০৭:০৯ পি.এম
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের একতরফা সামরিক হামলা চালানোর যৌক্তিকতা বর্তমানে নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের ডানপন্থী ‘আওয়ার হোম’ (ইসরায়েল বেইতেনু) দলের নেতা আভিগদর লিবারম্যান। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তাঁরা ক্ষমতায় টিকে থাকার লোভে বেপরোয়া আচরণ করছেন।
এই মন্তব্যগুলো লিবারম্যান করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়নকে ‘গুরুতর’ বলে অভিহিত করেছেন, যেখানে বলা হয়েছে যে ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে। তবে লিবারম্যানের মতে, অদূর ভবিষ্যতে ইরানে ইসরায়েলের স্বাধীন বা একক হামলার জন্য কোনো গোয়েন্দা তথ্য বা অভিযানগত যৌক্তিকতা নেই।
এছাড়া, সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মন্তব্য করেছেন যে, ইরানের ওপর আগাম হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া উচিত নয়। লিবারম্যান তাঁর এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই অবস্থানের তীব্র সমালোচনা করে বলেন, তাঁদের পদক্ষেপগুলো মূলত ‘ক্ষমতার লোভ’ থেকে উদ্ভূত।
আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা
লিবারম্যান আরও বলেন, “তারা যেকোনো মূল্যে নিজেদের পদ আঁকড়ে ধরে রাখতে মরিয়া। দায়িত্বশীলতা কিংবা কাণ্ডজ্ঞান—কোনোটিই তাদের মধ্যে নেই।”
অন্যদিকে, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তেহরান তা সম্পূর্ণরূপে ‘বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে। সূত্র: আল জাজিরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন