০৪:৩২ পি.এম
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : সান্তিয়াগো রদ্রিগেজের গোলে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে কলম্বাস ক্রু। শুক্রবারের এই জয়ের মাধ্যমে এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রদ্রিগেজের গোলের মাধ্যমে কলম্বাস তিন ম্যাচের সিরিজের প্রথম রাউন্ডে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। এর আগে ফ্লোরিডায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে দুর্দান্ত জয় লাভ করেছিল।
ডেভিড বেকহ্যামের সহ-মালিকানাধীন উচ্চাভিলাষী ক্লাবটির মৌসুম বাঁচানোর শেষ সুযোগ ছিল এমএলএস কাপের শিরোপা ধরে রাখা। এর আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলো এবং লিগস কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল মায়ামি।
আরও পড়ুন: চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলা চ্যাম্পিয়ন
এই বছর মায়ামির ট্রফি ক্যাবিনেটে স্থান পাওয়া একমাত্র শিরোপা ছিল ক্যাম্পেওনেস কাপ। প্রতিবছর এমএলএস ও মেক্সিকান লিগের চ্যাম্পিয়নদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আর্জেন্টাইন মহাতারকা মেসির জন্য এটি ছিল এমএলএস কাপ প্লে-অফের তৃতীয় আসর, যেখানে তিনি দ্বিতীয়বার প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন। নিয়মিত মৌসুমে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা মেসি, এবার টানা তৃতীয়বারের মতো লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের জন্য অন্যতম প্রধান দাবিদার ছিলেন। এর আগে ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে হোঁচট খেয়েছিল মায়ামি। পরের বছর তারা নিজেদের প্রথম এমএলএস কাপ শিরোপা জিতেছিল।
মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ, ক্যাসেমিরো ও রদ্রিগো ডি পলকে নিয়ে গড়া তারকাখচিত দলটি ওহাইওর ঠান্ডা ও বৃষ্টিভেজা রাতে গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল।
নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে জার্মান বেরতেরামে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। তবে তার কাছ থেকে হেডটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
আরও পড়ুন: মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন
মায়ামির কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেস মন্তব্য করেন, “আমার কাছে এই হার পুরোপুরি অন্যায্য। কারণ আমি মনে করি, দল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলেছে এবং পুরো ম্যাচে জয়ের যোগ্য ছিলাম আমরা। সবচেয়ে পরিষ্কার সুযোগগুলো আমাদেরই ছিল, কিন্তু এটাই ফুটবল।
“প্রতিপক্ষও ভালো রক্ষণ করেছে। লিও লক্ষ্যে কোনো শট নিতে না পারলেও আমরা অনেক সুযোগ তৈরি করেছি।”
যোগ করা সময়ে শেষপ্রান্তে মনে হচ্ছিল ম্যাচটি পেনাল্টি শুটআউটের দিকে এগুচ্ছে। কিন্তু মায়ামির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বক্সের মধ্যে মরক্কোর আনাস জারুরির ক্রস নিয়ন্ত্রণে নেন রদ্রিগেজ। এরপর কানাডিয়ান গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে তিনি জালে বল পাঠান।
মায়ামির আগাম বিদায়ে এমএলএসে চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার অপেক্ষা আরও দীর্ঘ হলো। ২০১২ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পর আর কোনো দল টানা দ্বিতীয়বার শিরোপা জিততে পারেনি।
আরও পড়ুন: আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন