ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

জয়পুরহাটে পিকনিকের নামে নাশকতার অভিযোগে ১৯ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার


জয়পুরহাটে পিকনিকের নামে নাশকতার অভিযোগে ১৯ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

জয়পুরহাটে পিকনিকের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে, যারা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং তার সহযোগী সংগঠনের সদস্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তবে গ্রেফতারদের পরিবারের সদস্যরা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তারা নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হননি, বরং কেবল পিকনিক করার জন্যই সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

পুলিশের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ২০ থেকে ২৫ জন পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া, গ্রেফতারদের মধ্যে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরীও রয়েছেন বলে জানা গেছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল জব্দ করেছে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ জানিয়েছেন, নাশকতার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়। আক্কেলপুর থানার হাজতে স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে তাদের জয়পুরহাট সদর থানায় স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্যাক থেকে অস্কারজয়ী, তিন দশকে কতবার নিজেকে ভেঙেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


জ্যাক থেকে অস্কারজয়ী, তিন দশকে কতবার নিজেকে ভেঙেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও!

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ সিনেমার জ্যাক ডসন চরিত্রের মাধ্যমে লিওনার্দো ডি ক্যাপ্রিও বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। একটি জাহাজডুবি এবং অসমাপ্ত প্রেমের কাহিনী এই চলচ্চিত্রে ছিল।

তবে, জ্যাক ডসনের রোমান্টিক পরিচয়ের বাইরে লিওনার্দো ডি ক্যাপ্রিওর বহুমাত্রিক অভিনেতা হিসেবে এক অনন্য গল্প রয়েছে। কখনো তিনি প্রতারক, কখনো ধনকুবের, কখনো মানসিক দ্বন্দ্বে বিপর্যস্ত মানুষ, আবার কখনো প্রতিকূলতার সঙ্গে লড়াই করা অভিযাত্রী হিসেবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন।

আজ ১১ নভেম্বর এই হলিউড তারকার জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন লিওনার্দো উইলহেল্ম ডি ক্যাপ্রিও। ৫২ বছরে পা রাখলেন অস্কারজয়ী এই অভিনেতা।

অভিনয়জীবনের তিন দশক ধরে তিনি অস্কার, গোল্ডেন গ্লোবসহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তবে পুরস্কার বা তারকাখ্যাতির চেয়ে বৈচিত্র্যময় চরিত্র বেছে নেওয়ার সাহসই তাঁকে আলাদা করেছে।

লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠা ডি ক্যাপ্রিওর অভিনয়ের শুরুটা ছোটবেলাতেই। শিশুশিল্পী হিসেবে টেলিভিশন বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছেন। ১৯৯১ সালে ‘ক্রিটার্স ৩’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘দিস বয়স লাইফ’ এবং ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ সিনেমা তাকে অভিনয়জগতে পরিচিতি এনে দেয়। বিশেষ করে ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ সিনেমায় আর্নি গ্রেপ চরিত্রে অভিনয় করে সমালোচকদের নজর কাড়েন তিনি। মাত্র ১৯ বছর বয়সে এই চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রথমবার অস্কার মনোনয়ন পান।

১৯৯৬ সালে ‘রোমিও + জুলিয়েট’ সিনেমায় রোমিও চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ডি ক্যাপ্রিও। তবে পরের বছর জেমস ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতির শীর্ষে নিয়ে যায়।

সিনেমাটিতে জ্যাক ডসন চরিত্রে তার অভিনয় এবং কেট উইন্সলেটের সঙ্গে পর্দার রসায়ন আজও দর্শকের স্মৃতিতে অমলিন। বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পাওয়া সিনেমাটি তাকে রাতারাতি জনপ্রিয়তার নতুন উচ্চতায় নিয়ে যায়।

‘টাইটানিক’-এর সাফল্যের পর তিনি একই ধরনের রোমান্টিক চরিত্রে আটকে থাকেননি। বরং ঝুঁকি নিয়ে জটিল ও বৈচিত্র্যময় চরিত্র বেছে নিয়েছেন।

২০০২ সালে ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ সিনেমায় বাস্তব জীবনের প্রতারক ফ্র্যাঙ্ক অ্যাবাগনেলের চরিত্রে অভিনয় করেন তিনি। একই বছর মার্টিন স্করসেজি পরিচালিত ‘গ্যাংস অব নিউইয়র্ক’ সিনেমায়ও দেখা যায় তাকে।

এরপর ‘দ্য অ্যাভিয়েটর’-এ বিমানচালনা ও চলচ্চিত্রজগতের উদ্যোক্তা হাওয়ার্ড হিউজ, ‘দ্য ডিপার্টেড’-এ আন্ডারকভার পুলিশ কর্মকর্তা বিলি কস্টিগান এবং ‘ব্লাড ডায়মন্ড’-এ ড্যানি আর্চারের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দেন।

২০১০ সালে ক্রিস্টোফার নোলানের ‘ইনসেপশন’ সিনেমায় ডম কব চরিত্রে অভিনয় করে আবারও দর্শক-সমালোচকদের প্রশংসা পান। পরবর্তী সময়ে ‘জে এডগার’, ‘জ্যাঙ্গো আনচেইনড’, ‘দ্য গ্রেট গ্যাটসবি’ এবং ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এর মতো সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে হাজির হন তিনি।

বিশেষ করে ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এ জর্ডান বেলফোর্ট চরিত্রে তার অভিনয় ব্যাপক আলোচিত হয়। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘দ্য বিচ’, ‘শাটার আইল্যান্ড’, ‘রেভল্যুশনারি রোড’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘ডোন্ট লুক আপ’ ও ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’।

ডি ক্যাপ্রিওর অভিনয়জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হলো অস্কার। একাধিকবার মনোনয়ন পেলেও দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি অধরা ছিল। অবশেষে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য ২০১৬ সালে সেরা অভিনেতা বিভাগে অস্কার জেতেন তিনি।

আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত সিনেমাটিতে হিউ গ্লাস নামের এক অভিযাত্রীর চরিত্রে অভিনয় করেন ডি ক্যাপ্রিও। প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের মুগ্ধ করে। অস্কার গ্রহণের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়েও কথা বলেন তিনি।

এরপর ২০১৯ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমার জন্য আবারও অস্কার মনোনয়ন পান। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এ আর্নেস্ট বার্কহার্ট চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় বব ফার্গুসন চরিত্রে অভিনয়ের জন্য ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

ডি ক্যাপ্রিওর অভিনয়জীবনে পরিচালক মার্টিন স্করসেজির সঙ্গে তার কাজের সম্পর্ক বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘গ্যাংস অব নিউইয়র্ক’ দিয়ে শুরু হওয়া এই জুটি একে একে উপহার দিয়েছে ‘দ্য অ্যাভিয়েটর’, ‘দ্য ডিপার্টেড’, ‘শাটার আইল্যান্ড’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ও ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর মতো সিনেমা।

শুধু অভিনয় নয়, পরিবেশ সংরক্ষণেও দীর্ঘদিন ধরে কাজ করছেন ডি ক্যাপ্রিও। ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ফাউন্ডেশন। জীববৈচিত্র্য, বন্য প্রাণী, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করে প্রতিষ্ঠানটি।

২০১৪ সালে জাতিসংঘ তাকে জলবায়ু পরিবর্তনবিষয়ক শান্তির দূত হিসেবে মনোনীত করে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘বিফোর দ্য ফ্লাড’ প্রামাণ্যচিত্রের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও তা মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগে অর্থায়ন ও সচেতনতা তৈরিতেও সক্রিয় এই অভিনেতা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলকে সমর্থন ও ইসলাম-বিদ্বেষী মন্তব্যে একঘরে সেলমা ব্লেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ইসরায়েলকে সমর্থন ও ইসলাম-বিদ্বেষী মন্তব্যে একঘরে সেলমা ব্লেয়ার

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর, হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম-বিদ্বেষী একটি বিতর্কিত মন্তব্যের কারণে সহকর্মী, বন্ধু ও ব্যবসায়িক সহযোগীদের হারানোর কথা জানিয়েছেন। সম্প্রতি, ওয়াশিংটনে অনুষ্ঠিত 'জুইশ ফেডারেশনস অব নর্থ আমেরিকা'র বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে ৫৪ বছর বয়সী এই 'ক্রুয়েল ইনটেনশনস' ও 'হেলবয়' খ্যাত অভিনেত্রী জানান, মারাত্মক সমালোচনার পর তিনি বিনোদনজগৎ থেকে একপ্রকার একঘরে হয়ে পড়েছেন।

ব্লেয়ার উল্লেখ করেন, এই ঘটনার পর তিনি তাঁর এজেন্ট, ম্যানেজার, জনসংযোগ প্রতিনিধি, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা দল এবং বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন। তিনি জানান, চরম মানসিক আঘাতের এই সময়ে তাঁর নিজ ইহুদি সম্প্রদায়ের কাছ থেকেই সবচেয়ে বেশি সমর্থন ও স্বস্তি পেয়েছেন।

বিতর্কের সূত্রপাত ঘটে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, যখন ব্লেয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন আইনপ্রণেতা রশিদা তলাইব ও কোরি বুশের একটি অবস্থানের বিরোধিতা করে মন্তব্য করেন। ইসলাম ধর্মকে লক্ষ্য করে তাঁর কিছু বক্তব্য বিশ্বজুড়ে তীব্রভাবে নিন্দিত হয়। পরবর্তীতে ব্লেয়ার সেই মন্তব্যটি মুছে ফেলেন এবং ক্ষমা চেয়ে স্বীকার করেন যে, তিনি সাধারণ মুসলিম ও চরমপন্থীদের এক করে ফেলার ভুল করেছিলেন।

তবে সেই মন্তব্যের পর পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, ব্লেয়ারের পেশাদারি জীবনে মারাত্মক আঘাত আসে। ২০২৬ সালের অক্টোবরে 'অ্যান্টি-ডিফামেশন লিগ' (এডিএল)-এর এক অনুষ্ঠানে তিনি জানান, ব্র্যান্ডগুলোর সাথে তাঁর চুক্তি এক দিনেই বাতিল হয়ে গিয়েছিল। একই সাথে, তাঁর আইনজীবী, বইয়ের প্রতিনিধি এবং পুরো পিআর দল তাঁকে ত্যাগ করে।

ওয়াশিংটনের সাম্প্রতিক সম্মেলনে সেলমা ব্লেয়ার আরও জানান, শৈশব থেকে তাঁর ইসরায়েলে চলে যাওয়ার একটি দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে। তিনি প্রকাশ করেন, তাঁর প্রয়াত মায়ের ইচ্ছা পূরণ করতে তিনি মায়ের অবশিষ্টাংশ ইসরায়েলে নিয়ে সমাহিত করতে চান।

বর্তমানে, তিনি তাঁর ইহুদি পরিচয় নিয়ে গর্ববোধ করেন এবং 'হিনেনি' (যার হিব্রু অর্থ: ‘আমি এখানে আছি’) নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ করছেন। এই প্রামাণ্যচিত্রে ইহুদিবিদ্বেষ, ইসরায়েল এবং হিব্রু সংস্কৃতি নিয়ে বিভিন্ন ধরনের বিপরীতমুখী মতামত স্থান পাবে বলে তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি নাগরিকদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ইসরায়েলি নাগরিকদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মালদ্বীপ

মালদ্বীপ সরকার ইসরায়েলি পাসপোর্টধারীদের জন্য দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্যটি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে গাজায় চলমান যুদ্ধের সময় সাময়িকভাবে ইসরায়েলিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। তবে সম্প্রতি প্রেসিডেন্ট মুইজ্জু উল্লেখ করেছেন যে, নতুন যে বিলটি প্রবর্তিত হয়েছে, তাতে পরিস্থিতির পরিবর্তন ঘটলেও ইসরায়েলি পাসপোর্টধারীদের জন্য মালদ্বীপে প্রবেশ সম্পূর্ণ এবং স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে।

নতুন এই আইন কার্যকর হলে ইসরায়েল ব্যতীত অন্য কোনো দেশের নাগরিকত্ব বা দ্বিতীয় পাসপোর্ট থাকলেও ইসরায়েলিরা মালদ্বীপে প্রবেশ বা বিনিয়োগের সুযোগ পাবেন না।

ভারত মহাসাগরে অবস্থিত ১,১৯২টি ক্ষুদ্র প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালদ্বীপ, মূলত সাদা বালুকা ও নীল সমুদ্রের বিলাসবহুল পর্যটনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। গাজা আক্রমণের পর থেকেই মালদ্বীপে ইসরায়েল-বিরোধী মনোভাব চরম আকার ধারণ করে, যার ফলস্বরূপ ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইসরায়েল তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণে সতর্কতা জারি করেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ইউপি কর্মকর্তাদের জন্য নতুন পে-স্কেলের সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


এবার ইউপি কর্মকর্তাদের জন্য নতুন পে-স্কেলের সুখবর

এখন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নতুন জাতীয় পে-স্কেল কার্যকর করার নির্দেশনা প্রদান করেছে স্থানীয় সরকার বিভাগ।

নির্দেশনার মধ্যে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়েছে, সরকার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’ এর সুবিধা প্রদানের বিষয়ে সম্মতি দিয়েছে। তবে, তাদের বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করা আবশ্যক।

এছাড়া, নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’ এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করতে হবে।

নির্দেশনাটি কার্যকর করার জন্য দেশের সকল জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%