ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার


খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

খুলনা নগরীর টুটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের এক সহযোগীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি।

রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে নগরীর টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) এবং রাসেল শেখ (২৫)।

আরও পড়ুন: সমবায়ের মাধ্যমে দেশ গড়ার অপার সম্ভাবনা রয়েছে: হুইপ রকিবুল

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবুজ শেখ নূর আজিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বাসায় অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত টুটপাড়া এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতা শরীফের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতা শরীফের মরদেহ উদ্ধার

বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকায় একটি পাহাড়ি ঝিরি থেকে পুলিশ স্থানীয় যুবদল নেতা শরীফ (৩৮) এর মরদেহ উদ্ধার করেছে।

রোববার (৮ নভেম্বর) সকালে কসাইপাড়ার ওই ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরীফ জেলা শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের পুত্র। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়দের ধারণা, ঝিরিতে পা পিছলে পড়ে তার মৃত্যু ঘটেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কাজের উদ্দেশ্যে বের হলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা করেছে টেসলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা করেছে টেসলা

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করার পরিকল্পনা করছে, কারণ প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় গাড়িটির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি সাইবার ক্যাব তৈরিতে উৎপাদন সক্ষমতা বাড়াতে চায়, যা চালকবিহীন ট্যাক্সি হিসেবে কাজ করবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সাইবার ট্রাকের উৎপাদন কমিয়ে কারখানার সক্ষমতা সাইবার ক্যাব তৈরির কাজে ব্যবহার করা হবে। তবে সাইবার ট্রাকের উৎপাদন অন্য কোনো কারখানায় স্থানান্তর করা হবে, নাকি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

২০১৯ সালে প্রথমবারের মতো সাইবার ট্রাকের নকশা প্রকাশ করে টেসলা। গাড়িটির ব্যতিক্রমী কৌণিক আকৃতি এবং স্টেইনলেস স্টিলের তৈরি বাইরের কাঠামোর কারণে এটি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০২৩ সালের শেষ দিকে ক্রেতাদের কাছে গাড়িটির সরবরাহ শুরু হয়। সে সময় ইলন মাস্ক বছরে আড়াই লাখ সাইবার ট্রাক বিক্রির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন।

কিন্তু বাস্তবে টেসলা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। গাড়ির বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ২০ হাজার ২৩৭টি সাইবার ট্রাক বিক্রি হয়েছে। অথচ ২০২৪ সালে বিক্রির পরিমাণ ছিল ৩৮ হাজার ৯৬৫টি। এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি প্রায় ৪৮ শতাংশ কমে গেছে।

বাজারে চাহিদা কমে যাওয়ার পাশাপাশি সাইবার ট্রাকের গুণগত মান ও নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, বাজারে আসার পর থেকে গাড়িটি ১১ বার রিকলের মুখে পড়েছে। বিভিন্ন সমস্যার কারণে কিছু গাড়ি মেরামত করতে হয়েছে এবং কয়েকটি ত্রুটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছে।

ইউরোপের বাজারেও সাইবার ট্রাকের বাণিজ্যিক সম্ভাবনা খুব একটা আশাব্যঞ্জক নয়। গাড়িটির ধারালো স্টেইনলেস স্টিলের বহিরাবরণ পথচারীদের নিরাপত্তা নিয়ে ইউরোপের প্রচলিত বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে অঞ্চলটিতে গাড়িটির অনুমোদন পাওয়ার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে টেসলার ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সাইবার ক্যাব। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার উপযোগী এই গাড়িতে প্রচলিত স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর, ব্রেক প্যাডেল কিংবা সাধারণ আয়না রাখা হয়নি। এটি চালক ছাড়া যাত্রী পরিবহনের লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অস্টিন শহরে সীমিত পরিসরে অর্থের বিনিময়ে সাইবার ক্যাবের মাধ্যমে যাত্রী পরিবহন শুরু হয়েছে। তবে গাড়িটির নিরাপত্তাব্যবস্থা ও বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যালোচনা এখনো চলছে।

বিশ্লেষকদের ধারণা, সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার ব্যবসায়িক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রতিষ্ঠানটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং চালকবিহীন পরিবহন প্রযুক্তিতে বিনিয়োগ ও মনোযোগ বাড়াচ্ছে।

তবে সাইবার ক্যাবের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে সাইবার ট্রাকের কমে যাওয়া বিক্রির জায়গা নতুন এই প্রযুক্তির গাড়ি কত দ্রুত পূরণ করতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পরিবার এবং স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।

এই ঘটনা ঘটে রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায়।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি হচ্ছেন দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি এবং ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা।

পুলিশের সূত্রে জানা যায়, সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর তিন ভাইসহ স্থানীয় আরও কয়েকজন পুলিশের উপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘সিরাজ মোল্লার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাঁকে গ্রেপ্তার করা হলে তাঁর পরিবারের সদস্যরা ছিনিয়ে নিয়ে যান। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল-সন্ধ্যায় যেসব জিকির ও দোয়া করবেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


সকাল-সন্ধ্যায় যেসব জিকির ও দোয়া করবেন

সারা দিনের ব্যস্ততা ও ক্লান্তির পর যখন সন্ধ্যা আসে, তখন শান্তির বার্তা নিয়ে আসে। ঠিক তেমনি, ভোরের আলো নতুন দিনের সোনালী সূচনা করে। মুমিনের জীবনে সকাল ও সন্ধ্যার নির্দিষ্ট কিছু জিকির ও দোয়া আত্মিক প্রশান্তি অর্জনের পাশাপাশি আল্লাহর বিশেষ রহমত ও সুরক্ষা প্রদান করে।

প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সকাল ও সন্ধ্যায় কিছু বিশেষ জিকির ও দোয়া শিক্ষা দিয়েছেন, যা পাঠ করলে সারা দিনের নিরাপত্তা ও বরকত লাভ হয় এবং আখিরাতের কঠিন সময়েও মুক্তির মাধ্যম হবে। মাগরিবের নামাজের পর এবং ফজর পরবর্তী সময়ে বরকতময় এসব আমলের মাধ্যমে একজন মুমিন তার দুনিয়া ও আখিরাতের জীবন সুরক্ষিত করতে সক্ষম হন। সকাল সন্ধ্যার তেমন কিছু জিকির ও আমল নিচে উল্লেখ করা হলো—

১. সাইয়্যিদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া)

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আন্তা রব্বি লা-ইলাহা ইল্লা আন্তা, খালাকতানি ওয়া আনা আব্দুকা, ওয়া আনা আলা আহ্দিকা, ওয়া ওয়া’দিকা মাসতাতাতু, আউজুবিকা মিন শাররি মা সানাতু, আবুউ লাকা বিনি’মাতিকা আলাইয়্যা, ওয়া আবুউ বিজাম্বি, ফাগফিরলি; ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আন্তা।

অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা। আমি আমার সাধ্যানুযায়ী আপনার সঙ্গে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর কায়েম আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনার যে নিয়ামত রয়েছে, তা আমি স্বীকার করছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব, আমাকে ক্ষমা করে দিন। কেননা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।’

ফজিলত

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে বা সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে এবং ওই দিন বা রাতে তার ইন্তেকাল হয়, তবে সে জান্নাত লাভ করবে।’ (বুখারি ৬৩০৬)

২. সকল অনিষ্ট থেকে বাঁচার দোয়া

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: ‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস্সামাই ওয়া হুয়াসসামিউল আলিম।’

অর্থ: ‘আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সবকিছু শোনেন ও জানেন।’

ফজিলত

সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পাঠ করলে আসমান ও জমিনের কোনো অনিষ্ট বা বিপদ তার কোনো ক্ষতি করতে পারবে না। (আবু দাউদ ৫০৭২)

৩. সর্বশ্রেষ্ঠ জিকির: তাসবিহ পাঠ

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

উচ্চারণ: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।’

অর্থ: ‘আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা কেবল তারই।’

ফজিলত

রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি এই জিকির সকালে ও সন্ধ্যায় ১০০ বার পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল আর কেউ আনতে পারবে না।’ (মুসলিম ২৬৯২)

৪. আয়াতুল কুরসি পাঠ

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ ما فِي السَّمَاوَاتِ وَما فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ ما بَيْنَ أَيْدِيهِمْ وَما خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

উচ্চারণ: ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুউ ওয়ালা নাওম, লাহু মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাজি ইয়াশফাউ ইংদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিআ কুরসিইয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা, ওয়া হুওয়াল আলিয়্যুল আজিম।’

অর্থ: ‘আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক। তাকে কোনো তন্দ্রা বা ঘুম স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে, সব তাঁরই মালিকানাধীন। তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার কেউ নেই। তাদের সামনে ও পেছনে যা কিছু আছে, তা তিনি ভালোভাবেই জানেন। আর তিনি যতটুকু ইচ্ছা করেন, ততটুকু ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আসমান ও জমিনময় পরিব্যাপ্ত। সেগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আর তিনি সুমহান ও সর্বশ্রেষ্ঠ।

ফজিলত

প্রতি ফরজ নামাজের পর এবং সকাল ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত জরুরি। এটি পাঠকারীকে জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না এবং এটি শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা দেয়। (নাসাঈ ৯৯২৮, ইবনে হিব্বান ২০২৪)

৫. আল্লাহকে সন্তুষ্ট করার বিশেষ দোয়া

رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا

উচ্চারণ: ‘রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দিনাও, ওয়া বি-মুহাম্মাদিন নাবিয়্যান।’

অর্থ: ‘আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ (সা.)-কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট।’

ফজিলত

রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা তিনবার এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন।’ (তিরমিজি ৩৩৮৯, ইবনে মাজাহ ৩৮৭০)

৬. জাহান্নাম থেকে মুক্তির দোয়া

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আজিরনি মিনান নার।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন।’

ফজিলত

হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কারও সঙ্গে কথাবার্তা না বলে সাতবার এই দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয়, তবে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে।’ (আবু দাউদ ৫০৭৯)

৭. সুরা ইখলাস, ফালাক ও নাস পাঠ

সকাল ও সন্ধ্যায় সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস—প্রতিটি তিনবার করে পাঠ করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল-সন্ধ্যা এই সুরাগুলো তিনবার পাঠ করলে সকল প্রকার অনিষ্টতা ও বিপদাপদ থেকে হেফাজতের জন্য তা যথেষ্ট হবে।’ (তিরমিজি ৩৫৭৫, আবু দাউদ ৫০৮২)

৮. সুরা হাশরের শেষ তিন আয়াত

هُوَ اللّٰهُ الَّذِیۡ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلۡمَلِكُ الۡقُدُّوۡسُ السَّلٰمُ الۡمُؤۡمِنُ الۡمُهَیۡمِنُ الۡعَزِیۡزُ الۡجَبَّارُ الۡمُتَكَبِّرُ ؕ سُبۡحٰنَ اللّٰهِ عَمَّا یُشۡرِكُوۡنَ هُوَ اللّٰهُ الۡخَالِقُ الۡبَارِئُ الۡمُصَوِّرُ لَهُ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی ؕ یُسَبِّحُ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۚ وَ هُوَ الۡعَزِیۡزُ الۡحَكِیۡمُ

উচ্চারণ: হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহ হুয়া। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মু’মিনুল মুহাইমিনুল আযিজুল ঝাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুনা হওয়াল্লাহুল কালিকুল বারিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়অতি ওয়াল আরদি ওয়া হুয়াল আযিজুল হাকিম।

অর্থ: ‘তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরিক করে তা হতে পবিত্র মহান। তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতিদানকারী; তার রয়েছে সুন্দর নামসমূহ; আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

আমল: মাগরিবের পর ‘আউজুবিল্লাহিস সামিয়িল আলিমি মিনাশ শাইতানির রজিম’ তিনবার পড়ে সুরা হাশরের শেষ তিন আয়াত একবার পাঠ করা।

ফজিলত

হাদিস অনুযায়ী, যে ব্যক্তি এই আমল করবে, আল্লাহ তাআলা তাঁর জন্য ৭০ হাজার রহমতের ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সকাল পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। সেদিন রাতে মারা গেলে শহীদের মৃত্যু নসিব হবে।’ (তিরমিজি ২৯২২)

সন্ধ্যা ও সকাল হলো ইবাদত ও আত্মিক প্রশান্তির এক অপূর্ব সময়। সারা দিনের ক্লান্তি পেরিয়ে এই বরকতময় সময়গুলোতে উপরোক্ত জিকির ও দোয়াগুলো নিয়মিত আমলে রাখার মাধ্যমে একজন মুমিন তার দুনিয়া ও আখিরাতের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসনুন আমলগুলো নিয়মিত করার এবং এর বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%