০৮:০৭ পি.এম
গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই, এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
যুক্তিতর্কের সময় চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানকে পৃথিবী থেকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) করে দেয়া উচিত। তিনি এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, মৃত্যুদণ্ডের মাধ্যমে জিয়াউল আহসানকে দুনিয়া থেকে ‘পারসোনা নন গ্রাটা’ করার কথাই বোঝাতে চেয়েছেন। কেবল ক্যান্টনমেন্টের ভেতরে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।
আরও পড়ুন: শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী
ট্রাইব্যুনাল-১-এর এই বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত একটি ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, ইচ্ছা করলেই কাউকে হত্যা করা যায়, ক্রসফায়ারের নামে প্রাণ কেড়ে নেয়া যায় কিংবা কাউকে বলপূর্বক গুম করে গায়েব করে দেয়া যায়।’
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করার সাহস পেয়েছিলেন। তিনি বলেন, ‘তারা একসময় ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছিলেন। দিনের পর দিন তারা এসব অপরাধ চালিয়ে গেছেন। মানুষের জানমাল তাদের হাতে জিম্মি হয়ে পড়েছিল। ইচ্ছা করলেই তারা যেকোনো ব্যক্তিকে তুলে নিয়ে যেতে পারতেন। জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব যাদের, তারাই রক্ষক থেকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।’
জিয়াউল আহসানকে কোনোভাবেই ছাড় না দেয়ার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের মানুষকে শুধু ক্যান্টনমেন্ট নয়, পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।’
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত
জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ জন মানুষকে হত্যা করেছেন। এ বিষয়ে পরবর্তী তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন