মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:০২ পি.এম
মানুষ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কিংবা ক্ষমতার বলয়ে বারবার বন্দি হয়ে পড়ে। মুক্তির সন্ধানে বলয় ভাঙার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত কি সত্যিই মুক্তি পাওয়া সম্ভব? তিনটি ভিন্ন পেশার মানুষের আত্মদ্বন্দ্ব এবং মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘বলয়‘। এটি প্রদর্শিত হয়েছে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে।
কর্মজীবনে প্রবেশের পর, ব্যক্তি মানুষ কর্মজীবনের মানুষের দ্বন্দ্বে হারিয়ে যায় তার নিজস্ব সত্তা।
সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কিংবা ক্ষমতার বলয়ে বন্দি পেশাগত মানুষ মুক্তি চায় এবং সেই বৃত্ত ভাঙতে চায়। তবে, এক বলয় থেকে বেরিয়ে আসার পরও মুক্তি মেলে না, বরং নতুন বলয়ে জড়িয়ে পড়তে হয়। নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘বলয়’ এই ব্যতিক্রমি ভাবনাকে উপজীব্য করে।
নাটকের প্রধান তিনটি চরিত্র হল রাজনীতিক, বিজ্ঞান চিন্তক এবং ধর্মতাত্ত্বিক। প্রত্যেকটি চরিত্র নিজের মেধায় পেশায় পরিপক্ব, কিন্তু কোথাও যেন একটি আকুলতা, মুক্তির বাসনা বিদ্যমান।
নাটকটির নির্দেশক মোকাদ্দেম মোরশেদ মন্তব্য করেন, এটি মূলত অন্তর্দ্বন্দ্বের গল্প। জীবনের নানা ঘেরাটোপে আমরা প্রত্যেকেই কোনো না কোনো বলয়ে বন্দি হয়ে আছি।
সংলাপনির্ভর এই নাটকে সংলাপই প্রকাশের প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। অর্থবহ কথোপকথনে উঠে এসেছে ব্যক্তি, সমাজ, ক্ষমতা এবং রাষ্ট্রের নানা অসংগতি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। এই নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেশের মধ্যে সুনামের অধিকারী। অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে রাজশাহীতে এসেছেন তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রশাসক এবং কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করছেন। মঙ্গলবার নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এই কর্মশালার শুভ উদ্বোধন করেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।
স্বাগত বক্তব্য প্রদান করেন ইউডিসিজিপি প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। নাগরিকদের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আমাদের প্রতি যে নির্দেশনা দিয়েছেন, তা হলোÑ‘তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও।’ সেই লক্ষ্য সামনে রেখে রাজশাহী নগরীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।"
রাসিক প্রশাসক উল্লেখ করেন, রাজশাহী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। এই পরিচিতি ধরে রাখতে রাজশাহী সিটি কর্পোরেশন নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়; নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। তাই প্রচলিত ব্যবস্থাপনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মত বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।"
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং নগরীর সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সোলার সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে প্রতি মাসে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় হবে।
তিনি আরও বলেন, "তিনটি সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি, এই পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় সবার জন্যই উপকারী হবে।"
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, "রাজশাহী সিটি কর্পোরেশনে জাইকার সহযোগিতায় পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখব এবং অভিজ্ঞতা অর্জন করে নিজ নিজ এলাকায় তা বাস্তবায়নের উদ্যোগ নেব।" তিনি আরও বলেন, "কীভাবে রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনই এই কর্মশালার মূল লক্ষ্য। এ ধরনের কর্মশালার মাধ্যমে এক সিটি কর্পোরেশনের অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা অন্য সিটি কর্পোরেশনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।"
তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদানের পরে পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা প্রদান করেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করেছি। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।"
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছি। জাইকার সহযোগিতায় পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। সুন্দর আয়োজন ও চমৎকার ব্যবস্থাপনার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"
তিনি আরও বলেন, "নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রাজশাহীকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে সুন্দর পরিবেশ ও উদ্যোগ আমরা দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়। রাজশাহীর এই অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ নগরীর উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চাই।"
কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী কর্মশালা শেষ হবে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা রাজশাহী সিটি কর্পোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের বেলা সড়ক পরিষ্কার কার্যক্রমসহ নগরীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষ হওয়ার পর, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল নিজ নির্বাচনী এলাকায় ফিরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের নিয়ে মাঠে অবস্থান গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, মো. আরজু মিয়া মেম্বার, সৈয়দ মোহাম্মদ জাবেদ, মীর খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে আমি এলাকায় চলে এসেছি। দলের সবাইকে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সজাগ থাকতে হবে, মাঠে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘মাধবপুর ও চুনারুঘাটে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও বালু চোরের স্থান বিএনপিতে হবে না।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
পরে সংসদ সদস্য উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে বসে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অবশেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী। ওই দিন সন্ধ্যায় ৭টায় ঢাকা থেকে মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি উড্ডয়ন করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত ওই ১১২ জন কর্মী ডিএইচএল প্রতিষ্ঠানে কর্মরত হবেন। যাত্রীদের সকল খরচ নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে।
এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক বিনা খরচে যাচ্ছেন। তাদের মধ্যে এক হাজার শ্রমিক গুম-খুনের শিকার ও জুলাই মাসে অবদান রাখা ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ‘স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে অনেক দেশ শ্রমিক নেয়া বন্ধ করেছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাচ্ছে।’
প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজতর করতে এবং হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিলেটের জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একদিন তথ্য সংগ্রহের পর কার্যক্রম বন্ধ রয়েছে। ওই দিন ১২৭ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছিল। এরপর কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা বারহাল ইউনিয়নে তথ্য সংগ্রহ শুরু করেন, কাজ অসমাপ্ত রেখে। এদিকে, তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে স্থানীয় পর্যায়ে আপত্তি ও পাল্টাপাল্টি অভিযোগের কারণে কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই নির্ধারিত স্থানে উপস্থিত হয়েও তথ্য দিতে পারেননি বলে অভিযোগ করেছেন।
জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসের সূত্র জানায়, জকিগঞ্জ সদর ইউনিয়নে কৃষিকার্ডের তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরপর সুলতানপুর ইউনিয়নে কার্যক্রম শুরু হলেও সেখানে বাধার সম্মুখীন হয়ে কাজ অসমাপ্ত রাখতে হয়। বর্তমানে বারহাল ইউনিয়নে তথ্য সংগ্রহ চলছে।
জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র জানিয়েছেন, সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ১২৭ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর সেখানে কার্যক্রম বন্ধ রয়েছে। বারহাল ইউনিয়নের কাজ শেষ হলে সুলতানপুরে আবার তথ্য সংগ্রহ শুরু হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করা হবে। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবহিত করে পরবর্তী সময়ে সেখানে কার্যক্রম শুরু করা হবে।
বিএনপি নেতা ও সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আহমদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার, তথ্য সংগ্রহের কাজে হস্তক্ষেপ এবং বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তাঁর দাবি, এই কারণে সুলতানপুরে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র ও কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদের নেতৃত্বে চার সদস্যের একটি দল তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়। তিনি ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদের মাধ্যমে ওয়ার্ডের ছয়টি স্থানে মসজিদের মাইকে প্রচার করে কৃষকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে বলা হয়।
তথ্য সংগ্রহের জন্য মজলী গ্রামের সেলিম আহমদ ও মুজাম্মিল আলীর বাড়ি, সিরাজপাড়া গ্রামের হাজী নজিব আলী (ফুরুক) মেম্বারের বাড়ি, সকড়া গ্রামের কমর উদ্দিনের বাড়ি, মাঝবন্দ গ্রামের এখলাছুর রহমানের বাড়ি এবং ব্রাহ্মণগ্রামের একটি দোকান নির্ধারণ করা হয়।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ এসব স্থানে উপস্থিত হন। তবে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, সকাল থেকে অপেক্ষা করেও নির্ধারিত কয়েকটি স্থানে তাঁরা তথ্য সংগ্রহকারীদের পাননি। দুপুর পর্যন্ত অপেক্ষা করে অনেকে বাড়ি ফিরে যান। এক-দুটি স্থানে তথ্য সংগ্রহ করা হলেও সেদিন মোট ১২৭ জনের তথ্য নেওয়া হয় বলে স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা গেছে। এরপর আর তথ্য সংগ্রহ না হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন অনেকে।
তথ্য দিতে না পেরে ফিরে আসা এক নারী বলেন, “আমার স্বামী দিনমজুর। কৃষিকার্ডের তথ্য নেওয়া হবে শুনে তিনি সেদিন কাজে যাননি। আমিও তাঁর সঙ্গে ছিলাম। সকালে নাশতা করে বের হয়ে সারাদিন অপেক্ষা করেছি। পরে বিকেলে তথ্য দিতে না পেরে বাড়ি ফিরেছি।”
স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদ তাঁকে ফোন করে ছয়টি স্থান নির্ধারণ ও মাইকিং করতে বলেন। তাঁর নির্দেশনা অনুযায়ী স্থান নির্ধারণ করে প্রচার করা হয়। কিন্তু সেদিন অনেক মানুষ উপস্থিত হলেও তথ্য সংগ্রহের কাজ যথাযথভাবে না হওয়ায় তাঁদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন হাসান আহমদ। তিনি বলেন, জনবহুল ৯ নম্বর ওয়ার্ডে মাত্র কয়েকটি বাড়ি ও একটি দোকান নির্ধারণ করে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্ভুল তথ্য সংগ্রহ এবং কৃষকদের ভোগান্তি কমাতে তিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এ বিষয়ে কৃষি কর্মকর্তা নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
হাসান আহমদের ভাষ্য, একই বাড়িতে একাধিক পৃথক পরিবার থাকলে নির্ধারিত স্থানে সবার উপস্থিত হওয়া কঠিন। বিশেষ করে নারী কৃষক ও নমিনিদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা থাকলে সুবিধা হবে। তাঁর বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন লস্করের বিরুদ্ধে ভুল বার্তা ছড়ানোর অভিযোগ করেন হাসান আহমদ। তবে দেলোয়ার হোসেন লস্কর বলেন, এ বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি। তথ্য সংগ্রহের দিন জরুরি কাজে অন্যত্র ছিলেন। এ বিষয়ে কৃষি অফিসের কোনো কর্মকর্তার সঙ্গে কোনো কথা হয়নি। শুধুমাত্র শামীম মেম্বার সাহেব তাকে বিষয়টি অবগত করেছেন।
অন্যদিকে, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসান আহমদ তাঁর ইউনিয়নে কৃষি শুমারি করার জন্য বলে আসছিলেন। তথ্য সংগ্রহ করতে গেলে তাঁকে বাবুর বাজারের মডার্ন মেডিকেল সার্ভিসের কার্যালয়ে নিয়ে বিভিন্ন নেতা-কর্মীর উপস্থিতিতে আলোচনা করা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় কয়েকজনের প্রশ্ন, কৃষি অফিসের দুই কর্মকর্তার বাড়ি ৯ নম্বর ওয়ার্ডে হওয়ায় অন্য ওয়ার্ডের আগে সেখানে তথ্য সংগ্রহ শুরু করা হয়েছিল কি না। তবে এ বিষয়ে কৃষি অফিসের সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের প্রকাশিত প্রচারপত্র অনুযায়ী, ফসল, মৎস্য বা প্রাণিসম্পদ উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত যেকোনো বাংলাদেশি নাগরিক কৃষিকার্ড পাওয়ার যোগ্য। জমির মালিক না হলেও ইজারা বা বর্গা নিয়ে চাষাবাদ করেন, এমন ব্যক্তিরাও এ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সরকার স্বীকৃত কৃষি কার্যক্রমে যুক্ত ব্যক্তিরাও এর আওতায় আসবেন।
প্রচারপত্রে কৃষিকার্ডের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং জমির মালিকানা অথবা চাষাবাদের স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য বা দলিলের কথা উল্লেখ করা হয়েছে। নারী কৃষকেরাও স্বতন্ত্রভাবে কৃষিকার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং তাঁরা অগ্রাধিকার পাবেন।
জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। পাঁচ শতকের কম জমির মালিক ভূমিহীন, ৫ থেকে ৪৯ শতক পর্যন্ত প্রান্তিক, ৫০ থেকে ২৪৯ শতক পর্যন্ত ক্ষুদ্র, ২৫০ থেকে ৭৪৯ শতক পর্যন্ত মাঝারি এবং ৭৫০ শতক বা তার বেশি জমির মালিক বড় কৃষক হিসেবে শ্রেণিভুক্ত হবেন।
প্রচারপত্র অনুযায়ী, কৃষিকার্ডের মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষিবিমা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, মুঠোফোনে আবহাওয়া ও বাজারের তথ্য এবং ফসলের চিকিৎসাসেবা পাবেন। এ ছাড়া প্রতিটি কৃষককে ১৪ ডিজিটের একটি স্বতন্ত্র পরিচিতি দেওয়ার কথাও প্রচারপত্রে উল্লেখ রয়েছে।
কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে বিতর্কের মধ্যে স্থানীয় কৃষকদের প্রত্যাশা, সুলতানপুর ইউনিয়নে দ্রুত কার্যক্রম পুনরায় শুরু হবে এবং কোনো প্রকৃত কৃষক তথ্য সংগ্রহের বাইরে থাকবেন না। এ জন্য তথ্য সংগ্রহের স্থান ও সময়সূচি আগাম প্রচার এবং নির্ধারিত স্থানে যেতে না পারা কৃষকদের তথ্য দেওয়ার বিকল্প সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ