০১:২৭ পি.এম
ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেছে। টাইমস অব ইসরাইলের রিপোর্ট অনুযায়ী, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সরকারের গঠন নিয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে তারা।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ইউটিজের সংসদ সদস্য মেইর পোরুশ ও এলিয়াকিম স্টার্ককে নেতানিয়াহুর ডানপন্থি জোটের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তবে সাম্প্রতিক সময়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা সফল হয়নি। নেতানিয়াহু দুইবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
পোরুশের কার্যালয়ের কর্মীরা নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করতে পারেননি। স্টার্কের সঙ্গেও যোগাযোগের চেষ্টা ফলপ্রসূ হয়নি।
আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা
অন্যদিকে, ইউটিজের আইনপ্রণেতারা আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার জোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করার অনুমতি পেতে দলের আধ্যাত্মিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
ইউটিজের এক জ্যেষ্ঠ সূত্র আলোচনা প্রসঙ্গে জানিয়েছেন, আইজেনকোটের পক্ষের সঙ্গে আলোচনা ‘প্রত্যাশার চেয়েও বেশি’ অগ্রসর হয়েছে। তবে এখনো কোনো আইনি কাঠামোর খসড়া তৈরি করা সম্ভব হয়নি।
হিব্রু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি।
প্রস্তাবিত কাঠামোয় সামরিক বাহিনীতে নিয়োগের কোটা পুরোপুরি বাতিল করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর ফলে ইয়েশিভা বা ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে আগের মতোই ব্যাপক ছাড় বজায় থাকতে পারে।
আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে প্রতি চার মিনিটে নিহত হচ্ছে একজন রুশ সেনা
তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিশেষ করে আদালতে টেকসই হবে—এমন আইনি কাঠামো তৈরি করাই আলোচনা চলাকালীন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন