০১:১২ পি.এম
॥ বি এম নূর আলম ॥
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : নগরায়ণের বিস্তার, অবৈধ দখল, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং ভরাটের কারণে ঢাকা শহরের অসংখ্য খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধার একের পর এক হারিয়ে যাচ্ছে।
এক্ষেত্রে, ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
নগর বিশেষজ্ঞদের মতে, খাল ও পুকুরের দখল রাজধানীর পানি নিষ্কাশনব্যবস্থা, পরিবেশ এবং জীববৈচিত্র্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। সামান্য বৃষ্টির ফলে এই নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তরেও চাপ পড়ছে।
জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা শহরে ৫৬টি খাল বিদ্যমান। তবে, এসব খালের অধিকাংশই অবৈধ দখলের কারণে বিলিন হওয়ার পথে রয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২৭টি খাল রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে জানান, ঢাকা শহরের খাল ও পুকুরের জায়গা উদ্ধার করে নগরীর পানি নিষ্কাশন, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, খালগুলো দখলমুক্ত করে সীমানা নির্ধারণ ও দুই পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
ডিএসসিসি এলাকায় উল্লেখযোগ্য খালসমূহের মধ্যে রয়েছে— মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাব, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, কালুনগর, ধোলাইখাল, শ্যামপুর, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ খাল।
এদের মধ্যে শ্যামপুর, মান্ডা, জিরানী ও কালুনগর দখলমুক্ত করার জন্য একটি প্রকল্প চলমান রয়েছে। পর্যায়ক্রমে বাকি খালগুলো উদ্ধারের কাজ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি।
অন্যদিকে, ডিএনসিসি এলাকায় অবস্থিত উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে— কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, বাইশটেকী, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর, কসাইবাড়ী, ডুমিনি, বোয়ালিয়া, গোবিন্দপুর, নরাই ও সুতিভোলা খাল। এর মধ্যে প্রাথমিক অবস্থায় ১০টি খাল দখলমুক্ত করার কাজ চলছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা শহরের বিভিন্ন খাল দখল করে বছরের পর বছর ধরে নানা ধরনের স্থাপনা ও অবকাঠামো তৈরি করা হয়েছে। এর ফলে অনেক খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ বা সংকুচিত হয়ে গেছে এবং নগরীতে জলাবদ্ধতার সমস্যা বৃদ্ধি পেয়েছে। খাল দখল করে বসতবাড়ি, বহুতল ভবন, ব্যক্তিগত বাড়ি, অ্যাপার্টমেন্ট, আবাসিক ভবন, দোকানপাট ও মার্কেট নির্মাণ করা হয়েছে। এছাড়াও, ওয়ার্কশপ, গাড়ি রাখার গ্যারেজ, পরিবহন কাউন্টার ও মেরামতের দোকান, কারখানা ও গুদামসহ বিভিন্ন ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাবরিন সুলতানা বাসস’কে জানান, ঢাকা শহরের খালগুলোতে বর্জ্য, ময়লা ও আবর্জনা ফেলার কারণে খালের পানি দুষিত হলে বা পরিবেশের ক্ষতি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে বলেন, খালগুলো ভরাট হওয়ার ফলে শহরের পানি, বর্জ্য ও ময়লা নদীতে যেতে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বৃষ্টি হলেই ঢাকা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এটি পরিবেশের জন্য চরম ক্ষতি।
তিনি আরও বলেন, খাল দখলমুক্ত করার পর সেগুলো পুনরায় দখল হয়ে যাওয়া ঠেকানো হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রেজাউল করিম বলেন, অতীতে বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায় আবারও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
আরও পড়ুন: ‘সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত’ - এমপি নূরুল আমিন
ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে বাসস-কে জানায়, খালের জমির রেকর্ড, দাগ নম্বর, মালিকানা এবং নদী-খালের সংযোগ ও পানি প্রবাহের বিষয়গুলোতে সংশ্লিষ্ট দপ্তরগুলো ভূমিকা পালন করে ভূমি প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। খালের জমির রেকর্ড যাচাই, সরকারি জমি চিহ্নিতকরণ, সীমানা নির্ধারণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসন ভূমিকা রাখছে। উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত ও সরকারি কাজে বাধা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব পালন করছে।
এছাড়া, খালের সীমানার মধ্যে নির্মিত অবৈধ ভবন, স্থাপনা ও অনুমোদনবহির্ভূত আবাসন প্রকল্প চিহ্নিত করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশিষ্টজনদের মতে, খাল ও পুকুর পুনরুদ্ধার করা গেলে ঢাকার পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ বাড়বে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও পানি মাটিতে প্রবেশের সুযোগ বাড়লে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে সহায়তা করতে পারে।
আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ উপযোগী পরিবেশ করতে হবে: আইনমন্ত্রী
খাল-পুকুরের পরিবেশ ফিরলে জলজ প্রাণী, পাখি ও অন্যান্য জীবের আবাসস্থল রক্ষা পাবে।
বিশিষ্টজনেরা জানান, সংরক্ষিত পুকুর ও জলাধার জরুরি পরিস্থিতিতে পানির উৎস হিসেবে কাজে আসতে পারে। নগরীর জলাশয় ও সবুজ এলাকা স্থানীয় তাপমাত্রা ও তাপদ্বীপ প্রভাব কমাতে সহায়ক হতে পারে। খাল ও পুকুরের দুই পাশে পরিকল্পিত সবুজায়ন ও হাঁটার পরিবেশ তৈরি করা সম্ভব হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন