ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেখ হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


শেখ হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না শেখ হাসিনাসহ কোনো সন্ত্রাসীকে। তিনি স্পষ্ট করেছেন, এ বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।"

সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। ফলে, তাঁর দেশে ফেরার বিষয়টি স্বাভাবিক ভ্রমণপ্রক্রিয়ার মধ্যে সরকারের বিবেচনায় নেই।

আরও পড়ুন: মেজর জেনারেল জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলতে থাকে। গত ১৭ নভেম্বর, এই মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের জন্য ভারতের কাছে তাঁর প্রত্যর্পণের দাবি আরও জোরালো করেছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

এছাড়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। চুক্তির শর্ত অনুযায়ী, নির্দিষ্ট আইনি শর্ত পূরণ সাপেক্ষে এক দেশ অন্য দেশের কাছে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে এই চুক্তিই বাংলাদেশের অন্যতম প্রধান আইনি ভিত্তি।

আরও পড়ুন: ভিয়েতনামকে বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রেসিডেন্টের

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ এম


লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ উদযাপন

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২১ নভেম্বর সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ প্রথমবারের মতো হানাদারমুক্ত হওয়ার ঐতিহাসিক দিনটি স্মরণ করে ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন করেছে যুক্তরাজ্যের লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে পতাকা উত্তোলন ও সমাবেশের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি শাহাদাত হোসাইন চৌধুরী ফেরদৌসের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি শেরওয়ান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমেদ।

তিনি জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবির প্রতি সংহতি জানিয়ে বলেন, "মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব।" তিনি আরও বলেন, "ঐতিহাসিক ঘটনাগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর স্বজন মুসসাক রহমান ওসমানী, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র আব্দুস শহীদ, প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আব্দুল মুকিত, আবু সালমান চৌধুরী ও সলিসিটর ইয়ার উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কামাল এম সি রহমান, ট্রেজারার কাজী মাওলানা ইমদাদুল হক, সাবেক ট্রেজারার গোলাম মুরতুজা চৌধুরী ইকবাল, এডুকেশন সেক্রেটারি ফজলে হাসান চৌধুরী একলিম, সহসভাপতি কাজী আব্দুর রহমান, মাওলানা এনামুল হক, মুহাম্মদ জয়েনুল আবেদীন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, সহসাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহট্রেজারার কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ, সহসাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসাইন, তারেকুর রহমান তুহিন, শাহেদ আহমেদ চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা বদরুর রহমান, নাঈম আহমেদ ও তাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ দেশের প্রথম হানাদারমুক্ত এলাকা হিসেবে মুক্ত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ ঐতিহাসিক ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁরা জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং ২১ নভেম্বরকে ‘প্রথম মুক্তাঞ্চল দিবস’ হিসেবে প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব। ঐতিহাসিক ঘটনাগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবিটি জাতীয় সংসদে উত্থাপন করায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের প্রতিও কৃতজ্ঞতা জানান তাঁরা।

উল্লেখ্য, জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি গত ৭ এপ্রিল জাতীয় সংসদের এক অধিবেশনে উত্থাপন করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তাঁর আমন্ত্রণে আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জকিগঞ্জ সফরের সম্ভাবনা রয়েছে।

এ সফরকে সামনে রেখে গত ২১ নভেম্বর সিলেট সার্কিট হাউসে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

জানা গেছে, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর ২১ নভেম্বর লন্ডনে পতাকা উত্তোলন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ২ হাজার টাকা প্রতি ভরি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ২ হাজার টাকা প্রতি ভরি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নতুন দাম আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

যদিও সোনার দাম বৃদ্ধি পেয়েছে, তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি প্রদান করতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে জলবায়ু ও অর্থনৈতিক ঝুঁকি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে জলবায়ু ও অর্থনৈতিক ঝুঁকি বাড়ছে

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও অর্থনৈতিক ঝুঁকি দেখা দিচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে তীব্র খরা, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রায় রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কা তৈরি হয়েছে।

এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার স্বাভাবিক ধরন পরিবর্তিত হয়। মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এল নিনোর প্রভাব চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌঁছাতে পারে এবং আগামী বছরের মে মাস পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) আধুনিক রেকর্ডে এটিকে সবচেয়ে শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা কিছুটা কম বলে উল্লেখ করেছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে খরা পরিস্থিতি দেখা দিয়েছে। এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কমে যাওয়ায় ফিজি ও টোঙ্গায় তীব্র খরা দেখা দিয়েছে। সাধারণত এসব দ্বীপে নিয়মিত বৃষ্টিপাতের কারণে চারপাশ সবুজ ও সজীব থাকে। কিন্তু এবার দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে।

ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “ফিজির বিভিন্ন এলাকার পরিবারগুলো পানির প্রাপ্যতা এবং দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণে দৈনন্দিন জীবনে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বিগ্ন।”

দেশটির সরকার পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেয়েছে। এর আওতায় পানির ব্যবহার সীমিত করা, প্রয়োজন হলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় সরকারি তহবিল পুনর্বণ্টন করা যাবে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পানির সংকটে থাকা গ্রামগুলোতে নতুন করে পানি সরবরাহ করতে ইতোমধ্যে বিপুলসংখ্যক পানিবাহী ট্রাক পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে বুধবার অস্বাভাবিক উচ্চতার জোয়ারের আশঙ্কা করা হচ্ছে। এতে শহরের বিভিন্ন এলাকা এবং বিমানবন্দর প্লাবিত হতে পারে। একই দিন থেকে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিও শুরু হচ্ছে।

এবারের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কয়েকটি কারণে। বছরের সবচেয়ে উচ্চ জোয়ারের প্রাকৃতিক পরিস্থিতি, একটি আসন্ন ঝড় এবং এল নিনোর প্রভাব—সব মিলিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের পানি উষ্ণ হয়ে প্রসারিত হচ্ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির তাপীয় প্রসারণ যুক্ত হয়ে জোয়ারের উচ্চতা আরও বাড়িয়ে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডায়াল হোয়াং এএফপিকে বলেন, ‘বছরের এই সময় সূর্য, পৃথিবী ও চাঁদ কার্যত একই সরলরেখায় অবস্থান করে। এর ফলে বছরের সবচেয়ে উঁচু জোয়ার সৃষ্টি হয়।’

উপকূলীয় এলাকায় প্রায় ২ দশমিক ৭৫ ফুট বা ০ দশমিক ৮ মিটার পর্যন্ত পানি উঠে প্লাবনের আশঙ্কা রয়েছে। জোয়ারের উচ্চতা ১৯৮৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর পরবর্তী অতি উচ্চ জোয়ার বা ‘কিং টাইডস’ দেখা যেতে পারে ডিসেম্বরের শেষ দিকে এবং আগামী জানুয়ারির শেষ দিকে।

এল নিনোর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে খাদ্যপণ্য ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জেনারেলি অ্যাসেট ম্যানেজমেন্টের অর্থনীতিবিদ পাওলো জাংঘিয়েরি এএফপিকে বলেন, ‘সাধারণভাবে বলতে গেলে, এটি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক ধাক্কা।’

কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য এবং জলবিদ্যুৎ উৎপাদন—এই তিনটি খাত সবচেয়ে দ্রুত এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

অক্সফোর্ড ইকোনমিকসের হিসাব অনুযায়ী, বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী এল নিনো যদি অত্যন্ত শক্তিশালী হয়, তাহলে আগামী বছর বিশ্বের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ০ দশমিক ৬ শতাংশ কমে যেতে পারে। ২০২৮ সালে তা আরও ০ দশমিক ৮ শতাংশ কমার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞানীরা কী বলছেন?

যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, এল নিনো ক্রমেই শক্তিশালী হচ্ছে। তবে এবার এটি অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে—এমন সম্ভাবনা আগের তুলনায় কিছুটা কমেছে।

এনওএএর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬ সালের অক্টোবর-ডিসেম্বর অথবা নভেম্বর-জানুয়ারি সময়ে রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনো দেখা দেওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। এর আগে এই সম্ভাবনা যথাক্রমে ৮৩ শতাংশ ও ৭০ শতাংশ বলে ধারণা করা হয়েছিল।

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভালোভাবে বিবেচনায় নিতে এনওএএ এখন ‘রিলেটিভ ওশানিক নিনো ইনডেক্স’ নামে একটি সূচক ব্যবহার করছে।

এই সূচকে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের ‘নিনো ৩.৪’ নামে পরিচিত একটি নির্দিষ্ট এলাকার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন পরিমাপ করা হয়। পাশাপাশি পুরো নিরক্ষীয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের তাপমাত্রার পরিবর্তনও হিসাবের মধ্যে রাখা হয়।

নতুন পদ্ধতিতে পাওয়া তাপমাত্রার পরিসংখ্যান প্রচলিত ‘ওশানিক নিনো ইনডেক্স’-এর তুলনায় কিছুটা কম। তবে এল নিনোর কারণে সমুদ্র ও বায়ুমণ্ডলের মধ্যে যে পরিবর্তন ঘটে এবং বিশ্বজুড়ে আবহাওয়ার ওপর যে প্রভাব পড়ে, তা বুঝতে নতুন সূচকটি তুলনামূলকভাবে বেশি কার্যকর।

বিমা খাতে এল নিনোর প্রভাব কী?

বিমা প্রতিষ্ঠান অ্যালিয়াঞ্জের এক গবেষণায় বলা হয়েছে, এল নিনো সব অঞ্চলে একইভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ায় না। বরং এটি বিভিন্ন অঞ্চলে দুর্যোগের ধরন ও ঝুঁকির চিত্র বদলে দেয়। গবেষণায় আরও বলা হয়েছে, উত্তর গোলার্ধের অনেক দেশ এ পরিস্থিতিতে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে।

পুনর্বিমা প্রতিষ্ঠান স্করের প্রধান নির্বাহী কর্মকর্তা থিয়েরি লেগার এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় যে পরিবর্তনটি আমরা দেখেছি, তা হলো ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের অনুপস্থিতি।’

অ্যালিয়াঞ্জের প্রতিবেদন অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড় কম হলে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি এবং বিমা কোম্পানিগুলোর ক্ষতিপূরণ দেওয়ার পরিমাণ কমে যায়। একই সঙ্গে মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে তেল, গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও কমে আসে।

অন্যদিকে, দক্ষিণ গোলার্ধের দেশগুলো এল নিনোর প্রভাবে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ এসব দেশের অনেকেরই প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত বিমা সুরক্ষা নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ, বিমাসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ, বিমাসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড

প্রাণ গ্রুপ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেলস অটোমেশন বিভাগের অধীনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

যে সকল প্রার্থী আগ্রহী ও যোগ্য, তারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফায় অংশীদারিত্ব, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: সেলস অটোমেশন

লোকবল নিয়োগ: ৫০ জন

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি অথবা এমসিএ

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের সেলস অটোমেশন টুলস (যেমন—Salesforce, Power BI, Excel) সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। মাইক্রোসফট এক্সেল ও ডেটা বিশ্লেষণে দক্ষতা থাকা আবশ্যক।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফায় অংশীদারিত্ব, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

২৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং এটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%