১১:৫৪ এম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রে পৌঁছানোর উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করা প্রায় ২৫০ জন অভিবাসনপ্রত্যাশীর একটি বহর শুক্রবার মেক্সিকোতে প্রবেশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে। এই বহরের অধিকাংশ সদস্য মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এএফপি নিশ্চিত করেছে, নারী, পুরুষ ও শিশুদের নিয়ে গঠিত এই দলটি নিজেদের মালপত্র কাঁধে ও পিঠে বহন করে গুয়াতেমালা থেকে সীমান্ত সেতু অতিক্রম করে মেক্সিকোর তাপাচুলা শহরে প্রবেশ করে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
দলটির হাতে ‘ঈশ্বর আমাদের সঙ্গে আছেন’ লেখা একটি ব্যানার ছিল। তবে মেক্সিকোর কর্তৃপক্ষ তাদের চলাচলে কোনো বাধা দেয়নি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত বেড়ে গেছে। গত কিছুদিনে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশায় অন্তত ছয়টি অভিবাসী বহর মেক্সিকোতে প্রবেশ করেছে।
অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন এএফপিকে জানিয়েছেন, তারা এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। তবে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) পরিচালিত অভিযানের সময় তাদের আটক করে বহিষ্কার করা হয়।
হন্ডুরাসের ৩১ বছর বয়সী সাবা নাজেরা বলেন, ‘আমিও আইসিইর অভিযানের শিকার। এখন আমি হিউস্টনে থাকা আমার ছোট্ট মেয়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছি।’
আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?
তিনি আরও বলেন, ‘আমার সদ্য জন্ম নেয়া মেয়েটির সঙ্গে সময় কাটানোর সুযোগটুকুও আমাকে দেওয়া হয়নি। কিন্তু এই ঘটনাই আমাকে আরও অনুপ্রাণিত করছে, সীমান্ত পার হওয়ার জন্য আরও শক্তি জোগাচ্ছে।’
বড় আকারের অভিবাসী বহরগুলোকে নিরাপত্তা বাহিনী বিভিন্ন সময় আটকে দিয়েছে। অন্যদিকে, মেক্সিকোর অভিবাসন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়ে আশ্রয়ের জন্য মেক্সিকোতে আবেদন করার সুযোগ দেওয়ার পর কয়েকটি বহর ছত্রভঙ্গ হয়ে গেছে।
এদিকে শুক্রবার প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীর আরেকটি বহর মেক্সিকোর ওহাকা রাজ্যের দিকে অগ্রসর হচ্ছিল।
অন্যদিকে, অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে না পারলে মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন: রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন
ট্রাম্পের প্রথম মেয়াদ এবং তার পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময়ও অভিবাসীদের এ ধরনের বহর নিয়ে তার কঠোর অবস্থান বিশেষ গুরুত্ব পেয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন