ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে ‘জিটিএ সিক্স’ ভাঙল রেকর্ড


মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে ‘জিটিএ সিক্স’ ভাঙল রেকর্ড

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (GTA VI) মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় সূচনা ঘটিয়েছে। এই আয় গেমটিকে আগের সব রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ করে দিয়েছে, এমনকি ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’ (GTA V)-এর গড়া মাইলফলককেও।

রকস্টার গেমস, গেমটির নির্মাতা প্রতিষ্ঠান, জানিয়েছে যে জিটিএ সিক্সের প্রি-রিলিজ ও মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে মোট ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে। গেমটি বিশ্বজুড়ে ব্যাপক উন্মাদনা ও সমালোচকদের প্রশংসার মধ্যে বাজারে এসেছে।

প্রথম দিনে জিটিএ সিক্স-এর আয় ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ফাইভ-এর প্রথম দিনের আনুমানিক ৮০ কোটি ডলার আয়ের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। ২৪ ঘণ্টার এই আয় মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির বিশ্বব্যাপী আজীবন বক্স অফিস আয় (প্রায় ২.৯৪ বিলিয়ন ডলার)-কেও ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

গল্প, নির্মাতা ও গেমারদের উন্মাদনা

কাল্পনিক ভাইস সিটি শহরকে কেন্দ্র করে তৈরি এই গেমের কাহিনি দুই অপরাধী চরিত্র—লুসিয়া ও জেসন ব্লিৎজ-কে ঘিরে আবর্তিত হয়েছে। রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার এই মুক্তিকে স্টুডিওর জন্য একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন।

রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাক্টিভ, যারা ‘রেড ডেড রিডেম্পশন’ ও ‘এনবিএ টু-কে’-এর মতো জনপ্রিয় সিরিজের প্রকাশক, এই গেমের নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার খরচ করেছে। এই খরচ এটিকে অন্যতম ব্যয়বহুল বিনোদন প্রকল্পে পরিণত করেছে।

গেমটি টানা খেলতে নাকি অনেক গেমার অফিস থেকে ছুটি নিয়েছেন এবং সঙ্গীদের সাথে ‘চুক্তি’ করার মতো ঘটনাও শোনা গেছে।

আরও পড়ুন: জিটিএ ৬-এ বাজছে রূপা বিশ্বাসের বাংলা গান

প্রি-অর্ডার ও সামনের পরিকল্পনা

গত জুনে গেমটির প্রি-অর্ডার শুরু হলেও বিক্রির সংখ্যা গোপন রাখা হয়েছিল। তবে আগস্টে ‘জিটিএ সিক্স: অ্যান এক্সটেন্ডেড লুক’ শিরোনামের প্রচারমূলক ট্রেলার প্রকাশের পর প্রি-অর্ডার সংখ্যা ছয় গুণ বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বিনিয়োগকারীরা এখন গেমটির পিসি সংস্করণ এবং নতুন জিটিএ অনলাইন চালুর বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। অনেক বিশ্লেষকের মতে, ২০২৭ সালে এই দুটিই আসতে পারে।

আরও পড়ুন: ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু ঘটেছে। এই মৃত্যুর ফলে চলতি বছরের জন্য ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, সারা দেশে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪৪ জন রয়েছেন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, বরিশালে ১৪৫ জন, রাজশাহীতে ১৪৬ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলীতে মডেল মসজিদ উদ্বোধন করলেন সাংসদ শেখ মুজিবুর রহমান ইকবাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


নিকলীতে মডেল মসজিদ উদ্বোধন করলেন সাংসদ শেখ মুজিবুর রহমান ইকবাল

গত শুক্রবার কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামের নান্দনিক মডেল মসজিদের শুভ উদ্ভোধন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এই উপলক্ষে ২০ নভেম্বর জুমার নামাজের পূর্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা এড: মানিক মিয়া। জেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ৫ নিকলী-বাজিতপুর আসনের সাংসদ শেখ মজিবুর রহমান ইকবাল এমপি। তিনি বলেন, "২৪ আগস্টের পর সারা দেশের আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা এবং তাদের অগ্নি সন্ত্রাসীরা আত্মগোপনে ছিল। একটি অবাধ সুষ্ঠ সুন্দর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন।"

এমপি আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের বুকে মাথা উঁচু করে হাঁটতে শুরু করেছে, তখন আওয়ামী লীগের বুকে জ্বালাধরেছে, হায়রে জ্বালা। আন্দোলনের নামে লকডাউনের নামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, থানায় হামলা করেছে, আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসীরা। এঁদের বিরুদ্ধে নিকলী-বাজিতপুরে কঠিন অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ এদেশের উন্নয়ন চায় না। সন্ত্রাসীদের জায়গা এ বাংলায় হবে না।"

এ সময় এমপি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আপনাদের সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, কেউ যেন অগ্নি সন্ত্রাস না করতে পারে। এরা আপনার আমার দেশ ও দশের শত্রু। প্রশাসনকে সহযোগিতা করবেন যাতে এসব অগ্নি সন্ত্রাসীদের আইনের আওতায় আনা যায়।" পরে কামালপুরের সুন্দর মসজিদ নির্মাণের জন্য তিনি এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং মসজিদে যাতায়াতের রাস্তাটি নির্মাণের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ, উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এখলাছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, সাবেক উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম বাদল, নিকলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মেম্বার। বাদ জুমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপুর নেতৃত্বে এমপি ষাইটধা হিন্দু সম্প্রদায়ের কীর্তন পরিদর্শনে যান। এ সময় সংসদ সদস্য ইকবাল হিন্দু সমাজের মানুষের নিরাপত্তার খোঁজখবর নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পদে ন্যায্য কর আরোপের মাধ্যমে রাজস্ব বাড়ানোর সুযোগ রয়েছে: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


সম্পদে ন্যায্য কর আরোপের মাধ্যমে রাজস্ব বাড়ানোর সুযোগ রয়েছে: গবেষণা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : করের হার বৃদ্ধি না করে বরং করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি প্রতিরোধ এবং সম্পদের ওপর কার্যকর কর আরোপের মাধ্যমে বাংলাদেশে অতিরিক্ত রাজস্ব আহরণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে একটি গবেষণায় প্রকাশিত হয়েছে।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণায় উল্লেখ করা হয়েছে। ‘মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস’ শীর্ষক গবেষণাটি দেশের বিদ্যমান কর রাজস্ব আহরণের সম্ভাবনা, কর ফাঁকি এবং কর ব্যবস্থার বণ্টনগত প্রভাব বিশ্লেষণ করেছে।

শনিবার রাজধানীতে গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।

গবেষণায় ২০২২ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বণ্টন বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণার নেতৃত্ব দিয়েছেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। সহ-গবেষক হিসেবে ছিলেন র‌্যাপিডের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. দীন ইসলাম এবং র‌্যাপিডের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্য সংযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান।

ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।

আলোচনা সঞ্চালনা করেন র‌্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আর ইউসুফ।

গবেষণার ফলাফলে উল্লেখ করা হয়েছে, ভোক্তারা ভ্যাটের বোঝা বহন করলেও এর পুরো অর্থ সরকারি কোষাগারে পৌঁছায় না। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রয়ের তথ্য গোপন এবং যথাসময়ে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকির সুযোগ সৃষ্টি হয়। এই ক্ষেত্রে করের হার বৃদ্ধি না করে কার্যকর পরিপালন ও প্রশাসনিক নজরদারি বৃদ্ধি করে অতিরিক্ত রাজস্ব আহরণের সুযোগ রয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, বাংলাদেশে সম্পদের বৈষম্য আয়বৈষম্যের তুলনায় অনেক বেশি। দেশের সবচেয়ে সম্পদশালী ১০ শতাংশ পরিবারের হাতে মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি কেন্দ্রীভূত রয়েছে। শুধুমাত্র শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে ৪৭ শতাংশের বেশি সম্পদ। শহরাঞ্চলে শীর্ষ ১ শতাংশের সম্পদের অংশ ৫৩ শতাংশের বেশি।

গবেষণায় পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের মূল্য সরাসরি বিবেচনায় নেওয়া হয়েছে।

কর-নথিভিত্তিক তথ্যের সীমাবদ্ধতা এবং সম্পদ মূল্যায়নের পদ্ধতিগত পার্থক্যের কারণে এই হিসাবের সঙ্গে আন্তর্জাতিক কিছু হিসাবের পার্থক্য থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

গবেষণায় উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করের আওতা সম্প্রসারণ, ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায় ও পরিপালনব্যবস্থা উন্নত করা এবং সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের প্রেক্ষাপটে উত্তরাধিকার কর প্রবর্তনের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছে।

এছাড়া করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন, রাজস্ব আহরণের নামে হয়রানিমূলক ব্যবস্থা পরিহার, করের আওতা সম্প্রসারণে স্থানীয় জনগণ ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কাজ এবং কর প্রশাসনের আধুনিকায়নের সুপারিশ করা হয়।

গবেষণার মূল বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের বিদ্যমান কর ব্যবস্থার মধ্যেই উল্লেখযোগ্য অতিরিক্ত রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে। এজন্য করের হার বৃদ্ধি প্রধান সমাধান নয়; বরং করের আওতা সম্প্রসারণ, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বড় ধরনের অগ্রগতি সম্ভব।

গবেষণার ফলাফল উপস্থাপনকালে ড. এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছে, সেসব বিষয়ও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী জোটের ঐক্য রক্ষা সম্ভব হবে কি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী জোটের ঐক্য রক্ষা সম্ভব হবে কি?

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনা শুরু হওয়ার প্রথম সময়সীমা আগামী ৬ ডিসেম্বর। এই সময়সীমা যত নিকটবর্তী হচ্ছে, ততই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী ‘পরিবর্তন’ জোটের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। গত বুধবার, নেতানিয়াহু গোপনে জোটের বড় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে একটি বৈঠক করেন। এই ঘটনার ফলে বিরোধী জোটে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। খবরটি আল জাজিরার মাধ্যমে প্রকাশিত হয়েছে।

নেতানিয়াহুর দপ্তর বৈঠকটিকে ‘নিরাপত্তা ব্রিফিং’ হিসেবে উল্লেখ করলেও, বিরোধী জোটের গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন সূত্রগুলো একে ‘কৌশলগত বিপর্যয়’ হিসেবে অভিহিত করছে। সংবাদমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী, বেনেট বৈঠকের বিষয়ে আইজেনকোটকে পূর্বে কিছুই জানাননি। পরবর্তীতে, বিরোধী নেতাদের এক বৈঠকে বেনেট নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্যের সরকার গড়ার সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলেন বলে চ্যানেল ১২ জানিয়েছে। জোটের এক জ্যেষ্ঠ নেতা ওয়াইনেটকে জানান, বেনেটকে ব্যবহার করে নেতানিয়াহু বিরোধী জোট ভাঙার চেষ্টা করছেন।

বিরোধী জোটের নেতাদের মধ্যে মতাদর্শের অমিল এবং অতীতে নেতানিয়াহুর সঙ্গে কাজ করার ইতিহাস জোটের টিকে থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছে। জোটের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট এবং বেনেটের জোটসঙ্গী ইয়ার লাপিদ মধ্যপন্থী হলেও, বেনেট ও আভিগদোর লিবারম্যান ডানপন্থী। বেনেট একজন ধর্মীয় জাতীয়তাবাদী নেতা। ২০২১ সালে লাপিদের সঙ্গে মিলে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসন শেষ করার আগে তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ ছিলেন। অপরদিকে, লিবারম্যান ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ এবং পূর্বে নেতানিয়াহুর মন্ত্রিসভায় পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। জোটের আরেক নেতা ইয়ার গোলান বামপন্থী, যিনি ফিলিস্তিনিদের সঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বাসী এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার কঠোর সমালোচক।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্টে আইজেনকোটের জোট মাত্র ৪৮টি আসন অর্জন করেছে। সরকার গড়তে তাদের আরও ১৩টি আসন প্রয়োজন। এই আসন ঘাটতি পূরণ করতে ইয়ার গোলান ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের দলগুলোর সমর্থনে সরকার গড়ার প্রস্তাব দিলেও, জোটের ডানপন্থীরা ও লিবারম্যান তা মানতে নারাজ। এমনকি, ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকিও দিয়েছেন। অন্যদিকে, লিবারম্যানের দল ৭টি আসন পেয়ে, তিনি অতি-রক্ষণশীল ইহুদি দল ‘শাস’ ও ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’-এর ১৩টি আসনের সমর্থন পেতে কট্টরপন্থী ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে ছাড় দেওয়ার বিরোধিতা কিছুটা নরম করার ইঙ্গিত দিচ্ছেন। এতে তার নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ হয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে।

জোটের ভেতরের দ্বন্দ্ব আগে থেকেই প্রকাশ্যে এসেছে। গত আগস্টে কট্টরপন্থীদের সামরিক সেবায় সীমিত ছাড় দেওয়ার আইজেনকোটের প্রস্তাবকে বেনেট ‘উন্মাদসুলভ ভুল’ বলেছিলেন। জবাবে আইজেনকোট বেনেট ও লিবারম্যানের বিরুদ্ধে ‘পুরোনো রাজনীতি’ করার অভিযোগ আনেন। নির্বাচনের আগে লিবারম্যান আইজেনকোটকে ‘গান্টজ ২.০’ বলে কটাক্ষ করেন এবং গোপনে নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার অভিযোগ তোলেন। নির্বাচনের পর গোলান লিবারম্যানকে বলেন, যদি তিনি কট্টরপন্থীদের সেনাবাহিনীতে না নেওয়ার শর্তে সরকার চান, তবে নেতানিয়াহুর সঙ্গেই সরকার গড়তে পারেন।

অথচ বিরোধী জোটে আসার আগে এই নেতাদের অনেকেই নেতানিয়াহুর প্রশংসা করেছিলেন। ২০২০ সালে বেনেট বলেছিলেন, মতপার্থক্য থাকলেও তিনি নেতানিয়াহুকে সম্মান করেন এবং দীর্ঘ সময় ক্ষমতায় থেকে তিনি দেশের জন্য বড় কাজ করেছেন। আর ২০১৯ সালে লিবারম্যান এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর দুর্নীতির মামলা থেকে খালাস পাওয়ার আশা প্রকাশ করেছিলেন, অথচ এখন সেই মামলাগুলোকেই নেতানিয়াহুর অযোগ্যতার প্রমাণ বলছেন তিনি। এতগুলো মতপার্থক্য ও টানাপোড়েন সামলে আইজেনকোটের জোট শেষ পর্যন্ত সরকার গড়তে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: আল-জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%