১২:২৯ পি.এম
সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন ছিল বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। এই বিশেষ দিনটিতে সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছেন। তিনি শুধু শুভেচ্ছা জানাননি, বরং সুস্মিতাকে নিজের ‘প্রিয় বন্ধু’ বলেও উল্লেখ করেছেন।
বহু বছর আগে সুস্মিতা সেন ও ললিত মোদির সম্পর্ক ভেঙে গিয়েছিল। বর্তমানে তারা দুজনেই নিজেদের জীবনে এগিয়ে চলেছেন। তবে সাবেক প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ললিত মোদি ভুল করেননি।
ললিত মোদির এই বিশেষ শুভেচ্ছাবার্তা সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর আবারও তাদের একসময়ের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে সুস্মিতার সঙ্গে একটি ছবি শেয়ার করে ললিত মোদি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু সুস্মিতা সেনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। হাসিখুশি থেকো।’
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা
‘প্রিয় বন্ধু’ সম্বোধনটি ভক্ত এবং অনুরাগীদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে। কারণ একসময় এই দুজনের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা ও সমালোচনা কম হয়নি। প্রেমের ঘোষণা থেকে বিচ্ছেদের জল্পনা— সবই ছিল সংবাদমাধ্যমের শিরোনামে।
সুস্মিতার জন্মদিনে ললিতের এই শুভেচ্ছা আসলে তাদের সম্পর্কের বর্তমান অবস্থান নিয়েও কৌতূহল সৃষ্টি করেছে। যদিও দুজনের কেউ-ই নতুন করে কোনো সম্পর্কের ইঙ্গিত দেননি। ললিত মোদির তরফ থেকে অভিনেত্রীকে শুধুমাত্র বন্ধু হিসেবেই সম্বোধন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন