০৬:৩৭ পি.এম
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ওসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে পৃথকভাবে হুমকি দেওয়া হয়েছে।
হুমকিদাতাদের মধ্যে রয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ফেসবুক লাইভে এসে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা বলেছেন, "আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতা-কর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। ওসি আপনাকে বলছি, এখনও সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে কোথাও যেতে পারবেন না। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।"
একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরে কল করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেছেন, "বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতা-কর্মীকেও যদি আটক বা হয়রানি করা হয়, তবে আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে। আমাদের নেতা-কর্মীদের নামে কি কোনো মামলা আছে?"
তবে কখন এবং কোন স্থান থেকে লাইভ ভিডিও ও ফোনালাপের রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেছেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ ও ছাত্রলীগ নেতার মুঠোফোন কল রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিকল্প নেই: আখতার হোসেন
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেছেন, পলাতক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং আসন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিতে দৌড়ঝাঁপ করছেন। স্থানীয় কিছু নেতার ছত্রচ্ছায়ায় থেকে তারা এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেওয়ার সাহস পাচ্ছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন