প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনায় বরেণ্য লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে গানে ও আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হিমু উৎসবের সমাপ্তি ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় হিমু উৎসবের প্রথম পর্ব শুরু হয় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। হিমু পাঠক আড্ডার আয়োজনের অধীনে ‘হিমু উৎসব’-এ সাতপাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে প্রধান সড়কে হেঁটে যান হিমু-রূপা সেজে বিভিন্ন বয়সের ভক্তরা।
এরপর, ওইদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত লেখকের সৃষ্টিকর্ম নিয়ে হিমু পাঠক আড্ডার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। মোক্তারপাড়ার জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে গান, নৃত্য, বিয়ের গীত পরিবেশন করেন শিল্পী ও পালাকার।
এই মঞ্চে লেখকের নির্মিত নাটক ও সিনেমার গ্রামীণ সংস্কৃতি এবং ব্যবহৃত জনপ্রিয় কালজয়ী গান তুলে ধরা হয়। ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার ‘মানুষ ধর মানুষ ভজ’ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শেষ হয় হাজার বছরের পুরনো বিয়ের গীত দিয়ে।
উৎসবে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী নারায়ণ কর্মকার, সোহেল রানা, শুভ বণিক, প্রিয়াঙ্কা বিশ্বাস, আরিসা দানিন মাহা, মনোয়ার হোসেন মামুন, জাকারিয়া খান রিজন, আসিফ জয়, ফাইজা ও প্রথম।
এছাড়া, বিয়ের গীত পরিবেশন করেন পালাকার জুয়েল রানা। একক নৃত্য পরিবেশন করেন স্বেতা। শিল্পকলা একাডেমির শিশু নৃত্য শিল্পীরাও মনোমুগ্ধকর নাচ পরিবেশন করে। লেখকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় লেখকের জীবন ও কর্ম তুলে ধরেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো রেজাউল করিম, বাংলাদেশের বিখ্যাত পালাকার সায়িক সিদ্দিকী, কালচারাল অফিসার মো আতিকুর রহমান, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক চিত্রশিল্পী মো কামরুল হাসান, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সুলতান মাহমুদ, ময়মনসিংহ ব্রম্মপুত্র বাঁচাও আন্দোলন নেতা কবি আবুল কালাম আজাদ, মিডিয়া ব্যক্তিত্ব সায়মুল হক, শিক্ষক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের প্রথম সন্তান হিসেবে পৈতৃক ভিটায় বাবার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন।
লেখকের সবচেয়ে প্রিয় স্থান ছিল নিজের হাতে গড়া নুহাশপল্লী। দেশ থেকে দূরে থাকলে কিংবা মন খারাপের সময় প্রায়ই তিনি নুহাশপল্লীর স্মৃতিচারণ করতেন।
লেখকের পাশাপাশি তিনি নির্মাতা ও গীতিকার হিসেবেও সুখ্যাতি অর্জন করেন। বহুমাত্রিক সৃষ্টির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। সময়ের কাছে তার জীবন থেমে গেলেও আজও বৃষ্টি নামলে, জোছনা উঠলে কিংবা শীতের ঘন কুয়াশার চাদরে বার বার ফিরে আসেন হুমায়ূন আহমেদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন