প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার সকালে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধের চেষ্টা করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। পুলিশ তাঁদের সরিয়ে দিলে, বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয় এ কে এইচ স্টিজ কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
একই দাবিতে, শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ৪৫টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১১টিতে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এবং অন্যান্য কারণে বন্ধ রয়েছে দুটি কারখানা।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, লুসাকা গ্রুপ, আল-মুসলিম অ্যাপারেলস, মণ্ডল নিটওয়্যার, নেক্সট কালেকশন, নিট এশিয়া, ইসলাম গ্রুপ ও পাইওনিয়্যার অ্যাপারেলসসহ ২২টি প্রতিষ্ঠান।
কর্মবিরতি পালন করা কারখানাগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ, নিউ এইজ গ্রুপ, ডং লিয়ান ফ্যাশন, ম্যাংগো টেক্স, কমফিট কম্পোজিট নিট ও ফান ফ্যাক্টরিসহ ১০টি প্রতিষ্ঠান। অন্যদিকে, কন্টিনেন্টাল গার্মেন্টস, সিগমা ফ্যাশন, বাবিলন ক্যাজুয়ালওয়্যার, অবনী ফ্যাশন ও একেএইচ স্টিজসহ ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, "১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।" তিনি উল্লেখ করেন, মজুরি বোর্ডের প্রস্তাবের খসড়া গেজেট এখনো প্রকাশিত হয়নি। এ অবস্থায় রিভিউ করার সুযোগ রয়েছে। শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এড়িয়ে শান্তিপূর্ণভাবে কাজে ফেরার আহ্বান জানান তিনি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, "অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে।" তিনি আরও জানান, কয়েকটি কারখানা বন্ধ ও কিছুতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। সামগ্রিকভাবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন