ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সালমানের হাত থেকে সুরক্ষিত থাকতে ঐশ্বরিয়াকে বডিগার্ড রাখতে হয়েছে


সালমানের হাত থেকে সুরক্ষিত থাকতে ঐশ্বরিয়াকে বডিগার্ড রাখতে হয়েছে

বলিউডের অন্যতম আলোচিত সম্পর্ক ছিল সালমান খান এবং ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের গুঞ্জন। ঐশ্বরিয়ার সাবেক দেহরক্ষী কেতন কারান্দে এবার তাদের সেই পুরনো অধ্যায় এবং শুটিং সেটের বিভিন্ন ঘটনার বিষয়ে কথা বলেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কেতন জানিয়েছেন, ঐশ্বরিয়াকে সালমানের হাত থেকে সুরক্ষিত রাখার জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০০২ সালে রোহন সিপ্পির পরিচালনায় ‘কুছ না কাহো’ সিনেমার শুটিং চলাকালীন ঐশ্বরিয়ার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। সাংবাদিক কাভেরী বামজাই তার ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অব নিউ ইন্ডিয়া’ বইয়ে উল্লেখ করেছেন যে, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার অভিনয় সালমান খান মেনে নিতে পারেননি।

কেতন কারান্দে ‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, ‘একসময় আমি ঐশ্বরিয়া রাইয়ের দেহরক্ষী ছিলাম। সালমান খানের কারণে আমাকে নেওয়া হয়েছিল। তার কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতে সাত দিনের জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল।’

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

কেতনের মতে, ঐশ্বরিয়াকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার এবং সিনেমার সেটে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার। একদিন একটি ফ্যাশন শো থেকে ফেরার পথে সালমানের সঙ্গে মুখোমুখি হন তারা। কেতন জানান, সালমানের আচরণ থেকে বাঁচতেই ঐশ্বরিয়া তাকে দেহরক্ষী রেখেছিলেন; কারণ অনেক সময় মদ্যপ অবস্থায় সালমান বিভিন্ন অনুষ্ঠানে ঢুকে পড়তেন, তখন তারা দ্রুত ঐশ্বরিয়াকে নিয়ে সেখান থেকে সরে আসতেন।

ফ্যাশন শো থেকে ফেরার সময় সালমানকে সামনে দেখে কেতন বেশ ভড়কে গিয়েছিলেন। ওই ঘটনার পরপরই তিনি চাকরি ছেড়ে দেন। চাকরি ছাড়ার কারণ জানতে চাইলে কেতন বলেন, তিনি সালমান ও ঐশ্বরিয়ার দুজনেরই ভক্ত, তাই তাদের সম্পর্কের টানাপোড়েনে জড়াতে চাননি।

সালমান ও ঐশ্বরিয়ার মধ্যকার উত্তেজনার আরও একাধিক ঘটনার কথা ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কাভেরী বামজাই তার বইয়ে শাহরুখ খানের ‘চলতে চলতে’ সিনেমার সেটের একটি ঘটনার উল্লেখ করেছেন, যেখানে সালমানের কারণে শুটিং বন্ধ করতে হয়েছিল।

বইয়ের তথ্য অনুযায়ী, সালমান সেটে ঢুকে শুটিং আটকে দেন এবং টানা সাড়ে চার ঘণ্টা অশান্ত অবস্থায় থাকেন; ফলে পরিচালক আজিজ মির্জা সিনেমাটি বন্ধ করতে বাধ্য হন। এর প্রভাব শুধু ‘চলতে চলতে’ থেকে ঐশ্বরিয়ার বাদ পড়াতেই সীমাবদ্ধ ছিল না, বরং শাহরুখ খানের ‘বীর-জারা’ ও ‘ম্যায় হুঁ না’র মতো প্রজেক্টেও এর ছায়া পড়েছিল।

আরও পড়ুন: জিটিএ ৬-এ বাজছে রূপা বিশ্বাসের বাংলা গান

উল্লেখ্য, অতীতে ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘ঢাই অক্ষর প্রেম কে’ (২০০০) এবং ‘হাম তুমহারে হ্যায় সনম’ (২০০২)-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান ও ঐশ্বরিয়া। সর্বশেষ মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান: পার্ট টু’ (২০২৩)-এ নন্দিনী চরিত্রে বড় পর্দায় দেখা গেছে ঐশ্বরিয়াকে। অন্যদিকে, সালমান খান বর্তমানে তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমির সেবা সম্পর্কে তথ্য জানাতে ফোন করুন ১৬১২২ নাম্বারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


জমির সেবা সম্পর্কে তথ্য জানাতে ফোন করুন ১৬১২২ নাম্বারে

জমির নামজারি করতে গিয়ে যদি সমস্যা হয়? অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে না পারলে? খতিয়ান বা জমির নকশা তুলতে গিয়ে বুঝতে না পারলে কী করতে হবে? অথবা ভূমি অফিসে গিয়ে হয়রানি বা অনিয়মের শিকার হলে? এসব সমস্যার সমাধান ও অভিযোগ জানাতে ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা হটলাইন ১৬১২২ (16122) নাম্বারে ফোন করা যেতে পারে।

ভূমি মন্ত্রণালয়ের এই হটলাইনে জমির নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, মৌজা ম্যাপসহ ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও পরামর্শ পাওয়া যায়। শুধু তথ্য জানানোই নয়, ভূমিসেবা পেতে গিয়ে যদি কোনো সমস্যা হয় কিংবা সেবা নিয়ে অভিযোগ থাকে, সেক্ষেত্রেও এই নাম্বারে যোগাযোগ করা যাবে।

ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং হটলাইন পোর্টালের পাশাপাশি সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থায় অনলাইনে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ফলে ভূমি অফিসে বারবার না গিয়েও প্রাথমিকভাবে অনেক সমস্যার সমাধান করা সম্ভব।

১৬১২২ নাম্বারে যেসব বিষয়ে সহায়তা পাবেন

ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের তথ্য, পরামর্শ ও অভিযোগ গ্রহণের জন্য ১৬১২২ নাম্বারটি চালু রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকায় ভূমিসেবার আওতায় বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নামজারি ও জমাখারিজ: জমি কেনার পর নিজের নামে নামজারি বা খারিজ করতে কী করতে হবে, আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, ফি ও আবেদনসংক্রান্ত জটিলতা সম্পর্কে জানতে পারবেন। নামজারির আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে সহায়তা চাইতে পারবেন।

ভূমি উন্নয়ন কর: অনলাইনে খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ, হোল্ডিং খোলা ও অনুমোদন, করের পরিমাণ নির্ধারণ, ভুল করের দাবি সংশোধন এবং দাখিলা-সংক্রান্ত সমস্যায় পরামর্শ পাওয়া যাবে।

খতিয়ান ও জমির রেকর্ড: সিএস, এসএ, আরএস, বিএসসহ বিভিন্ন জরিপের খতিয়ান বা পর্চা সংগ্রহ, সার্টিফায়েড কপি পাওয়া এবং ভূমি রেকর্ডের তথ্য নিয়ে সহায়তা চাইতে পারবেন।

মৌজা ম্যাপ বা জমির নকশা: জমির মৌজা নকশা সংগ্রহ, নকশা বুঝতে সমস্যা হলে, জমির অবস্থান ও জরিপ-সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে পারবেন।

ভূমি জরিপ ও রেকর্ড সংশোধন: মাঠজরিপ, জরিপের তথ্য যাচাই, আদালতের আদেশ অনুযায়ী রেকর্ড সংশোধন এবং ভূমির শ্রেণি পরিবর্তনসংক্রান্ত বিষয়ে সহায়তা পাওয়া যাবে।

ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ: সরকারি প্রয়োজনে জমি অধিগ্রহণ বা হুকুমদখল করা হলে ক্ষতিপূরণ নির্ধারণ ও পরিশোধসংক্রান্ত বিষয়ে তথ্য জানতে পারবেন।

খাসজমি ও জলমহাল: খাস কৃষি ও অকৃষি জমির বন্দোবস্ত, জলমহালসহ বিভিন্ন সায়রাত মহাল ইজারা এবং এ-সংক্রান্ত আবেদন নিয়ে জানতে পারবেন।

ভূমি রাজস্ব মামলা: রাজস্ব মামলার আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহসহ ভূমি রাজস্ব-সংক্রান্ত সেবা সম্পর্কে তথ্য ও পরামর্শ চাইতে পারবেন।

এছাড়া অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ইজারা, বন্দোবস্ত ও ভূমি প্রশাসনের অন্যান্য সেবা সম্পর্কেও সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।

ভূমি অফিসের বিরুদ্ধে যেসব অভিযোগ জানাতে পারবেন

ভূমি অফিসে সেবা নিতে গিয়ে নাগরিকরা নানা ধরনের হয়রানি ও অনিয়মের শিকার হন। কারও নামজারি আবেদন দীর্ঘদিন আটকে থাকে, কারও কাছে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা চাওয়া হয়। আবার কেউ কেউ প্রয়োজনীয় সেবা পেতে অযথা ঘুরতে থাকেন।

এসব বিষয়ে অভিযোগ জানানো যাবে ১৬১২২ নাম্বারে। ভূমি মন্ত্রণালয়ের ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকায় যেসব অভিযোগের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে-

অভিযোগ পাওয়ার পর তা নথিভুক্ত ও যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরে পাঠানোর ব্যবস্থা রয়েছে। অভিযোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রয়োজনে তদন্ত, শুনানি বা কাগজপত্র চাওয়া হতে পারে।

তবে কোনো রাজস্ব আদালত বা দেওয়ানি আদালতে বিচারাধীন বিষয় কিংবা আদালতের কোনো আদেশের বিষয়ে এই অভিযোগ ব্যবস্থার মাধ্যমে বিচারিক সিদ্ধান্ত পাওয়া যাবে না।

কখন ফোন করবেন, টোল ফ্রি কিনা?

ভূমি সেবা হটলাইন ১৬১২২ সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা চালু রয়েছে। অর্থাৎ সরকারি ছুটির দিন কিংবা রাতেও ভূমিসেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানাতে ফোন করা যাবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্যও রয়েছে আলাদা নম্বর। বিদেশ থেকে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে ফোন করে ভূমিসেবা-সংক্রান্ত সহায়তা ও অভিযোগ জানানো যাবে।

তবে ১৬১২২ নাম্বারটি টোল ফ্রি নয়। এ নম্বরে ফোন করলে মোবাইল অপারেটরের প্রচলিত কলচার্জ প্রযোজ্য হবে।

হটলাইন ছাড়া যেভাবে অভিযোগ জানাবেন

ফোনে অভিযোগ জানানো ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অভিযোগ দাখিল করা যায়। এ জন্য ভিজিট করতে হবে hotline.land.gov.bd ওয়েবসাইটে।

ওয়েবসাইটে প্রবেশ করলে ‘অভিযোগ প্রতিকার’ ও ‘কারিগরি সহায়তা’ এ দুটি সেবার ধরন দেখা যায়। প্রয়োজন অনুযায়ী অভিযোগ বা কারিগরি সহায়তার অপশন বেছে নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা চাইতে পারবেন। এজন্য আপনাকে লগইন করতে হবে। আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকলে সচল মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

ওয়েবসাইটে সেবা গ্রহণের সময় কোনো কারিগরি সমস্যা (যেমন: পেমেন্ট করতে না পারা, টাকা কেটে গেলেও দাখিলা/ডিসিআর না পাওয়া, মৌজা সিস্টেমে না থাকা, এনআইডি ভেরিফিকেশন না হওয়া, এসএমএস/ওটিপি না পাওয়া ইত্যাদি) দেখা দিলে কারিগরি সহায়তা মেনু থেকে সংশ্লিষ্ট সেবার নাম ও প্রয়োজনীয় তথ্য (যেমন: আবেদন নম্বর, ট্রান্সঅ্যাকশন নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি) উল্লেখ করে কারিগরি সহায়তার আবেদন করুন। এসব আবেদন সংশ্লিষ্ট কারিগরি টিম নিষ্পত্তি করে।

অন্যদিকে, মাঠ পর্যায়ের ভূমি অফিস থেকে সেবা পেতে বিলম্ব, হয়রানি, অসদাচরণ বা দুর্নীতির শিকার হলে প্রয়োজনীয় তথ্যসহ অভিযোগ দাখিল করুন। এসব অভিযোগ উপজেলা পর্যায়ে (এসি (ল্যান্ড) ও ইউএনও), জেলা পর্যায়ে (অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসক) এবং বিভাগীয় পর্যায়ে (অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও বিভাগীয় কমিশনার) নিষ্পত্তি করা হয়। পাশাপাশি ভূমি মন্ত্রণালয় এসব অভিযোগের সার্বিক মনিটরিং করে।

অনলাইনে অভিযোগের ক্ষেত্রে সমস্যার বিবরণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র, দলিল বা অন্যান্য প্রমাণের স্ক্যান কপি কিংবা ছবি সংযুক্ত করার সুযোগ রয়েছে। অভিযোগ জমা দেওয়ার পর তা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়। অভিযোগের অগ্রগতি ও নিষ্পত্তির তথ্যও অনলাইনে জানার ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল এবং কল সেন্টারের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও পরামর্শের জন্য [email protected] ও [email protected] ঠিকানায় ই-মেইল করা যায়। মন্ত্রণালয়ের ফেসবুক পেজ ভূমিসেবা https://www.facebook.com/land.gov.bd -এ বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব।

সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থায় অভিযোগ

ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থার পাশাপাশি সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএসেও অভিযোগ জানানো যায়। এ জন্য প্রবেশ করতে হবে www.grs.gov.bd ওয়েবসাইটে।

এখানে নাগরিক অভিযোগ দাখিলের সুযোগ রয়েছে। অভিযোগ জমা দেওয়ার পর মোবাইল ফোনে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে অগ্রগতি জানানো হয়। ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে অভিযোগের সর্বশেষ অবস্থা দেখা যায়। অভিযোগ নিষ্পত্তির পর সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার বিষয়েও মতামত দেওয়া যায়।

জিআরএসে পরিচয় গোপন রেখেও অভিযোগ করার সুযোগ রয়েছে। তবে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ করলে পরবর্তী অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়া যায় না এবং অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি নাও হতে পারে।

অভিযোগের নিষ্পত্তি হতে কত দিন লাগে?

ভূমি মন্ত্রণালয়ের ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা অনুযায়ী, সাধারণভাবে অভিযোগ নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা ৩০ কার্যদিবস। তদন্তের প্রয়োজন হলে অতিরিক্ত ১০ কার্যদিবস সময় নেওয়া যাবে। অর্থাৎ তদন্তসহ সর্বোচ্চ ৪০ কার্যদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে।

কোনো অভিযোগের নিষ্পত্তিতে অসন্তুষ্ট হলে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগও রয়েছে। মূল অভিযোগের ফলাফল জানানোর তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে আপিল করতে হবে। আপিল নিষ্পত্তির সময়সীমা সর্বোচ্চ ৩০ কার্যদিবস।

অভিযোগ করার আগে যেসব তথ্য প্রস্তুত রাখবেন

ভূমিসেবা-সংক্রান্ত কোনো সমস্যায় অভিযোগ জানানোর আগে সংশ্লিষ্ট কাগজপত্র ও তথ্য হাতের কাছে রাখা ভালো। যেমন-

অভিযোগের বিবরণ যত স্পষ্ট হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে বিষয়টি যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া তত সহজ হবে।

ভূমি নিয়ে জটিলতা বা হয়রানির শিকার হলে চুপ না থেকে নির্ধারিত সরকারি চ্যানেলে অভিযোগ জানানো জরুরি। তবে মনে রাখতে হবে, হটলাইন বা অভিযোগ প্রতিকার ব্যবস্থা জমির মালিকানা নিয়ে আদালতের বিকল্প নয়। এটি মূলত সরকারি ভূমিসেবা পাওয়া, সেবার মান নিশ্চিত করা এবং অনিয়মের প্রতিকার চাওয়ার একটি মাধ্যম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ জন নেতাকে সাংগঠনিক নিষ্ক্রিয়তা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

এ বিষয়ে শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ জন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহআইন সম্পাদক মো. রাকিব; সহতথ্য ও গবেষণা সম্পাদক রিদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।

এছাড়া, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকেও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এই নেতাদের সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তের অনুমোদন দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের কোনিয়া অববাহিকায় সিঙ্কহোল ও জলসংকট কৃষকদের বিপর্যস্ত করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


তুরস্কের কোনিয়া অববাহিকায় সিঙ্কহোল ও জলসংকট কৃষকদের বিপর্যস্ত করছে

তুরস্কের মধ্যাঞ্চলের কোনিয়া অববাহিকা, যা দেশের একটি প্রধান কৃষি অঞ্চল এবং ‘শস্যভাণ্ডার’ হিসেবে পরিচিত, বর্তমানে ভয়াবহ জলসংকট এবং সিঙ্কহোলের আতঙ্কে ভুগছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ফসলের মাঠে একের পর এক বিশাল গর্ত তৈরি হচ্ছে, যা স্থানীয় কৃষকদের, খাদ্য উৎপাদন এবং সামগ্রিক খাদ্য নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে।

এক ঘণ্টায় গায়েব গাজরের খেত

কোনিয়ার কারাপিনার জেলার ৪২ বছর বয়সী কৃষক লুৎফি গুলবাহার গরু ও ছাগল পালনের পাশাপাশি ১১০ একর জমিতে যব, গম এবং গাজর চাষ করেন। বংশপরম্পরায় এ জমিতে চাষাবাদ করলেও সাম্প্রতিক বছরগুলোতে তাঁর জমিতে অন্তত আটটি বিশাল সিঙ্কহোল সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় গর্তটি প্রায় ৫০ মিটার চওড়া এবং সমান গভীর। ট্রাক্টর চালানো এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাছাড়া এসব গভীর গর্তে পড়ে গবাদিপশুর প্রাণহানির শঙ্কাও তৈরি হয়েছে।

লুৎফি জানান, সম্প্রতি জমির নিচের অংশে পাইপ মেরামত করতে গিয়ে মাত্র এক ঘণ্টা পরে ফিরে এসে দেখেন সেখানে বিশাল একটি গর্ত তৈরি হয়েছে এবং তাঁর এক বোঝা গাজর নষ্ট হয়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই কৃষক বলেন, "ফসলের অংশ হারানো কষ্টদায়ক, ভয়ও লাগে—কিন্তু করার কী আছে।"

বাড়ছে সিঙ্কহোল, কমছে ভূগর্ভস্থ পানি

কোনিয়া অববাহিকায় প্রাকৃতিকভাবেই হাজার হাজার বছর ধরে সিঙ্কহোল তৈরি হয়ে আসছে, তবে সাম্প্রতিক সময়ে এর হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গত বছরের এক সরকারি পর্যালোচনা অনুযায়ী, কোনিয়া অববাহিকায় ৬৮৪টি সিঙ্কহোল রয়েছে এবং আরেকটি গবেষণায় দেখা গেছে, প্রতি বছর নতুন করে প্রায় ২০টি গর্ত তৈরি হচ্ছে।

কোনিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, ১৯৬০-এর দশকেও এ অঞ্চলে কূপ ছাড়াই চাষাবাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি হতো। কিন্তু জলবায়ু উষ্ণায়নের ফলে দীর্ঘমেয়াদি গড় বৃষ্টিপাত ৪০০ মিলিমিটার থেকে কমে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ২৫০ মিলিমিটারে নেমে এসেছে।

বৃষ্টি কম হওয়ায় কৃষকেরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। আগে যেখানে ৪০ মিটার গভীর কূপে পানি পাওয়া যেত, এখন সেখানে ১১০ মিটার এবং কোথাও কোথাও ২৫০ থেকে ৩০০ মিটার গভীরেও কূপ খোঁড়া হচ্ছে। অতিরিক্ত পানি তোলায় ভূগর্ভের কাঠামো দুর্বল হয়ে পৃষ্ঠভাগ ধসে পড়ছে। ডব্লিউডব্লিউএফের ২০১৪ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল, অঞ্চলের এক লাখ কূপের মধ্যে ৬৬ হাজারই ছিল অবৈধ।

খাদ্য নিরাপত্তা ও ঐতিহ্যবাহী হ্রদের সংকট

কোনিয়া অববাহিকা তুরস্কের মোট শস্যের প্রায় এক-চতুর্থাংশ, চিনি বিটের ৩০ শতাংশ এবং গাজরের ৭০ শতাংশ উৎপাদন করে। আট কোটি ৭০ লাখ মানুষের এই দেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বড় অংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল। অধ্যাপক আরিকের আশঙ্কা, সংকট এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সুপেয় পানিও হুমকির মুখে পড়তে পারে।

এর প্রভাব পড়েছে পর্যটন ও প্রাকৃতিক জলাধারেও। আগ্নেয়গিরির জ্বালামুখ ঘিরে গড়ে ওঠা বিখ্যাত মেক হ্রদ এখন পুরোপুরি শুকিয়ে গেছে। আরেকটি বিখ্যাত সিঙ্কহোল হ্রদ কizওরেন গোলুর পানির স্তর ২০০৪ সালের তুলনায় প্রায় ৪০ মিটার নিচে নেমে গেছে।

জলবায়ু সম্মেলনে অচলাবস্থা ও স্থানীয় বাস্তবতা

কোনিয়া থেকে প্রায় পাঁচ ঘণ্টার দূরত্বে উপকূলীয় শহর আন্তালিয়ায় প্রায় ২০০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে কপ৩১ (COP31) জলবায়ু সম্মেলন চলাকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে জাতিসংঘের একমাত্র নিবেদিত আলোচনা ট্র্যাক অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত মতবিরোধে মাঝপথে ভেঙে পড়ে। অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের প্রতিনিধি মেরি কসকুয়ের মতে, মাঠপর্যায়ের বাস্তবতার তুলনায় আলোচনার অগ্রগতি অত্যন্ত হতাশাজনক।

দেশে শস্য আবর্তন, কম পানি লাগে এমন ফসলে প্রণোদনা এবং অবৈধ কূপ বন্ধে সরকারি উদ্যোগ থাকলেও স্থানীয় পর্যায়ে নিয়ম মানার ঘাটতি ও তদারকির দুর্বলতার অভিযোগ রয়েছে। অধ্যাপক আরিকের মতে, কৃষকদের মানসিকতা বদলাতে এবং নতুন পদ্ধতি গ্রহণে ১০ থেকে ১৫ বছর সময় লাগতে পারে, আর সে জন্য শিক্ষা ও সহায়তা কর্মসূচি জরুরি। অন্যদিকে লুৎফি চান তাঁর সন্তানদের কেউ একজন ভবিষ্যতে খামারটি সামলাক, তবে সেই ভবিষ্যৎ টিকিয়ে রাখতে হলে পানি ও সিঙ্কহোল সংকটের সমাধান জরুরি বলে মনে করেন তিনি। সূত্র: দি ইন্ডিপেনডেন্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত সমর্থন জানালো, নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত সমর্থন জানালো, নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ

ভারত, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার পর, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করার কথা জানিয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "নয়াদিল্লি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে সবসময় সমর্থন দিয়ে আসছে।" তিনি উল্লেখ করেন, ভারত ‘অপারেশন ইনসানিয়াত’-এর আওতায় বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে পাঁচ দফায় ত্রাণ ও মিয়ানমারে রাখাইন উন্নয়ন কর্মসূচিতে সহায়তা প্রদান করেছে।

উল্লেখ্য, ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া ৯-৬ ভোটে রায় দেন যে, ২০১৭ সালের অভিযানে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। আদালত শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে। বাংলাদেশ, যেখানে দশ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে যে এটি ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ব্রিফিংয়ের সময়, চীনের শেনঝেনে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের পূর্ণাঙ্গ ফলাফল জানার পর ভারত মূল্যায়ন করবে বলে জানান জয়সওয়াল। ম্যানিলায় কোয়াড সম্মেলন ও এর সভাপতিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি এআই, সমুদ্রসীমা নজরদারি ও সাইবার নিরাপত্তায় যৌথ সহযোগিতার বিষয়টি তুলে ধরেন এবং সভাপতিত্বের বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন। পাশাপাশি, মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) অভিযোগকে ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট বলে নাকচ করে দেয়।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%