচনা করে জানা যায়, টঙ্গী এবং উত্তরা অঞ্চলে পাইকারি মাদক কারবার চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ঢাকার উত্তরা অঞ্চলে অভিযান চালায়, তখন মাদক কারবারিরা নদী পার হয়ে টঙ্গীতে চলে যায়। আবার টঙ্গীতে অভিযান চালালে তারা উত্তরায় চলে যায়। তবে টঙ্গীতেই মাদকের বড় বাজার গড়ে উঠেছে, যা দেশের বিভিন্ন স্থানে মাদকের জোগানদাতা হিসেবে কাজ করছে।
সূত্র জানায়, পর্যাপ্ত সরকারি পতিত জমি থাকায় শ্রমিক অধ্যুষিত টঙ্গীতে ১৯টি বস্তি গড়ে উঠেছে। এসব বস্তির অধিকাংশ বাসিন্দা মাদক কারবারি, খুন, ছিনতাই ও চুরি-ডাকাতির মতো অপরাধের সঙ্গে জড়িত। দারিদ্র্য সীমার নিচে অবস্থান করায় এসব অপরাধীদের দিয়ে কম খরচে বড় বড় অপরাধ সংঘটন করানো সম্ভব হচ্ছে।
এছাড়া, এসব বস্তিতে দুই ধরনের অপরাধী গ্রুপ সক্রিয় রয়েছে। কিছুটা বেশি বয়সীরা সাধারণ অপরাধ সংঘটন করে থাকে, আর কিশোর বয়সীরা কিশোর গ্যাং গঠন করে দল বেঁধে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিলসহ নানা কাজে এদের সহজেই ব্যবহার করা হয়ে থাকে।
রাজনীতি করেন এমন কয়েকজনের বক্তব্য অনুযায়ী, যে দল ক্ষমতায় থাকে, মাদক কারবারিরা সেই দলের হয়ে যায়। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বার বার অভিযান চালিয়েও কাঙ্খিত সুফল পায় না। সুফল পাওয়ার সম্ভাবনা কম থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও এসব অপরাধে জড়িয়ে পড়ছেন।
টঙ্গী শিল্প এলাকায় অবস্থিত ১৯টি বস্তিতে পাঁচ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে, যাদের শতকরা ৮০ ভাগেরও বেশি বহিরাগত এবং বেকার। দারিদ্র্য সীমার নিচে বসবাস করা এসব মানুষ সহজেই অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক মহাসড়কের কয়েকজন ভাসমান দোকানি জানান, বস্তি ছাড়াও মহাসড়ক, আঞ্চলিক সড়ক, বিভিন্ন শাখা সড়ক এমনকি ফ্লাইওভারের ওপরে ও নিচে প্রকাশ্যে মাদক কারবার ও ছিনতাই চলছে অহরহ। বড় নেতাদের হয়ে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত হয় তারা।
গোয়েন্দাসহ একাধিক সরকারি সংস্থা সূত্রে জানা যায়, টঙ্গীর ১৯ বস্তিতেই মাদকের পাইকারি বাজার রয়েছে। দুই শতাধিক পাইকারি মাদক কারবারি এসব বস্তিতে সক্রিয়। এর মধ্যে ৫০ জনের বেশি মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে মাদক সরবরাহ করেন। এই ৫০ জনের দেখভাল করার জন্য ১০ জনের বেশি রয়েছে শীর্ষ কারবারি। তাদের মতে, সরকার পরিবর্তন হলে শীর্ষ কারবারি পরিবর্তন হয়, তবে সংখ্যায় তেমন পরিবর্তন হয় না। ফলে সব সময়ই এরা সরকারি দলের ছত্রছায়ায় থেকে অপরাধ সংঘটন করে যাচ্ছে।
সূত্রের তথ্য অনুযায়ী, এসব বস্তিতে বেড়ে ওঠা কিশোরদের নিয়ে গঠিত গ্রুপের সংখ্যা ৫০-এর বেশি। প্রত্যেক গ্রুপে ১০ থেকে ২৫ জন কিশোর সদস্য রয়েছে। এই কিশোর গ্যাং প্রকাশ্যেই তাদের মহড়া দেয়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, টঙ্গী বাজার, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, সাতাইশ, গাজীপুরা, এরশাদ নগর, টঙ্গীর পাগার, মিরাশপাড়া, কেরানির টেক, রেলস্টেশন, মরকুন কবরস্থান, মরকুন গোদারা ঘাট, বনমালা, দত্তপাড়া, মোক্তারবাড়ি রোড, গুটিয়াসহ টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মহড়া চলে কিশোর গ্যাংয়ের। সাধারণ মানুষ মহড়া দেখলেও কারো কিছু বলার সাহস নেই।
টঙ্গী স্টেশন রোডের একজন ফল ব্যবসায়ী জানান, সড়কের দুই পাশে ফুটপাতে ও ফ্লাইওভারের নিচে মাদক সেবন করছে। প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি হচ্ছে। মাদক সেবন করতে করতে মাঝে মাঝে রাস্তার পাশে মাদকসেবী মারাও যায়। কিন্তু এসবের প্রতিবাদ করার সাহস নেই আমাদের।
পুলিশ সূত্রে পাওয়া সাম্প্রতিক সময়ের অপরাধ চিত্র বলছে, তুরাগ নদী থেকে লাশ উদ্ধার হওয়া বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তার মৃত্যু ঘিরে টঙ্গীর মাজার বস্তির মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর আগে গত কয়েক বছরে টঙ্গীতে মাদক ও ছিনতাইয়ের শিকার হয়ে খুন হয়েছেন একাধিক ব্যক্তি। এদের মধ্যে ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রসহ নানা শ্রেণি পেশার মানুষ রয়েছেন।
মাদক কারবারের প্রভাব বিস্তার ও মাদকের টাকা ভাগাভাগি নিয়েও একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব অপরাধ দমনে পুলিশ অভিযানও চালাচ্ছে, আবার অপরাধ কর্মকাণ্ডও চলছে সমান তালে। তবে পুলিশের অভিযানে বড় ধরনের কোনো কারবারি গ্রেপ্তার হয়নি এখনো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাদকের মামলা হয় ১৩৭৬টি। এর মধ্যে মাদক কারবারির সংখ্যা ১৪৯৬ জন ও মাদকসেবী ১০৬৬ জন। এই সময়ের মধ্যে ২০টি ছিনতাই মামলায় গ্রেপ্তার হয় ৬৯ জন। ১৩টি ডাকাতি মামলায় ২৯ জন গ্রেপ্তার হয়।
এছাড়া ১০৪টি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হয়েছে ৪৮৬ জন এবং ১৩৭টি অস্ত্র মামলায় গ্রেপ্তার ৫৮১ জন।
জিএমপির উল্লিখিত অপরাধ চিত্র তুলে ধরে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, টঙ্গীর মাজার বস্তির মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেরানির টেকসহ কয়েকটি বস্তিতে অভিযান চালিয়ে অসংখ্য মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত কমিশনারের দাবি, টঙ্গীতে এখন আগের তুলনায় অপরাধ অনেকটা কমে এসেছে। তাদের অভিযান নিয়মিত চলছে। আশা করা হচ্ছে টঙ্গী অপরাধমুক্ত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটোর, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলার একমাত্র ঔষধি গ্রামের চাষীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আজ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার কর্মশালার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক উদ্বোধনী বক্তব্যে উল্লেখ করেন, নাটোরের লক্ষীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নে দেশের সর্বাধিক পরিমাণে ভেষজ উদ্ভিদ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত এসব ভেষজ ওষুধ, প্রসাধনী এবং খাদ্যসামগ্রী তৈরিতে ব্যবহৃত হচ্ছে। প্রশাসন ও কৃষি বিভাগ অপার সম্ভাবনাময় ভেষজ উৎপাদনের পরিধি বৃদ্ধি, বিপণন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ উৎপাদন এবং উৎপাদিত ভেষজের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কাজ করে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন। দিনব্যাপী কর্মশালায় ৫০ জন কৃষাণ ও কৃষাণী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ কর্মশালায় দেশের অর্থনীতিতে ঔষধি উদ্ভিদ চাষের গুরুত্ব, নিরাপদ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল, এসএমই ঋণ, ই-কমার্স, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, সমবায় সমিতি গঠন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ঔষধ ও কসমেটিকস্ আইন, নিরাপদ খাদ্য আইন, ভ্রাম্যমাণ আদালত ইত্যাদি বিষয়ক সেশন পরিচালনা করা হচ্ছে।
এটি উল্লেখযোগ্য যে, নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে পরিচিত। এখানে বছরে ছয়শ’ কোটি টাকা মূল্যমানের প্রায় সাড়ে আঠারো হাজার টন এ্যালোভেরা উৎপাদন হচ্ছে। প্রায় দুই হাজার টন করে শিমুল মূল, অশ্বগন্ধাসহ বিভিন্ন প্রজাতির উৎপাদিত মোট ভেষজের বাৎসরিক বাজার মূল্য অন্তত এক হাজার কোটি টাকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ