ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক দৃঢ় হবে: স্পিকার হাফিজ উদ্দিন


অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক দৃঢ় হবে: স্পিকার হাফিজ উদ্দিন

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, উভয় পক্ষই সম্মত হয়েছে অতীত পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে, দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ অটুট রেখে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে জানান, বর্তমানে তিনি পাকিস্তান সফরে রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সবাই আমাদের অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও অর্থবহ আলোচনা হয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকবে। তাদের আতিথেয়তা সত্যিই অসাধারণ, আর এখানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"

আরও পড়ুন: ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি

তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিও বা মন্তব্যগুলোর প্রেক্ষাপট সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন হাফিজ উদ্দিন আহমদ। তার সঙ্গে এই সফরে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জাহরাত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, নিলুফার চৌধুরী মনি এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান অন্তর্ভুক্ত রয়েছেন।

সফরকালে স্পিকার বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সরকারি বাসভবন 'আইওয়ান-ই-সদর'-এ সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের দেওয়া এক নৈশভোজেও তিনি অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলটির রোববার (২৮ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: আটঘরিয়ায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন গ্রেফতার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনকে অর্থ সহায়তা নিয়ে বিপাকে ইউরোপ, নতুন ঋণ প্রস্তাবে জোটের ভেতরেই বিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


ইউক্রেনকে অর্থ সহায়তা নিয়ে বিপাকে ইউরোপ, নতুন ঋণ প্রস্তাবে জোটের ভেতরেই বিরোধ

ইউক্রেনকে ৪৫ বিলিয়ন ইউরো নতুন ঋণ দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে ২০২৭ সালের জন্য প্রস্তাবিত এই অর্থ সহায়তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জোটের তিন সদস্য দেশ—হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র। কিয়েভকে অব্যাহত সহায়তা প্রদান করা বর্তমানে ইউরোপের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা জোটের অভ্যন্তরীণ আর্থসামাজিক সংকট ও জনমতের চাপের কারণে আরও জটিল হয়ে উঠেছে। এই বিষয়ে আগামী ডিসেম্বরে পুনরায় আলোচনা শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে ইউক্রেনকে সামষ্টিক অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পূর্বে কিয়েভকে অনুদান ও ঋণ হিসেবে ১৭ বিলিয়ন ইউরোর বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে ২০২২ সালের পর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ইইউ ও এর আর্থিক প্রতিষ্ঠানগুলো ইউক্রেনকে ১৩১ বিলিয়ন ইউরোর বেশি অর্থ দিয়েছে বা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। এর বাইরে সদস্য দেশগুলো দ্বিপাক্ষিক ভিত্তিতে আরও ১৫ দশমিক ৫ বিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছে।

আর্থিক সহায়তার পাশাপাশি ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি (ইপিএফ), ইউক্রেন অ্যাসিস্ট্যান্স ফান্ড এবং সদস্য দেশগুলোর সরাসরি অনুদানের মাধ্যমে কিয়েভকে ৯৯ বিলিয়ন ইউরোর বেশি সামরিক সহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে ইইউর মোট সহায়তার পরিমাণ ২৪৫ বিলিয়ন ইউরোর বেশি দাঁড়িয়েছে। এর মধ্যে জব্দ করা রুশ সম্পদ (প্রায় ২১০ বিলিয়ন ইউরো ইইউ দেশগুলোতে রক্ষিত) থেকে অর্জিত ১ দশমিক ৮ বিলিয়ন ইউরো আয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, ২০২৬-২০২৭ কর্মসূচির আওতায় অনুমোদিত ৯০ বিলিয়ন ইউরো (যার মধ্যে ৬০ বিলিয়ন অস্ত্র এবং ৩০ বিলিয়ন বাজেট সহায়তায় ব্যয় হবে) বরাদ্দ দেওয়ার পরও ২০২৭ সালে ইউক্রেনের সামরিক ও বাজেট ঘাটতি ৭০ বিলিয়ন ইউরো দাঁড়াবে। এই ঘাটতি মেটাতে ২০২৭ সালের জন্য ৪৫ বিলিয়ন ইউরো (২০ বিলিয়ন বাজেট ও ২৫ বিলিয়ন সামরিক খাতে) বরাদ্দের প্রস্তাব করেছিল কমিশন। শর্ত ছিল, রাশিয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিলেই কেবল কিয়েভ এই ঋণ পরিশোধ করবে।

এদিকে, নিজ দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনকে দেওয়া ব্যাপক সহায়তার বিরুদ্ধে জনমত তীব্র হচ্ছে। আর্থিক ও সামরিক সহায়তার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে ৪০ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থীর আবাসন, চিকিৎসা, কর্মসংস্থান ও শিক্ষার ভার বহন করতে হচ্ছে।

এই পরিস্থিতিতে ফ্রান্স ও স্পেনে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে এবং কিয়েভকে সহায়তার প্রতি সাধারণ মানুষের সমর্থন কমছে। ইউক্রেনের সবচেয়ে বড় ইউরোপীয় দাতা দেশ জার্মানিতেও (যারা ২০২২ সাল থেকে প্রায় ১০০ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে এবং ১২ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে) কিয়েভকে সহায়তার পক্ষে জনসমর্থন এক বছরের ব্যবধানে ৫৯ শতাংশ থেকে কমে ৪৬ শতাংশে নেমে এসেছে। সূত্র: তাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ শূন্যপদে আবেদন ৩ ডিসেম্বর থেকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ শূন্যপদে আবেদন ৩ ডিসেম্বর থেকে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে ১৭ ক্যাটাগরিতে ৭৪৬ শূন্যপদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ ডিসেম্বর রাত ৮টা থেকে এবং শেষ হবে ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পদগুলোর নাম, বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য।

চাকরির বিবরণ

১. সহকারী পরিচালক: ১৫৮টি পদ।

নবম গ্রেডে বেতন স্কেল ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।

২. টেলিফোন ইঞ্জিনিয়ার: একটি পদ।

নবম গ্রেডে বেতন স্কেল ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৩. সহকারী প্রোগ্রামার: একটি পদ।

নবম গ্রেডে বেতন স্কেল ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৪. ফিল্ড অফিসার: ৯৩টি পদ।

দশম গ্রেডে বেতন স্কেল ৩২,০০০-৭৭,৩০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট হতে হবে। উভয়ের বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত) থাকতে হবে।

৫. কম্পিউটার অপারেটর: চারটি পদ।

ত্রয়োদশ গ্রেডে বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৬. সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: তিনটি পদ।

ত্রয়োদশ গ্রেডে বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৭. অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার: সাতটি পদ।

১৩তম গ্রেডে বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৮. কম্পিউটার টেকনিশিয়ান: একটি পদ। ১৪তম গ্রেডে বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৯. ফটোগ্রাফার: দুটি পদ।

১৪তম গ্রেডে বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণ থাকতে হবে। ডার্করুমের কাজ, ক্যামেরা ব্যবহার ও ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।

১০. সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ২০টি পদ।

১৪তম গ্রেডে বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

১১. ওয়্যারলেস অপারেটর: ২৩টি পদ।

১৫তম গ্রেডে বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা। স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারযন্ত্রে যোগাযোগের নিয়মাবলি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন সাবেক সেনা বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

১২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৪টি পদ।

১৬তম গ্রেডে বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা। স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা প্রয়োজন।

১৩. গাড়িচালক: ১২টি পদ।

১৬তম গ্রেডে বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা। স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

১৪. ফিল্ড স্টাফ: ২৮৮টি পদ।

১৭তম গ্রেডে বেতন স্কেল ২১,৪০০-৫১,৯০০ টাকা। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট হতে হবে। নারী ও পুরুষ উভয়ের বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত) থাকতে হবে।

১৫. ডেসপাচ রাইডার: দুটি পদ।

১৮তম গ্রেডে বেতন স্কেল ২১,০০০-৫০,৯০০ টাকা। স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত বৈধ মোটরসাইকেল চালানোর লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।

১৬. ডার্করুম অ্যাসিস্ট্যান্ট: একটি পদ।

১৮তম গ্রেডে বেতন স্কেল ২১,০০০-৫০,৯০০ টাকা। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।

১৭. অফিস সহায়ক: ৭৬টি পদ।

২০তম গ্রেডে বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম

প্রার্থীকে http://ndr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।

আবেদন ফি

*১ থেকে ৪ নম্বর পদ: ২২৩ টাকা;

*৫ থেকে ১৩ নম্বর পদ: ১১২ টাকা;

*১৪ থেকে ১৭ নম্বর পদ: ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা।

আবেদন শেষ: ২৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল: ত্রাণমন্ত্রী দুলু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল: ত্রাণমন্ত্রী দুলু

ভারতের মাটিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন না বিচার চলাকালীন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, তাকে দেশে আসতে হলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আসতে হবে।

মন্ত্রী বলেন, "আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল।" তিনি আরও উল্লেখ করেন যে, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে, তাদের মধ্যে কোনো পরিবর্তন নেই এবং তারা নিজেদের সংশোধন করবে না। এ ছাড়া তিনি বলেন, "আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।"

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে আসাদুল হাবিব দুলু জানান, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ সম্পন্ন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক মেজার জেনারেল (অব) আমসাআ আমিন (সাবেক রাষ্ট্রদূত), কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, হামাস প্রধানের ছেলে প্রাণে বেঁচে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, হামাস প্রধানের ছেলে প্রাণে বেঁচে গেলেন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন করে চারজন নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একই সময়ে পরিচালিত একটি বিমান হামলায় হামাসের প্রধান খলিল আল-হাইয়ার ছেলে ইজ্জেলদিন আল-হাইয়া এবং তাঁর পরিবার প্রাণে রক্ষা পেয়েছেন।

শুক্রবার ভোরে গাজা সিটির পশ্চিমাংশের রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টের উপর ইসরায়েলি হামলা চালানো হয়। হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম জানিয়েছেন, ইজ্জেলদিন আল-হাইয়া ও তাঁর পরিবার বেঁচে গেলেও আল-হাইয়ার এক পুত্রবধূসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে, নিহত ভাই আজ্জামের পরিবারের সদস্যরাও এই হামলার কবল থেকে রক্ষা পেয়েছেন।

বাসেম নাইম ইজ্জেলদিনকে খলিল আল-হাইয়ার জীবিত থাকা একমাত্র ছেলে হিসেবে উল্লেখ করেছেন। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর বিভিন্ন হামলায় খলিল আল-হাইয়ার চার ছেলে নিহত হয়েছেন—২০০৮ সালে হামজা, ২০১৪ সালে ওসামা, ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় এক হামলায় হুমাম এবং চলতি বছরের মে মাসে আজ্জাম। গত বছরের সেপ্টেম্বরে কাতারের হামলায় খলিল আল-হাইয়া অল্পের জন্য প্রাণে রক্ষা পান এবং পরবর্তীতে জুলাই মাসে তাঁকে হামাসের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

হামাস শুক্রবারের এই হামলাকে ‘কাপুরুষোচিত’ ও ‘হত্যার চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাম্প্রতিক হুমকির ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে এবং এর মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করার চেষ্টা চলছে। অন্যদিকে, গাজার অন্যান্য এলাকায়ও শুক্রবার ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে বির আল-নাজা এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলায় খালেদ আসসাফ নামের এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। সূত্র: আল জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%