০৫:০৫ পি.এম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন মন্তব্য করেছেন যে, দাউদকান্দি নৌবন্দর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে। এই নৌবন্দর নির্মাণের ফলে কৃষি, বাণিজ্য, শিল্প-কারখানা, পরিবহণ, কর্মসংস্থান, যোগাযোগ এবং জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে দাউদকান্দিতে নৌবন্দর এবং গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের উদ্দেশ্যে বিআইডব্লিউটিএর উচ্চ পর্যায়ের টিম প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সমবেত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীর জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন।
খন্দকার মারুফ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার দেশের উন্নয়নে বিরামহীন কাজ করে যাচ্ছে। দাউদকান্দি নৌবন্দর এবং গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণ বর্তমান সরকারের উন্নয়নের একটি বিশাল মাইলফলক। সরকার একটি স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তিনির্ভর দেশ গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
তিনি বলেন, ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অপরিসীম। তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান যে, পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।
দাউদকান্দিতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এই সময় দাউদকান্দির ইউএনও মো. জাকির হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএর প্রতিনিধি দল দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর এবং গোমতী নদীর তীরবর্তী এলাকায় দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণের জন্য প্রকল্প এলাকা সরেজমিনে চূড়ান্ত পরিদর্শন করেন। নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।
ড. খন্দকার মারুফ সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। তার ডায়নামিক নেতৃত্বে আগামী দিনে এই দেশটি হবে বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেল।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী গত ৯ মাসে দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে আপামর জনগণের ভালবাসা অর্জন করেছেন। এটি আজ প্রমাণিত যে, বাংলাদেশের উন্নয়ন এবং সুস্থ ধারার উন্নয়ন রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
খন্দকার মারুফ বলেন, দাউদকান্দি নৌবন্দর প্রতিষ্ঠিত হলে নৌ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহণ এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের অবারিত সুযোগ সৃষ্টি হবে, উন্মোচিত হবে উন্নয়নের নতুন দিগন্ত। গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের ফলে কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার জনগণের বিনোদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাস্তবায়নাধীন দাউদকান্দি নৌবন্দর এবং ইকোপার্ক প্রকল্প স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, সদস্য (পরিঃ পরিঃ) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, নৌ-সংরক্ষণ ও (পরিচালন) বিভাগের পরিচালক মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান, মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক মো. নূর হোসেন, দাউদকান্দির স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, কামাল হোসেন, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, শরীফ চৌধুরী এবং মো. রোমান খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডি.ও লেটারের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ দাউদকান্দিতে 'আধুনিক নৌবন্দর এবং গোমতী নদীর তীরে দৃষ্টিনন্দন ইকোপার্ক' নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন