০৫:০৪ পি.এম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) কর্তৃক প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের তিনজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তারা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।
প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান হিসেবে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দলকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি প্রকাশনায় উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার ঘটনাও তার পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।
তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক এবং মানবাধিকারকর্মী। তিনি ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক চেয়ারপারসন।
আরও পড়ুন: দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ পাবে ইউক্রেন: যুক্তরাষ্ট্রের প্রস্তাব
অন্যদিকে, রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক এবং মানবাধিকারকর্মী। তিনি রোহিঙ্গা জনগণের অধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা এবং মানবপাচারের ঘটনা তুলে ধরার জন্য কাজ করছেন। রোহিঙ্গা নারীদের সহায়তা করার উদ্দেশ্যে তিনি রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটিও প্রতিষ্ঠা করেন।
বছরের সেরা পুরুষ ও নারী
২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। গাজায় চলমান যুদ্ধের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। তার সঙ্গে ওই হামলায় নিহত সহপাঠী এবং শিক্ষকদেরও সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনায় উল্লেখ করা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও বক্তব্য দিয়েছেন।
আরও পড়ুন: সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন
যেভাবে তৈরি হয় তালিকা
‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনার এবারের সংস্করণটি ১৮তম বার্ষিক আয়োজন। এতে বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগণের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের তুলে ধরা হয়েছে।
তালিকায় ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে ব্যক্তিদের প্রভাব বিবেচনা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা, বই প্রকাশ, জনমত, বিশেষজ্ঞদের মতামত এবং দীর্ঘমেয়াদি অবদানও মূল্যায়নের অংশ।
প্রকাশনাটিতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে তালিকাভুক্ত করা হয়েছে। এসব শ্রেণির মধ্যে রয়েছে ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, ধর্মীয় প্রশাসন, ধর্মপ্রচারক, দাতব্য কার্যক্রম, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম এবং খেলাধুলা।
আরও পড়ুন: কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী?
প্রকাশক সংস্থাটি জানিয়েছে, তালিকায় কারও নাম থাকা মানে তার মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন নয়। বরং মুসলিম বিশ্বে ওই ব্যক্তির প্রভাব পরিমাপ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন