ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত


লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২০২৫ সালে ভয়াবহ দাবানল সৃষ্টি করার দায়ে আদালত এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। শুক্রবার দেশটির একটি জুরি বোর্ড এই রায় প্রদান করে। ওই দাবানলে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ১২ জনের মৃত্যু ঘটেছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দোষী সাব্যস্ত ব্যক্তির নাম জোনাথন রিন্ডারনেখট। তার বয়স ৩০ বছর। তিনি পূর্বে উবার চালক হিসেবে কাজ করতেন। এই ঘটনায় তার বিরুদ্ধে এটি ছিল দ্বিতীয়বারের মতো ফেডারেল আদালতে বিচার। প্রথম বিচারপ্রক্রিয়ায় জুরিরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মামলাটি অমীমাংসিত অবস্থায় শেষ হয় এবং নতুন করে বিচারের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

আগামী বছর ১৭ মার্চ তার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এই ঘটনায় তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

চলতি বছরের প্রথম দফার বিচারেও জুরিদের মধ্যে ১০ জন তাকে খালাস দেওয়ার পক্ষে এবং দুজন দোষী সাব্যস্ত করার পক্ষে মত দিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, জুরি বোর্ডের রায় সর্বসম্মত হওয়া বাধ্যতামূলক।

দ্বিতীয় দফার বিচার চলাকালে জুরিদের আগের বিচারপ্রক্রিয়া বা সে-সংক্রান্ত কোনো তথ্য বিবেচনায় না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

শুক্রবারের রায়ে দুটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। একটি অভিযোগ হলো আগুন লাগিয়ে সম্পত্তি ধ্বংস করা এবং অন্যটি আন্তঃরাজ্য বাণিজ্যে ব্যবহৃত সম্পত্তিতে অগ্নিসংযোগ করা। তবে রিন্ডারকনেখট উভয় অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?

প্রায় দুই দিন ধরে আলোচনা শেষে জুরিরা সিদ্ধান্তে পৌঁছান যে, রিন্ডারকনেখট একটি লাইটার ব্যবহার করে ধনী এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেডসের কাছাকাছি ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। এই এলাকা মালিবুর পাশেই অবস্থিত।

প্রথমে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে মনে করেছিলেন। কিন্তু পরে দেখা যায়, মাটির নিচে আগুনের কিছু অঙ্গার জ্বলতে ছিল। প্রবল বাতাসে সেগুলো ছড়িয়ে পড়ে এবং নতুন করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই দাবানলটি অভিজাত আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেয়।

এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক দাবানলে পরিণত হয়।

রিন্ডারকনেখটের আইনজীবী স্টিভেন হ্যানি আদালতে যুক্তি দেন, তাঁর মক্কেল আগুনের সূত্রপাত ঘটিয়েছেন—এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। নববর্ষ উদ্যাপনের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন

আইনজীবীর দাবি, রিন্ডারকনেখটের ফোনের কল রেকর্ডে ৯১১ নম্বরে (জরুরি সেবা) ফোন করার তথ্য রয়েছে, যা প্রমাণ করে তিনি পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার চেষ্টা করেছিলেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জানায়, মোবাইল ফোনের তথ্যসহ বিভিন্ন প্রমাণে ঘটনার সময় ঘটনাস্থলে তার উপস্থিতি নিশ্চিত হয়েছে।

এ ছাড়া নজরদারি ক্যামেরার ভিডিও এবং আগুন কীভাবে ছড়িয়ে পড়েছিল, সে বিষয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণও তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, রিন্ডারকনেখট চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলেন, সিগারেটের মাধ্যমে আগুন লাগালে কেউ আইনগতভাবে দায়ী হতে পারেন কি না।

আরও পড়ুন: ইরাকে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক, ছাত্রীদের বিক্ষোভ

জুরি বোর্ডের সদস্যদের একজন ক্যামেরন আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, শুরুতে তিনি রিন্ডারকনেখটকে নির্দোষ মনে করেছিলেন। তবে ফেডারেল তদন্তকারীদের কাছে দেওয়া তার সাক্ষাৎকারের তথ্যগুলো তাকে অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে সন্দিহান করে তোলে।

ক্যামেরন বলেন, ‘সেদিন আকাশ পরিষ্কার ছিল, বাতাসও শান্ত ছিল। ওই দিন বা রাতে পাহাড়ে আর কেউ ছিল না। কিন্তু আসামি সেখানে ধূমপান করছিলেন এবং তাঁর কাছে একটি লাইটারও ছিল।’

তিনি আরও বলেন, ‘সবকিছু শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করছিল।’

‘কোনো রায়ই স্বজন হারানোর বেদনা মুছে দিতে পারবে না’

আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে কপ৩১ চুক্তি চূড়ান্ত করতে মরিয়া দেশগুলো

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিসের প্রধান বিল এসাইলি এ রায়কে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং হাজার হাজার মানুষ যাদের জীবন ওলটপালট হয়ে গেছে, তাদের জন্য এই রায় কিছুটা হলেও ন্যায়বিচার নিশ্চিত করবে।’

২০২৫ সালে লস অ্যাঞ্জেলেসে দাবানলের পেছনে প্রবল বাতাস বড় ভূমিকা রেখেছিল। ওই দাবানলে সব মিলিয়ে ৩১ জনের মৃত্যু হয়।

প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের উত্তর-পূর্বাঞ্চলের আলতাডেনা এলাকায় আরেকটি দাবানল ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার বেশ কিছু অংশ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: রাশিয়ার নতুন ড্রোন ‘কেইউবি-১০এমই’ ইউক্রেনে আতঙ্ক ছড়াচ্ছে

তদন্তে জানা যায়, স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসনের একটি নিষ্ক্রিয় বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ শুকনো গাছপালায় আগুন ধরিয়ে দেয়।

ভয়াবহ ওই দুর্যোগের দুই বছর পরও শহরটি পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক বিবৃতিতে বলেন, ‘কোনো আদালতের রায়ই প্রাণ হারানো মানুষদের ফিরিয়ে আনতে পারবে না কিংবা তাদের পরিবারগুলোর দীর্ঘদিনের বেদনা মুছে দিতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘অনেক মানুষ এখনো নিজেদের ঘরবাড়ি ও জীবন নতুন করে গড়ে তোলার সংগ্রাম করছেন। যারা এখনো বাস্তুচ্যুত, তাদের কাছে এই ধ্বংসযজ্ঞ প্রতিদিনের বাস্তবতা হয়ে আছে।’

সম্প্রতি পুনর্নির্বাচনে হেরে যাওয়া মেয়র কারেন বাস দাবানল মোকাবিলায় তার ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় গ্রাম পুলিশদের মাঝে নিম্নমানের সাইকেল বিতরণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


নওগাঁয় গ্রাম পুলিশদের মাঝে নিম্নমানের সাইকেল বিতরণের অভিযোগ

দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাহিনী হল দফাদার মহল্লাদার (গ্রাম পুলিশ)। সরকার এই অবহেলিত বাহিনীকে যুগোপযোগী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। এর অংশ হিসেবে প্রতি ৫ বছর পরপর গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করা হয়ে থাকে।

এই ধারাবাহিকতায় চলতি বছরে নওগাঁর ৯শত ৫০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। বিতরণের নামে কোটি টাকার সরকারি বরাদ্দে নিম্নমানের মানহীন ‘বাংলা সাইকেল’ দেওয়ার অভিযোগ উঠেছে। কোটি টাকার বরাদ্দে সাইকেল কেনার নামে পুকুর চুরি হয়েছে বলে মনে করা হচ্ছে। সুবিধাভোগীদের ক্ষোভ, ২৪ নং ছোট আকারের এই মানহীন সাইকেলগুলো ১ বছরও টিকবে না। গ্রাম পুলিশ সদস্যরা জানিয়েছেন, শেষমেশ সেগুলো কেজি দরে ভাঙ্গারির দোকানেই বিক্রি করতে হবে। তারা দাবি করেছেন, যদি ভালো মানের দামী ব্র্যান্ডের সাইকেল দেওয়া হতো, তাহলে সাইকেলটি অনেক দিন ব্যবহার করা সম্ভব হতো।

নওগাঁর স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, দফাদার মহল্লাদার (গ্রাম পুলিশ) বাহিনীর সদস্যদের আধুনিকায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগ হতে গ্রামপুলিশের পোষাক খাতে বরাদ্দকৃত অর্থ থেকে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের ৯শত ৯০ জন গ্রামপুলিশের মধ্যে ৯শত ৫০ জনের মাঝে বাইসাইকেল সরবরাহ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ১ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয় সাইকেল বিতরণের লক্ষ্যে। এর মধ্যে ৯শত ৫০টি বাংলা সাইকেল (নিম্ন মানের) দরপত্রের মাধ্যমে কেনা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিটি ২৪ নং বাংলা সাইকেল (আকারে ছোট) প্রায় ৯ হাজার ১শত টাকা মূল্যে মেঘনা গ্রুপের কাছ থেকে ক্রয় করেছে। ৯শত ৫০টি সাইকেল ক্রয়ে ব্যয় হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। বরাদ্দের অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শহরের বিভিন্ন সাইকেল ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি বছর জেলার গ্রাম পুলিশদের মাঝে বিতরণ করা ২৪ নং বাংলা বাইসাইকেলের সর্বোচ্চ মূল্য ৮ হাজার টাকা। অথচ ১০-১১ হাজার টাকার মধ্যে দামী ব্র্যান্ডের ভালো মানের বাইসাইকেল পাওয়া সম্ভব ছিল, যে সাইকেলগুলো নিঃসন্দেহে দীর্ঘদিন ব্যবহার করা যেত। অন্যদিকে, গ্রাম পুলিশদের মাঝে বিতরণ করা বাংলা সাইকেলগুলো দেশের খোলা বাজারে সচরাচর বিক্রি হয় না বলেও জানিয়েছেন শহরের বিভিন্ন সাইকেল ব্যবসায়ীরা।

জেলার রাণীনগর উপজেলার গ্রাম পুলিশ রহিদুল ইসলাম (ছদ্ম নাম) জানিয়েছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শতকরা ৮০ শতাংশ গ্রাম পুলিশ মোটরসাইকেল ব্যবহার করে। এছাড়া, সময় বাঁচাতে ও দ্রুত দাপ্তরিক কাজ সম্পন্ন করার লক্ষ্যে গ্রাম পুলিশরা বাইসাইকেলের চেয়ে মোটরসাইকেল ব্যবহার করে। অধিকাংশ গ্রাম পুলিশের বাইসাইকেল পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করে। বিগত সময়ে যে বাংলা সাইকেল প্রদান করা হয়েছিলো, সেগুলোর মান এতোটাই খারাপ ছিলো যে, ব্যবহারের ৬ মাস-১ বছর পর আর সেগুলো ব্যবহার করা সম্ভব হয় না। অনেকেই নষ্ট হওয়া সাইকেলের পিছনে মেরামতের জন্য টাকা নষ্ট করতে চান না, তাই সেগুলো ভাঙ্গারীর দোকানে কেজি দরে বিক্রি করে দেন। অথচ, একটু ভালো মানের সাইকেল দিলে সেগুলো স্বাচ্ছন্দে দীর্ঘদিন ব্যবহার করা যায়।

জেলার মহাদেবপুর উপজেলার গ্রাম পুলিশ রহমত আলী (ছদ্ম নাম) জানিয়েছেন, এবারো তারা একটি করে ভালো মানের সাইকেল দাবি করেছিলেন, কিন্তু দেওয়া হয়েছে ছোট আকারের নিম্ন মানের বাংলা সাইকেল। প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। ছোট মানুষদের প্রতিবাদ কোন কাজে আসে না। বর্তমান সরকার প্রধান যেহেতু ৩ বছর পর পর সাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন, তাই আর প্রতিবাদ করবেন না। চলতি বছর পাওয়া সাইকেল দিয়ে কোন মতে সময় পার করার পর আবার তো নতুন সাইকেল পাবেন। নষ্ট সাইকেল মেরামত করার খরচ দিয়ে মোটরসাইকেল ব্যবহার করা অনেক সুবিধাজনক। এই কারণে সাইকেল তার ছেলে ব্যবহার করে।

অপরদিকে, সাইকেল কেনার কেলেঙ্কারির পাশাপাশি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-প্রশাসনিক কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কর্মচারীরা। এই কর্মকর্তার ঘুষ বাণিজ্য, ফাইল আটকানো ও বদলি হয়রানির সিন্ডিকেট গড়ে তোলার কারণে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা ফুঁসছেন।

ফলে, স্থানীয় সরকার শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় সরকার বিভাগের আওতায় থাকা জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। চাহিদা পূরণ না করলেই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারিদের চরম হয়রানীর শিকার হতে হচ্ছে। এমন কর্মকান্ড দীর্ঘদিন চলে আসলেও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে জানিয়েছেন একাধিক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা জানিয়েছেন, নওগাঁর স্থানীয় সরকার শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তার চাহিদা পূরণ না করলেই নানা অজুহাত দেখিয়ে বিভিন্ন তোকমা লাগিয়ে অহেতুক জেলার এক প্রান্ত থেকে অপরপ্রান্তে বদলী করে হয়রানী করে আসছেন। যারা চাহিদা পূরণ করেন, তারা পছন্দ মাফিক ও সুবিধাজনক জায়গায় চাকরী করার সুযোগ পাচ্ছেন। এছাড়া, কোন কারণ ছাড়াই বিভিন্ন ফাইল আটকিয়ে সুবিধা গ্রহণ করা এই শাখার এক পুরাতন নিয়মে পরিণত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপ-প্রশাসনিক কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র মণ্ডল মুঠোফোনে জানিয়েছেন, তার বিরুদ্ধে করা অভিযোগ পুরোপুরি ভুয়া। ইউপি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের রুটিন মাফিক বদলী করা হয়ে থাকে। বদলীর বিষয়টি দেখেন জেলা প্রশাসক স্যার। বদলীর বিষয়ে তার কোন হাত নেই।

স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপ-পরিচালক টি এম এ মোমিন মুঠোফোনে জানিয়েছেন, গ্রাম পুলিশ নেতৃবৃন্দের অংশগ্রহণে জেলা কমিটি গঠন করার মধ্যদিয়ে ইজিপি দরপত্রের মাধ্যমে কম দামের মধ্যে ভালো মানের সাইকেল ক্রয় করা হয়েছে। গ্রাম পুলিশরা যে মানের সাইকেল চেয়েছে, সেই মানের সাইকেল তাদেরকে দেয়া হয়েছে। অপরদিকে, বদলী সিন্ডিকেটের বিষয়টি মিথ্যে। যারা একই স্থানে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন, তাদেরকে অন্য কোথাও বদলী করলেই সমস্যা। বদলীর বিষয়টি একটি নিয়মিত প্রক্রিয়া। তার দপ্তরের সকলকে কোন অনিয়ম না করতে কঠোর হুশিয়ারী দেয়া হয়েছে। তবে, অভিযোগগুলোর বিষয়ে লিখিত আবেদন পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন মামলার দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টের নতুন দৃষ্টান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন মামলার দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টের নতুন দৃষ্টান্ত

এস এম আশিকুজ্জামান

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে হাইকোর্ট।

দেশের বিচারিক ইতিহাসে, হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ অল্প সময়ের মধ্যে নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করেছে। এই বেঞ্চের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি, উচ্চ আদালতের ডেথ রেফারেন্স মামলা জট কমানোর জন্য আরও কিছু বিশেষ হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

ডেথ রেফারেন্স মামলা কি?

ফৌজদারি বিচার ব্যবস্থায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভাগ্য নির্ধারণের জন্য ‘ডেথ রেফারেন্স’ বা মৃত্যুদণ্ড অনুমোদন মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রচলিত আইন অনুযায়ী, দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন, তখন সেই সাজা কার্যকর করার পূর্বে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুসারে, বিচারিক আদালত মৃত্যুদণ্ডের ঘোষণা দিলে মামলার সকল নথিপত্র হাইকোর্টে পাঠাতে হয়। হাইকোর্টে এটি ‘ডেথ রেফারেন্স’ মামলা হিসেবে নথিভুক্ত হয়।

হাজারের অধিক ডেথ রেফারেন্স মামলা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারাধীন ডেথ রেফারেন্স মামলার সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলার সংখ্যা ১ হাজার ৩০১টি।

গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে মাত্র ১০টি ডেথ রেফারেন্স মামলা।

এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রদত্ত তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে শুনানির ধারাবাহিকতায় বর্তমানে হাইকোর্টে ২০১৯-২০ সালে নথিভুক্ত ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে।

ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ হিসেবে ‘পেপারবুক’ প্রস্তুতে সময় লাগা ও মামলার তুলনায় ডেথ রেফারেন্স শুনানির বেঞ্চের সংখ্যা কম থাকা উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

তিনি বাসস’কে বলেন, ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার ফলে কারাগারের কনডেম সেলে অনেক আসামি বছরের পর বছর বন্দী জীবন কাটান। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, এসব বন্দীদের মধ্যে কেউ কেউ হাইকোর্টের রায়ে খালাসও পান।

ডেথ রেফারেন্স মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে, অনেক আসামি কারাগারের কনডেম সেলের অনাকাঙ্ক্ষিত বন্দীদশা থেকে মুক্তি পেতেন বলে তিনি মন্তব্য করেন।

ডেথ রেফারেন্স মামলার পেপার বুক কী?

ডেথ রেফারেন্স মামলার পেপার বুকের মধ্যে বিচারিক আদালতে মামলা শুরু থেকে রায় পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ নথিপত্র সংকলিত থাকে। এতে মামলার এজাহার (এফআইআর), অভিযোগপত্র (চার্জশিট), অভিযোগ গঠন, আদেশনামা, সুরতহাল প্রতিবেদন, জব্দ তালিকা, ঘটনাস্থলের খসড়া মানচিত্র, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক বা ডিএনএসহ অন্যান্য বিশেষজ্ঞ প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকে।

এছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মৃত্যুকালীন ঘোষণা, রাষ্ট্র ও আসামিপক্ষের সকল সাক্ষীর জবানবন্দি ও জেরা, ৩৪২ ধারায় আসামির বক্তব্য, আদালতে দাখিলকৃত দালিলিক সাক্ষ্য (প্রদর্শনী), বিচারিক আদালতের পূর্ণাঙ্গ রায় এবং আসামিপক্ষের দায়ের করা আপিল বা জেল আপিলের নথি পেপার বুকে অন্তর্ভুক্ত থাকে। পেপার বুক মূলত সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে ছাপা হয়ে হাইকোর্টে শুনানির জন্য প্রস্তুত হয়।

ডেথ রেফারেন্স মামলার জট কমানোর উপায়

দেশের উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) মামলার জট প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসস’কে বলেন, "এ কথা সত্য যে ডেথ রেফারেন্স মামলা শুনানির জন্য পেপার বুক তৈরি করতে সময় লাগে। কিন্তু সব কিছু প্রস্তুত হয়ে যখন আদালতে মামলা শুনানির জন্য আসে তখন তো মামলা নিষ্পত্তিতে বিলম্ব ঘটার কথা নয়।"

এক্ষেত্রে, ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দণ্ডিত ব্যক্তির আইনজীবী ও রাষ্ট্রপক্ষকে দ্রুত মামলা নিষ্পত্তিতে আগ্রহী হতে হবে। সেই সাথে, ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বিচারকদের অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি রোল প্লে করতে হবে। সম্প্রতি, অতি অল্প সময়ের মধ্যে হাইকোর্টের একটি বেঞ্চ নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিচারিক আদালতের কিছু বিচারকের গণহারে দেওয়া ফাঁসির রায়ের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, "নিম্ন আদালতের কিছু কিছু বিচারকের মধ্যে গণহারে ফাঁসি দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে। গণহারে দেয়া ফাঁসির রায় পরবর্তীতে হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা বাড়িয়ে মামলা জট তৈরি করে।"

তিনি উদাহরণ হিসেবে বলেন, ফেনীর নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনালের বিচারক। যেটিকে হাইকোর্ট ‘মাইন্ডলেস সেন্টেন্স’ বলে উল্লেখ করেছে। অবশেষে, হাইকোর্ট ওই বিচারককে ফৌজদারী মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।

অন্যদিকে, সেন্টেন্সিং গাইডলাইনের প্রয়োজনীয়তা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, "কোন একটা হত্যাকাণ্ডের অপরাধে ‘হোলসেল ফাঁসির রায়’ যাতে না হয়, সে জন্য ফৌজদারী মামলার বিচারে একটি সেন্টেন্সিং গাইডলাইন অবশ্যই থাকা দরকার। আমাদের কোন সেন্টেন্সিং গাইডলাইন নেই। সেন্টেন্সিং গাইডলাইন হলে বিচারিক বৈপরিত্ব দূর হবে এবং অনাকাঙ্ক্ষিত ডেথ রেফারেন্স মামলা জট কমবে।"

৫টি হাইকোর্ট বেঞ্চে ডেথ রেফারেন্স শুনানি

সর্বশেষ গত ২৪ অক্টোবর ৫৭টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হাইকোর্টের ৫টি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে।

যে দণ্ড দিতে পারেন হাইকোর্ট

ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স শুনানির প্রক্রিয়া ও ক্ষমতা বর্ণিত আছে। আইন অনুযায়ী, হাইকোর্ট বিভাগ চাইলে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে পারে। আবার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন বা অন্য কোনো দণ্ড দিতে পারে কিংবা আসামিকে খালাস দিতে পারে। এছাড়া, হাইকোর্ট মামলাটি পুনঃতদন্ত বা নতুন করে বিচারের নির্দেশ দিতে পারে।

বিশেষ হাইকোর্ট বেঞ্চে ৩৮টি রায়ের দৃষ্টান্ত

অগ্রাধিকার ভিত্তিতে নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই বেঞ্চ গত ১৭ নভেম্বর পর্যন্ত ৩৮টি মামলার রায় ঘোষণা করেছে। হাইকোর্টের এই বেঞ্চ ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে গত ২৪ আগস্ট রায় দেন।

অন্যদিকে, মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্ট গত ৩১ আগস্ট রায় ঘোষণা করেন।

এছাড়া, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে গত ১৭ নভেম্বর আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়ে রায় দিয়েছেন এই হাইকোর্ট বেঞ্চ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীদের ২৫০ জনের বহর মেক্সিকোতে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীদের ২৫০ জনের বহর মেক্সিকোতে পৌঁছেছে

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রে পৌঁছানোর উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করা প্রায় ২৫০ জন অভিবাসনপ্রত্যাশীর একটি বহর শুক্রবার মেক্সিকোতে প্রবেশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে। এই বহরের অধিকাংশ সদস্য মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপি নিশ্চিত করেছে, নারী, পুরুষ ও শিশুদের নিয়ে গঠিত এই দলটি নিজেদের মালপত্র কাঁধে ও পিঠে বহন করে গুয়াতেমালা থেকে সীমান্ত সেতু অতিক্রম করে মেক্সিকোর তাপাচুলা শহরে প্রবেশ করে।

দলটির হাতে ‘ঈশ্বর আমাদের সঙ্গে আছেন’ লেখা একটি ব্যানার ছিল। তবে মেক্সিকোর কর্তৃপক্ষ তাদের চলাচলে কোনো বাধা দেয়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত বেড়ে গেছে। গত কিছুদিনে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশায় অন্তত ছয়টি অভিবাসী বহর মেক্সিকোতে প্রবেশ করেছে।

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন এএফপিকে জানিয়েছেন, তারা এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। তবে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) পরিচালিত অভিযানের সময় তাদের আটক করে বহিষ্কার করা হয়।

হন্ডুরাসের ৩১ বছর বয়সী সাবা নাজেরা বলেন, ‘আমিও আইসিইর অভিযানের শিকার। এখন আমি হিউস্টনে থাকা আমার ছোট্ট মেয়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমার সদ্য জন্ম নেয়া মেয়েটির সঙ্গে সময় কাটানোর সুযোগটুকুও আমাকে দেওয়া হয়নি। কিন্তু এই ঘটনাই আমাকে আরও অনুপ্রাণিত করছে, সীমান্ত পার হওয়ার জন্য আরও শক্তি জোগাচ্ছে।’

বড় আকারের অভিবাসী বহরগুলোকে নিরাপত্তা বাহিনী বিভিন্ন সময় আটকে দিয়েছে। অন্যদিকে, মেক্সিকোর অভিবাসন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়ে আশ্রয়ের জন্য মেক্সিকোতে আবেদন করার সুযোগ দেওয়ার পর কয়েকটি বহর ছত্রভঙ্গ হয়ে গেছে।

এদিকে শুক্রবার প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীর আরেকটি বহর মেক্সিকোর ওহাকা রাজ্যের দিকে অগ্রসর হচ্ছিল।

অন্যদিকে, অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে না পারলে মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের প্রথম মেয়াদ এবং তার পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময়ও অভিবাসীদের এ ধরনের বহর নিয়ে তার কঠোর অবস্থান বিশেষ গুরুত্ব পেয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

দিনাজপুর, ২০ নভেম্বর, ২০২৬ : দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় ৭ জন যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার রাতে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়, যার ফলে ৭ যাত্রী গুরুতরভাবে আহত হন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন নবী জানিয়েছেন, মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধারকাজের জন্য পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

আহতদের স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর কোচের চালক এবং সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত হাসান জানান, দুর্ঘটনায় আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জনকে অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের হাত এবং দুজনের পা ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ও হাত-পায়ে জখম রয়েছে।

অন্য ৩ জনকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%