ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন মামলার দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টের নতুন দৃষ্টান্ত


নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন মামলার দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টের নতুন দৃষ্টান্ত

এস এম আশিকুজ্জামান

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে হাইকোর্ট।

দেশের বিচারিক ইতিহাসে, হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ অল্প সময়ের মধ্যে নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করেছে। এই বেঞ্চের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি, উচ্চ আদালতের ডেথ রেফারেন্স মামলা জট কমানোর জন্য আরও কিছু বিশেষ হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

আরও পড়ুন: গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, তদন্ত শুরু

ডেথ রেফারেন্স মামলা কি?

ফৌজদারি বিচার ব্যবস্থায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভাগ্য নির্ধারণের জন্য ‘ডেথ রেফারেন্স’ বা মৃত্যুদণ্ড অনুমোদন মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রচলিত আইন অনুযায়ী, দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন, তখন সেই সাজা কার্যকর করার পূর্বে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুসারে, বিচারিক আদালত মৃত্যুদণ্ডের ঘোষণা দিলে মামলার সকল নথিপত্র হাইকোর্টে পাঠাতে হয়। হাইকোর্টে এটি ‘ডেথ রেফারেন্স’ মামলা হিসেবে নথিভুক্ত হয়।

হাজারের অধিক ডেথ রেফারেন্স মামলা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারাধীন ডেথ রেফারেন্স মামলার সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলার সংখ্যা ১ হাজার ৩০১টি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী

গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে মাত্র ১০টি ডেথ রেফারেন্স মামলা।

এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রদত্ত তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে শুনানির ধারাবাহিকতায় বর্তমানে হাইকোর্টে ২০১৯-২০ সালে নথিভুক্ত ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে।

ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ হিসেবে ‘পেপারবুক’ প্রস্তুতে সময় লাগা ও মামলার তুলনায় ডেথ রেফারেন্স শুনানির বেঞ্চের সংখ্যা কম থাকা উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

তিনি বাসস’কে বলেন, ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার ফলে কারাগারের কনডেম সেলে অনেক আসামি বছরের পর বছর বন্দী জীবন কাটান। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, এসব বন্দীদের মধ্যে কেউ কেউ হাইকোর্টের রায়ে খালাসও পান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

ডেথ রেফারেন্স মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে, অনেক আসামি কারাগারের কনডেম সেলের অনাকাঙ্ক্ষিত বন্দীদশা থেকে মুক্তি পেতেন বলে তিনি মন্তব্য করেন।

ডেথ রেফারেন্স মামলার পেপার বুক কী?

ডেথ রেফারেন্স মামলার পেপার বুকের মধ্যে বিচারিক আদালতে মামলা শুরু থেকে রায় পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ নথিপত্র সংকলিত থাকে। এতে মামলার এজাহার (এফআইআর), অভিযোগপত্র (চার্জশিট), অভিযোগ গঠন, আদেশনামা, সুরতহাল প্রতিবেদন, জব্দ তালিকা, ঘটনাস্থলের খসড়া মানচিত্র, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক বা ডিএনএসহ অন্যান্য বিশেষজ্ঞ প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকে।

এছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মৃত্যুকালীন ঘোষণা, রাষ্ট্র ও আসামিপক্ষের সকল সাক্ষীর জবানবন্দি ও জেরা, ৩৪২ ধারায় আসামির বক্তব্য, আদালতে দাখিলকৃত দালিলিক সাক্ষ্য (প্রদর্শনী), বিচারিক আদালতের পূর্ণাঙ্গ রায় এবং আসামিপক্ষের দায়ের করা আপিল বা জেল আপিলের নথি পেপার বুকে অন্তর্ভুক্ত থাকে। পেপার বুক মূলত সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে ছাপা হয়ে হাইকোর্টে শুনানির জন্য প্রস্তুত হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা রেখেছে

ডেথ রেফারেন্স মামলার জট কমানোর উপায়

দেশের উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) মামলার জট প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসস’কে বলেন, "এ কথা সত্য যে ডেথ রেফারেন্স মামলা শুনানির জন্য পেপার বুক তৈরি করতে সময় লাগে। কিন্তু সব কিছু প্রস্তুত হয়ে যখন আদালতে মামলা শুনানির জন্য আসে তখন তো মামলা নিষ্পত্তিতে বিলম্ব ঘটার কথা নয়।"

এক্ষেত্রে, ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দণ্ডিত ব্যক্তির আইনজীবী ও রাষ্ট্রপক্ষকে দ্রুত মামলা নিষ্পত্তিতে আগ্রহী হতে হবে। সেই সাথে, ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বিচারকদের অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি রোল প্লে করতে হবে। সম্প্রতি, অতি অল্প সময়ের মধ্যে হাইকোর্টের একটি বেঞ্চ নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিচারিক আদালতের কিছু বিচারকের গণহারে দেওয়া ফাঁসির রায়ের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, "নিম্ন আদালতের কিছু কিছু বিচারকের মধ্যে গণহারে ফাঁসি দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে। গণহারে দেয়া ফাঁসির রায় পরবর্তীতে হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা বাড়িয়ে মামলা জট তৈরি করে।"

আরও পড়ুন: অনলাইন জুয়া চক্রের তদন্তে পুলিশের নাটকীয়তা ও গ্রেফতারের কাণ্ড

তিনি উদাহরণ হিসেবে বলেন, ফেনীর নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনালের বিচারক। যেটিকে হাইকোর্ট ‘মাইন্ডলেস সেন্টেন্স’ বলে উল্লেখ করেছে। অবশেষে, হাইকোর্ট ওই বিচারককে ফৌজদারী মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।

অন্যদিকে, সেন্টেন্সিং গাইডলাইনের প্রয়োজনীয়তা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, "কোন একটা হত্যাকাণ্ডের অপরাধে ‘হোলসেল ফাঁসির রায়’ যাতে না হয়, সে জন্য ফৌজদারী মামলার বিচারে একটি সেন্টেন্সিং গাইডলাইন অবশ্যই থাকা দরকার। আমাদের কোন সেন্টেন্সিং গাইডলাইন নেই। সেন্টেন্সিং গাইডলাইন হলে বিচারিক বৈপরিত্ব দূর হবে এবং অনাকাঙ্ক্ষিত ডেথ রেফারেন্স মামলা জট কমবে।"

৫টি হাইকোর্ট বেঞ্চে ডেথ রেফারেন্স শুনানি

সর্বশেষ গত ২৪ অক্টোবর ৫৭টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হাইকোর্টের ৫টি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে।

আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে শুরু

যে দণ্ড দিতে পারেন হাইকোর্ট

ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স শুনানির প্রক্রিয়া ও ক্ষমতা বর্ণিত আছে। আইন অনুযায়ী, হাইকোর্ট বিভাগ চাইলে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে পারে। আবার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন বা অন্য কোনো দণ্ড দিতে পারে কিংবা আসামিকে খালাস দিতে পারে। এছাড়া, হাইকোর্ট মামলাটি পুনঃতদন্ত বা নতুন করে বিচারের নির্দেশ দিতে পারে।

বিশেষ হাইকোর্ট বেঞ্চে ৩৮টি রায়ের দৃষ্টান্ত

অগ্রাধিকার ভিত্তিতে নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই বেঞ্চ গত ১৭ নভেম্বর পর্যন্ত ৩৮টি মামলার রায় ঘোষণা করেছে। হাইকোর্টের এই বেঞ্চ ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে গত ২৪ আগস্ট রায় দেন।

অন্যদিকে, মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্ট গত ৩১ আগস্ট রায় ঘোষণা করেন।

এছাড়া, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে গত ১৭ নভেম্বর আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়ে রায় দিয়েছেন এই হাইকোর্ট বেঞ্চ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীদের ২৫০ জনের বহর মেক্সিকোতে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীদের ২৫০ জনের বহর মেক্সিকোতে পৌঁছেছে

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রে পৌঁছানোর উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করা প্রায় ২৫০ জন অভিবাসনপ্রত্যাশীর একটি বহর শুক্রবার মেক্সিকোতে প্রবেশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে। এই বহরের অধিকাংশ সদস্য মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপি নিশ্চিত করেছে, নারী, পুরুষ ও শিশুদের নিয়ে গঠিত এই দলটি নিজেদের মালপত্র কাঁধে ও পিঠে বহন করে গুয়াতেমালা থেকে সীমান্ত সেতু অতিক্রম করে মেক্সিকোর তাপাচুলা শহরে প্রবেশ করে।

দলটির হাতে ‘ঈশ্বর আমাদের সঙ্গে আছেন’ লেখা একটি ব্যানার ছিল। তবে মেক্সিকোর কর্তৃপক্ষ তাদের চলাচলে কোনো বাধা দেয়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত বেড়ে গেছে। গত কিছুদিনে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশায় অন্তত ছয়টি অভিবাসী বহর মেক্সিকোতে প্রবেশ করেছে।

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন এএফপিকে জানিয়েছেন, তারা এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। তবে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) পরিচালিত অভিযানের সময় তাদের আটক করে বহিষ্কার করা হয়।

হন্ডুরাসের ৩১ বছর বয়সী সাবা নাজেরা বলেন, ‘আমিও আইসিইর অভিযানের শিকার। এখন আমি হিউস্টনে থাকা আমার ছোট্ট মেয়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমার সদ্য জন্ম নেয়া মেয়েটির সঙ্গে সময় কাটানোর সুযোগটুকুও আমাকে দেওয়া হয়নি। কিন্তু এই ঘটনাই আমাকে আরও অনুপ্রাণিত করছে, সীমান্ত পার হওয়ার জন্য আরও শক্তি জোগাচ্ছে।’

বড় আকারের অভিবাসী বহরগুলোকে নিরাপত্তা বাহিনী বিভিন্ন সময় আটকে দিয়েছে। অন্যদিকে, মেক্সিকোর অভিবাসন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়ে আশ্রয়ের জন্য মেক্সিকোতে আবেদন করার সুযোগ দেওয়ার পর কয়েকটি বহর ছত্রভঙ্গ হয়ে গেছে।

এদিকে শুক্রবার প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীর আরেকটি বহর মেক্সিকোর ওহাকা রাজ্যের দিকে অগ্রসর হচ্ছিল।

অন্যদিকে, অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে না পারলে মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের প্রথম মেয়াদ এবং তার পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময়ও অভিবাসীদের এ ধরনের বহর নিয়ে তার কঠোর অবস্থান বিশেষ গুরুত্ব পেয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

দিনাজপুর, ২০ নভেম্বর, ২০২৬ : দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় ৭ জন যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার রাতে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়, যার ফলে ৭ যাত্রী গুরুতরভাবে আহত হন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন নবী জানিয়েছেন, মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধারকাজের জন্য পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

আহতদের স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর কোচের চালক এবং সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত হাসান জানান, দুর্ঘটনায় আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জনকে অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের হাত এবং দুজনের পা ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ও হাত-পায়ে জখম রয়েছে।

অন্য ৩ জনকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং রিফাত সরদার (২৫)। উভয়ের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায় অবস্থিত।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়, যার ফলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মালেক আলী সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা দুইটি মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজধানী ঢাকায় আজ (২১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করবে।

এ কর্মসূচি ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতে অনুষ্ঠিত হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আজ (২১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের পর একটি মিছিল বের করা হবে।

তিনি আরও জানান, এই কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণ করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%