ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত


ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটের স্থগিতের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হবে না।

বুধবার (১১ নভেম্বর) বিমানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপট এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার পূর্বঘোষিত সিদ্ধান্তসমূহ ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

এই প্রেক্ষিতে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

যাত্রীদের টিকিট এবং ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য বিমান কর্তৃপক্ষ নিকটস্থ সেলস সেন্টারের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছে।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় প্রীতি গ্রুপের পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


আশুলিয়ায় প্রীতি গ্রুপের পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ঢাকার আশুলিয়ায় অবস্থিত প্রীতি গ্রুপের একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার সময় কারখানার ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত ঘটে কারখানা ভবনের সর্বোচ্চ তলায় (টপ ফ্লোর)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের উৎপত্তি হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের চক্রান্ত আর মেনে নেবে না দেশের মানুষ: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


ফ্যাসিস্টদের চক্রান্ত আর মেনে নেবে না দেশের মানুষ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, অপশক্তি বা ফ্যাসিবাদের সহযোগীরা যতই চক্রান্ত করুক, দেশের জনগণ তাদের আর মেনে নেবে না।

তিনি বুধবার (১১ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বক্তব্য রাখেন।

রিজভী আরও বলেন, যদি কোনো অদৃশ্য হস্তক্ষেপের মাধ্যমে তাদের ফেরানোর চেষ্টা করা হয়, তবে তারা আন্তর্জাতিক সমর্থন পাবে না।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী বলেছেন, পলাতক ব্যক্তিরা আইনি সহায়তা পেতে পারে না। মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংবিধান তাদের ফিরে আসার সুযোগ দেয়নি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, একটি অপশক্তি কৃত্রিমভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করছে।

এসময় গণমাধ্যমের টকশোতে অবস্থান নেওয়া দোসর ও সন্ত্রাসীদের উচ্চকণ্ঠের বক্তব্যকে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার গ্রেফতারের পর প্রথমবার জনসমক্ষে মেগান, ব্রাসেলসে ছিলেন নীরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


বাবার গ্রেফতারের পর প্রথমবার জনসমক্ষে মেগান, ব্রাসেলসে ছিলেন নীরব

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : মেগান মার্কেল মঙ্গলবার প্রথমবারের মতো জনসমক্ষে আসেন, তার বাবার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে মামলা হওয়ার পর।

বেলজিয়ামের ব্রাসেলসে স্বামী প্রিন্স হ্যারির সঙ্গে সফরের সময় তিনি বেশ নীরব ও আড়ালে থাকার চেষ্টা করেন।

ইউরোপীয় পার্লামেন্টে শিশুদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে পৌঁছালে তাদেরকে স্বাগত জানাতে ফটোগ্রাফারদের একটি দল উপস্থিত ছিল।

এএফপি’র খবর অনুযায়ী, মেগানের বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেফতার করা হয়। শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে মেগান কোনো মন্তব্য করেননি।

অনুষ্ঠানে মেগান ও হ্যারির একসঙ্গে বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল। তবে উদ্বোধনী পর্বে শুধু হ্যারি বক্তব্য দেন। ৫০ শিশুর স্মরণে নির্মিত ‘লস্ট স্ক্রিন মেমোরিয়াল’ নামের বিশেষ স্থাপনার উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ডেইলি টেলিগ্রাফের একটি সূত্র জানায়, বাবার গ্রেফতারের পর মেগান মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে তিনি জনসমক্ষে বক্তব্য দিতে পারছেন না।

মঙ্গলবার সকালে অনুষ্ঠানে পৌঁছানোর পর দুজনকেই শান্ত ও স্বাভাবিক দেখাচ্ছিল। মেগান কালো পোশাক পরিহিত ছিলেন এবং বুকে পপি ফুলের প্রতীক লাগানো ছিল, যা যুদ্ধে প্রাণ হারানো সেনাদের স্মরণে ব্যবহার করা হয়।

তিনি হ্যারির হাত শক্ত করে ধরে ছিলেন। হ্যারির পোশাক ছিল গাঢ় নীল রঙের আনুষ্ঠানিক, সঙ্গে পপি প্রতীক ও গাঢ় রঙের টাই।

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা এবং স্পেনের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আন্তোনিও লোপেজ-ইস্তুরিজের সঙ্গে সাক্ষাতের সময় হাস্যোজ্জ্বল দেখা যায় মেগানকে।

যুক্তরাষ্ট্রে ছয় বছর বসবাসের পর যুক্তরাজ্যে ফিরে আসার পর বিদেশে এটি ছিল তাদের প্রথম প্রকাশ্য অনুষ্ঠান।

বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মেগানের ৮২ বছর বয়সী বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার ফ্লোরিডার লেকল্যান্ডে তার অবসরকালীন আবাসন থেকে এফবিআই সদস্যরা গ্রেফতার করেন। পরে তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, থমাস মার্কেলকে আটক রাখার আবেদন করেছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী, তাকে একটি ইলেকট্রনিক নজরদারি ডিভাইস পরার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে, তিনি সেটি কেটে খুলে ফেলেছেন।

যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বিচারক লিন্ডসে গ্রিফিন মঙ্গলবার এক আদেশে থমাস মার্কেলকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন।

আদেশে উল্লেখ করা হয়, তিনি বিচার শুরুর আগে জামিনে মুক্ত থাকার শর্ত ভঙ্গ করেছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, থমাস মার্কেলের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি ও ভিডিও রাখার অভিযোগ রয়েছে, যার মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তার নিজের যৌন উত্তেজক ছবি অন্তর্ভুক্ত।

প্রায় দুই দশক ধরে ভাড়া নেওয়া লস অ্যাঞ্জেলেস এলাকার দুটি গুদামে এসব ছবি সংরক্ষিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে থমাস মার্কেলের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

গত মাসে ব্রিটেনের কয়েকটি ট্যাবলয়েড সংবাদমাধ্যম জানায়, ফিলিপাইনে থমাস মার্কেলের সাবেক বাড়িতে শিশুদের যৌন নিপীড়নের ছবি পাওয়া গেছে। পুলিশও এ-সংক্রান্ত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে। তবে মেগানের বাবা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মেগান বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এক বিবৃতিতে জানান, তিনি বিষয়টি নিয়ে ‘গভীরভাবে মর্মাহত’। আগের কিছু ‘উদ্বেগজনক ও ভয়াবহ’ অভিযোগের কারণে তিনি সন্তান আর্চি (৭) ও লিলিবেটের (৫) সঙ্গে বাবার যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।

শিশুদের অনলাইন নিরাপত্তায় ইইউর প্রশংসা হ্যারির

অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন প্রিন্স হ্যারি। সেখানে ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ কর্মকর্তা দুব্রাভকা সুইকা ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য লোপেজ-ইস্তুরিজও উপস্থিত ছিলেন।

হ্যারি আলোচনা অনুষ্ঠানে ২০২০ সাল থেকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টার কথা তুলে ধরেন। তার বক্তব্যের সময় উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে সমর্থন জানান।

হ্যারি বলেন, ‘খুব দ্রুতই স্পষ্ট হয়ে গিয়েছিল, এই সমস্যা দূর হচ্ছে না। বরং আরও বেশি শিশু আত্মহত্যা করছে কিংবা এমন ক্ষতির শিকার হচ্ছে, যার প্রভাব সারা জীবন থেকে যাচ্ছে। আরও বেশি মা-বাবা ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ এই সমস্যার মূলে থাকা প্রতিষ্ঠানগুলো কোনো পরিবর্তন আনতে রাজি নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণহীন বিস্তার নিয়ে সমালোচনা করে হ্যারি বলেন, ‘অল্প কয়েকজন অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি চান, পুরো বিশ্ব যেন সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়ে, যেখানে কোনো আইন বা নিয়ন্ত্রণ থাকবে না।’

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর (বিগ টেক) কার্যক্রম নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগের প্রশংসা করেন তিনি। বিশেষ করে ১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা এবং ১৫ বছর বয়স পর্যন্ত সীমিত ও অভিভাবকের তত্ত্বাবধানে ব্যবহারের সুযোগ রাখার পরিকল্পনার প্রশংসা করেন হ্যারি। এ উদ্যোগটি ‘ইইউ কিডস অ্যাক্ট’ নামে পরিচিত।

হ্যারি বলেন, ‘সবাই মিলে একটি অভিন্ন নীতিতে এগিয়ে যাওয়া জরুরি। বিশেষ করে শিশুদের নিরাপত্তার প্রমাণ দেওয়ার দায়িত্ব মা-বাবার পরিবর্তে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর দেওয়ার মধ্য দিয়েই কাজ শুরু করা উচিত।’

২০২০ সালের শুরুর দিকে মেগান ও হ্যারি রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে ব্যক্তিগত উদ্যোগে তারা এখনো এ ধরনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই পোল্যান্ডে জাতীয়তাবাদীদের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই পোল্যান্ডে জাতীয়তাবাদীদের সমাবেশ

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : দেশের মধ্যে একটি বন্দুক হামলার ফলে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার পোল্যান্ডে স্বাধীনতা দিবসের বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

এই সমাবেশটি জাতীয়তাবাদী ও কট্টর ডানপন্থীদের মধ্যে অন্যতম বৃহত্তম এবং আয়োজকেরা এবার রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতির আশা করছেন।

এটি প্রতিবছর ১৯১৮ সালে পোল্যান্ডের স্বাধীনতা পুনরুদ্ধারের স্মরণে আয়োজিত হয়। এই শোভাযাত্রার মাধ্যমে রাশিয়া, প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে দেশটির বিভক্তির ১২৩ বছরের অবসান ঘটে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়তাবাদী, রক্ষণশীল এবং কট্টর ডানপন্থী কর্মী ও সমর্থকরা রাজধানী ওয়ারশে জড়ো হচ্ছেন।

পোল্যান্ডের রক্ষণশীল জাতীয়তাবাদী প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কিও অতীতে সরকারি দায়িত্ব পালনকালে এবং ব্যক্তিগত নাগরিক হিসেবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন।

সাধারণত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও অতীতে কয়েকবার এ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শোভাযাত্রার আয়োজকদের মুখপাত্র রাফাল বুসা এএফপিকে জানিয়েছেন, ‘আমরা ধারণা করছি, পাঁচ লাখের বেশি পোলিশ নাগরিক এতে অংশ নেবেন। পাশাপাশি বিদেশ থেকেও অতিথিরা আসবেন।’

৩ কোটি ৮০ লাখ মানুষের দেশ পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভে ভয়াবহ বন্দুক হামলার পর রাজধানী ওয়ারশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

গত শনিবার ২৪ বছর বয়সী এক হামলাকারীর গুলিতে নয়জন নিহত এবং ১৫ জন আহত হন।

মঙ্গলবার দেশটির বিচারমন্ত্রী ওয়ালদেমার ঝুরেক জানিয়েছেন, হামলাকারী নব্য-নাৎসি মতাদর্শে বিশ্বাসী নরওয়ের নাগরিক আন্ডার্স বেহরিং ব্রেইভিকের প্রতি আগ্রহী ছিল।

২০১১ সালে নরওয়েতে হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যা করেছিল ব্রেইভিক।

এদিকে, দেশের সর্বোচ্চ আদালত সাংবিধানিক ট্রাইব্যুনালকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মধ্যপন্থী সরকারের সঙ্গে জাতীয়তাবাদী ডানপন্থীদের বিরোধের মধ্যে এবারের শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

আগের ডানপন্থী সরকারগুলোর আমলে বিতর্কিত নিয়োগের কারণে কয়েক বছর ধরেই সাংবিধানিক ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।

জাতীয়তাবাদীরা টাস্কের বিরুদ্ধে দেশের সাংবিধানিক ব্যবস্থা দুর্বল করার অভিযোগ তুলেছেন।

অন্যদিকে, ক্ষমতাসীন জোটের দাবি, আগের কট্টর ডানপন্থী সরকারগুলোর করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংস্কার ও নিয়োগগুলো সংশোধন করতে চায় তারা।

তাদের মতে, এসব সিদ্ধান্ত গণতান্ত্রিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ডানপন্থী বিক্ষোভকারীরা কয়েক সপ্তাহ ধরে সাংবিধানিক ট্রাইব্যুনালের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সম্প্রতি দাঙ্গা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে প্রবেশের পথ আটকে দেয়।

এ সময় ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ জোটের মনোনীত এক নতুন বিচারক অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

পাশাপাশি ডানপন্থীদের ঘনিষ্ঠ ও দেশটির প্রেসিডেন্টের সমর্থনপুষ্ট বর্তমান ট্রাইব্যুনাল প্রধানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেন।

রাজনৈতিক উত্তেজনা রাজপথে ছড়িয়ে পড়তে পারে এবং বিক্ষোভকারীদের কেউ কেউ সাংবিধানিক ট্রাইব্যুনালে হামলা চালাতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে রোববার প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তাদের বিরোধীদের পাল্টা বিক্ষোভ না করার অনুরোধ করেন তিনি।

বুধবারের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া শহরের কেন্দ্রীয় এলাকার কয়েকটি সড়কে কংক্রিটের প্রতিবন্ধক স্থাপন করা হবে।

পুলিশ জানিয়েছে, শোভাযাত্রা নিরাপদে সম্পন্ন করতে তারা প্রস্তুত রয়েছে। পাশাপাশি ‘ভীতিকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তথ্য ছড়ানোর’ অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%