০৫:১০ পি.এম
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা অথবা কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ নিশ্চিত করার জন্য আবেদন করেছে। সংগঠনটি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর কার্যকর নির্দেশনা জারির অনুরোধ জানিয়ে আবেদনটি করেছে।
সম্প্রতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই আবেদনটি করা হয়। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা বা কর্মস্থল থেকে দূরে অবস্থান করছেন। দূরে চাকরি করার ফলে তারা দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে দাম্পত্য জীবনে একসঙ্গে বসবাস, সন্তানদের লালন-পালন, বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা এবং অন্যান্য পারিবারিক দায়িত্ব পালনে নানা সমস্যা দেখা দিচ্ছে।
দীর্ঘকাল ধরে এই পরিস্থিতি শিক্ষকদের পারিবারিক জীবন এবং মানসিক স্বস্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই মানবিক দিক বিবেচনা করে প্রচলিত বদলি নীতিমালা ও সরকারি আদেশের আলোকে স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা অথবা কর্মস্থলের নিকটবর্তী বিদ্যালয়ে বদলির সুযোগ দেয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
সমিতির আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, বদলির ক্ষেত্রে বিদ্যালয়ের শূন্যপদ, শিক্ষক চাহিদা এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর বদলি ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এতে শিক্ষকদের পারিবারিক সমস্যা কমানোর পাশাপাশি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও স্বাভাবিক রাখা সম্ভব হবে।
সংগঠনটি জানায়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মরত আছেন। তাদের পারিবারিক ও মানবিক সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বদলির সুযোগ নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আশা প্রকাশ করেছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইতিবাচক উদ্যোগ শিক্ষকদের পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে সহায়ক হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন