বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৪ এম
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা যুবদল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর ও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর ইউনিয়নের আলিফ কাচ্চি সংলগ্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে যুবদল, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কুমিল্লা গামী লেনে পায়ে হেঁটে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।
কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা পৃথকভাবে ছোট ছোট বিক্ষোভ মিছিল নিয়ে নির্ধারিত স্থানে সমবেত হন। পরে তারা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের অগ্নিসংযোগ, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান। গজারিয়া উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মুজাম্মেল হক মুন্না।
এ সময় গজারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল রিমু, সাধারণ সম্পাদক নাজির সিকদার, যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু, নজরুল ইসলাম, আশরাফুল আলম সবুজ, রেজাউল করিম তারেক ও শাহিন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ শিকদার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মান্নান মিয়াজী, যুগ্ম আহ্বায়ক বিপ্লবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম এবং সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কিনা, সেই বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জনকণ্ঠের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিদের নির্দেশ দিয়েছেন তাদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার জন্য।
আজ বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের একটি সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য নিজ নিজ এলাকায় অবস্থান করার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী একটি বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রাটি ১৮ নভেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে এসে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক এবং কাপাসিয়া থানার (ওসি) মোহাম্মদ নাসির আহমেদের নেতৃত্বে বিশাল শোভাযাত্রায় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির লোকজন অংশগ্রহণ করেন।
সমাবেশে "মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন" এই শ্লোগানকে সামনে রেখে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, বিএনপি নেতা আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাকারিয়া হোসেন, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ আবুল ফাত্তাহ, ব্যবসায়ী প্রতিনিধি চিত্ত রঞ্জন সাহা, তরগাঁও ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবু সাঈদ আহমেদ, এবং বিএনপি নেতা জহিরুল ইসলাম ফকির প্রমুখ।
এছাড়া, মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় কাপাসিয়া প্রেসক্লাব ফুটবল দল এবং কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির দল অংশগ্রহণ করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর যানজট নিরসনে ৫০টি পয়েন্টে নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্র্যাফিক সিগন্যাল বসানোর কাজ আগামী এক থেকে দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ঢাকা শহরের যানজট সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগে দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন এআই সিগন্যাল বসানোর কাজ চলছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, বিভিন্ন পয়েন্টে নতুন ট্র্যাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। তবে সেগুলো এখনও কার্যক্রম শুরু করেনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই লাইটগুলো কার্যকর হবে। তিনি বলেন, "এই এআই ক্যামেরাসহ ট্র্যাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্র্যাফিক ব্যবস্থা বা যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে।"
বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে নির্দিষ্ট সময়ে যানজট থাকা স্বাভাবিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকালে অফিস ও স্কুল শুরুর সময় এবং বিকেলে অফিস ও স্কুল ছুটির সময় দুই থেকে চার ঘণ্টার মতো যানজট থাকে। তিনি বলেন, "পৃথিবীর বড় শহরগুলোতে এমন চিত্র দেখা যায়। বাংলাদেশেও একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে।"
তিনি বলেন, সরকার চেষ্টা করছে যেন যানজট যতটুকু সম্ভব কমানো যায় এবং ট্র্যাফিক ব্যবস্থার উন্নতি করা যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ