ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বাবার গ্রেফতারের পর প্রথমবার জনসমক্ষে মেগান, ব্রাসেলসে ছিলেন নীরব


বাবার গ্রেফতারের পর প্রথমবার জনসমক্ষে মেগান, ব্রাসেলসে ছিলেন নীরব

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : মেগান মার্কেল মঙ্গলবার প্রথমবারের মতো জনসমক্ষে আসেন, তার বাবার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে মামলা হওয়ার পর।

বেলজিয়ামের ব্রাসেলসে স্বামী প্রিন্স হ্যারির সঙ্গে সফরের সময় তিনি বেশ নীরব ও আড়ালে থাকার চেষ্টা করেন।

ইউরোপীয় পার্লামেন্টে শিশুদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে পৌঁছালে তাদেরকে স্বাগত জানাতে ফটোগ্রাফারদের একটি দল উপস্থিত ছিল।

আরও পড়ুন: উড়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

এএফপি’র খবর অনুযায়ী, মেগানের বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেফতার করা হয়। শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে মেগান কোনো মন্তব্য করেননি।

অনুষ্ঠানে মেগান ও হ্যারির একসঙ্গে বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল। তবে উদ্বোধনী পর্বে শুধু হ্যারি বক্তব্য দেন। ৫০ শিশুর স্মরণে নির্মিত ‘লস্ট স্ক্রিন মেমোরিয়াল’ নামের বিশেষ স্থাপনার উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ডেইলি টেলিগ্রাফের একটি সূত্র জানায়, বাবার গ্রেফতারের পর মেগান মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে তিনি জনসমক্ষে বক্তব্য দিতে পারছেন না।

মঙ্গলবার সকালে অনুষ্ঠানে পৌঁছানোর পর দুজনকেই শান্ত ও স্বাভাবিক দেখাচ্ছিল। মেগান কালো পোশাক পরিহিত ছিলেন এবং বুকে পপি ফুলের প্রতীক লাগানো ছিল, যা যুদ্ধে প্রাণ হারানো সেনাদের স্মরণে ব্যবহার করা হয়।

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি

তিনি হ্যারির হাত শক্ত করে ধরে ছিলেন। হ্যারির পোশাক ছিল গাঢ় নীল রঙের আনুষ্ঠানিক, সঙ্গে পপি প্রতীক ও গাঢ় রঙের টাই।

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা এবং স্পেনের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আন্তোনিও লোপেজ-ইস্তুরিজের সঙ্গে সাক্ষাতের সময় হাস্যোজ্জ্বল দেখা যায় মেগানকে।

যুক্তরাষ্ট্রে ছয় বছর বসবাসের পর যুক্তরাজ্যে ফিরে আসার পর বিদেশে এটি ছিল তাদের প্রথম প্রকাশ্য অনুষ্ঠান।

বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আরও পড়ুন: ইমরান খানের সাথে সাক্ষাত না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি পিটিআইয়ের

মেগানের ৮২ বছর বয়সী বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার ফ্লোরিডার লেকল্যান্ডে তার অবসরকালীন আবাসন থেকে এফবিআই সদস্যরা গ্রেফতার করেন। পরে তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, থমাস মার্কেলকে আটক রাখার আবেদন করেছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী, তাকে একটি ইলেকট্রনিক নজরদারি ডিভাইস পরার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে, তিনি সেটি কেটে খুলে ফেলেছেন।

যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বিচারক লিন্ডসে গ্রিফিন মঙ্গলবার এক আদেশে থমাস মার্কেলকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন।

আদেশে উল্লেখ করা হয়, তিনি বিচার শুরুর আগে জামিনে মুক্ত থাকার শর্ত ভঙ্গ করেছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, থমাস মার্কেলের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি ও ভিডিও রাখার অভিযোগ রয়েছে, যার মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তার নিজের যৌন উত্তেজক ছবি অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে নিরাপদ থাকবে এই ৫ দেশ, উঠে এলো গবেষণায়

প্রায় দুই দশক ধরে ভাড়া নেওয়া লস অ্যাঞ্জেলেস এলাকার দুটি গুদামে এসব ছবি সংরক্ষিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে থমাস মার্কেলের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

গত মাসে ব্রিটেনের কয়েকটি ট্যাবলয়েড সংবাদমাধ্যম জানায়, ফিলিপাইনে থমাস মার্কেলের সাবেক বাড়িতে শিশুদের যৌন নিপীড়নের ছবি পাওয়া গেছে। পুলিশও এ-সংক্রান্ত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে। তবে মেগানের বাবা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মেগান বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এক বিবৃতিতে জানান, তিনি বিষয়টি নিয়ে ‘গভীরভাবে মর্মাহত’। আগের কিছু ‘উদ্বেগজনক ও ভয়াবহ’ অভিযোগের কারণে তিনি সন্তান আর্চি (৭) ও লিলিবেটের (৫) সঙ্গে বাবার যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।

শিশুদের অনলাইন নিরাপত্তায় ইইউর প্রশংসা হ্যারির

আরও পড়ুন: ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যেতে দেবে না: মোহসেন রেজায়ি

অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন প্রিন্স হ্যারি। সেখানে ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ কর্মকর্তা দুব্রাভকা সুইকা ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য লোপেজ-ইস্তুরিজও উপস্থিত ছিলেন।

হ্যারি আলোচনা অনুষ্ঠানে ২০২০ সাল থেকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টার কথা তুলে ধরেন। তার বক্তব্যের সময় উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে সমর্থন জানান।

হ্যারি বলেন, ‘খুব দ্রুতই স্পষ্ট হয়ে গিয়েছিল, এই সমস্যা দূর হচ্ছে না। বরং আরও বেশি শিশু আত্মহত্যা করছে কিংবা এমন ক্ষতির শিকার হচ্ছে, যার প্রভাব সারা জীবন থেকে যাচ্ছে। আরও বেশি মা-বাবা ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ এই সমস্যার মূলে থাকা প্রতিষ্ঠানগুলো কোনো পরিবর্তন আনতে রাজি নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণহীন বিস্তার নিয়ে সমালোচনা করে হ্যারি বলেন, ‘অল্প কয়েকজন অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি চান, পুরো বিশ্ব যেন সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়ে, যেখানে কোনো আইন বা নিয়ন্ত্রণ থাকবে না।’

আরও পড়ুন: ইসরায়েলি নাগরিকদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মালদ্বীপ

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর (বিগ টেক) কার্যক্রম নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগের প্রশংসা করেন তিনি। বিশেষ করে ১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা এবং ১৫ বছর বয়স পর্যন্ত সীমিত ও অভিভাবকের তত্ত্বাবধানে ব্যবহারের সুযোগ রাখার পরিকল্পনার প্রশংসা করেন হ্যারি। এ উদ্যোগটি ‘ইইউ কিডস অ্যাক্ট’ নামে পরিচিত।

হ্যারি বলেন, ‘সবাই মিলে একটি অভিন্ন নীতিতে এগিয়ে যাওয়া জরুরি। বিশেষ করে শিশুদের নিরাপত্তার প্রমাণ দেওয়ার দায়িত্ব মা-বাবার পরিবর্তে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর দেওয়ার মধ্য দিয়েই কাজ শুরু করা উচিত।’

২০২০ সালের শুরুর দিকে মেগান ও হ্যারি রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে ব্যক্তিগত উদ্যোগে তারা এখনো এ ধরনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই পোল্যান্ডে জাতীয়তাবাদীদের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই পোল্যান্ডে জাতীয়তাবাদীদের সমাবেশ

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : দেশের মধ্যে একটি বন্দুক হামলার ফলে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার পোল্যান্ডে স্বাধীনতা দিবসের বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

এই সমাবেশটি জাতীয়তাবাদী ও কট্টর ডানপন্থীদের মধ্যে অন্যতম বৃহত্তম এবং আয়োজকেরা এবার রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতির আশা করছেন।

এটি প্রতিবছর ১৯১৮ সালে পোল্যান্ডের স্বাধীনতা পুনরুদ্ধারের স্মরণে আয়োজিত হয়। এই শোভাযাত্রার মাধ্যমে রাশিয়া, প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে দেশটির বিভক্তির ১২৩ বছরের অবসান ঘটে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়তাবাদী, রক্ষণশীল এবং কট্টর ডানপন্থী কর্মী ও সমর্থকরা রাজধানী ওয়ারশে জড়ো হচ্ছেন।

পোল্যান্ডের রক্ষণশীল জাতীয়তাবাদী প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কিও অতীতে সরকারি দায়িত্ব পালনকালে এবং ব্যক্তিগত নাগরিক হিসেবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন।

সাধারণত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও অতীতে কয়েকবার এ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শোভাযাত্রার আয়োজকদের মুখপাত্র রাফাল বুসা এএফপিকে জানিয়েছেন, ‘আমরা ধারণা করছি, পাঁচ লাখের বেশি পোলিশ নাগরিক এতে অংশ নেবেন। পাশাপাশি বিদেশ থেকেও অতিথিরা আসবেন।’

৩ কোটি ৮০ লাখ মানুষের দেশ পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভে ভয়াবহ বন্দুক হামলার পর রাজধানী ওয়ারশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

গত শনিবার ২৪ বছর বয়সী এক হামলাকারীর গুলিতে নয়জন নিহত এবং ১৫ জন আহত হন।

মঙ্গলবার দেশটির বিচারমন্ত্রী ওয়ালদেমার ঝুরেক জানিয়েছেন, হামলাকারী নব্য-নাৎসি মতাদর্শে বিশ্বাসী নরওয়ের নাগরিক আন্ডার্স বেহরিং ব্রেইভিকের প্রতি আগ্রহী ছিল।

২০১১ সালে নরওয়েতে হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যা করেছিল ব্রেইভিক।

এদিকে, দেশের সর্বোচ্চ আদালত সাংবিধানিক ট্রাইব্যুনালকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মধ্যপন্থী সরকারের সঙ্গে জাতীয়তাবাদী ডানপন্থীদের বিরোধের মধ্যে এবারের শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

আগের ডানপন্থী সরকারগুলোর আমলে বিতর্কিত নিয়োগের কারণে কয়েক বছর ধরেই সাংবিধানিক ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।

জাতীয়তাবাদীরা টাস্কের বিরুদ্ধে দেশের সাংবিধানিক ব্যবস্থা দুর্বল করার অভিযোগ তুলেছেন।

অন্যদিকে, ক্ষমতাসীন জোটের দাবি, আগের কট্টর ডানপন্থী সরকারগুলোর করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংস্কার ও নিয়োগগুলো সংশোধন করতে চায় তারা।

তাদের মতে, এসব সিদ্ধান্ত গণতান্ত্রিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ডানপন্থী বিক্ষোভকারীরা কয়েক সপ্তাহ ধরে সাংবিধানিক ট্রাইব্যুনালের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সম্প্রতি দাঙ্গা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে প্রবেশের পথ আটকে দেয়।

এ সময় ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ জোটের মনোনীত এক নতুন বিচারক অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

পাশাপাশি ডানপন্থীদের ঘনিষ্ঠ ও দেশটির প্রেসিডেন্টের সমর্থনপুষ্ট বর্তমান ট্রাইব্যুনাল প্রধানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেন।

রাজনৈতিক উত্তেজনা রাজপথে ছড়িয়ে পড়তে পারে এবং বিক্ষোভকারীদের কেউ কেউ সাংবিধানিক ট্রাইব্যুনালে হামলা চালাতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে রোববার প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তাদের বিরোধীদের পাল্টা বিক্ষোভ না করার অনুরোধ করেন তিনি।

বুধবারের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া শহরের কেন্দ্রীয় এলাকার কয়েকটি সড়কে কংক্রিটের প্রতিবন্ধক স্থাপন করা হবে।

পুলিশ জানিয়েছে, শোভাযাত্রা নিরাপদে সম্পন্ন করতে তারা প্রস্তুত রয়েছে। পাশাপাশি ‘ভীতিকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তথ্য ছড়ানোর’ অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারী শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারী শোকজ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সমাজসেবা কার্যালয়ের সরকারি চেয়ারে বসে এক যুবক টিকটক ভিডিও তৈরি করার ঘটনায় চরম দায়িত্বহীনতা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট কার্যালয়ের এক কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর ফলে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

অভিযুক্ত যুবকের নাম অভি মাহমুদ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই কার্যালয়ের নির্দিষ্ট ও মূল চেয়ারে বসে এক যুবক টিকটকের গানের তালে নানা রকম অঙ্গভঙ্গি করছেন। একপর্যায়ে তিনি চেয়ারের থেকে উঠে অফিসের বিভিন্ন স্থানে ক্যামেরার সামনে পোজ দেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেট, দাপ্তরিক বিভিন্ন নথি ও সরকারি ফাইলপত্র টেবিলে ছড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, ভিডিওতে টিকটক করা ওই যুবক সংশ্লিষ্ট কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন; তিনি সম্পূর্ণ একজন বহিরাগত। সরকারি একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে কোনো ধরনের অনুমতি বা বাধা ছাড়াই একজন বহিরাগত কিভাবে ঢুকে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণের সুযোগ পেলেন—তা নিয়ে সচেতন মহল ও সাধারণ সেবাপ্রত্যাশীরা প্রশ্ন তুলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী সেবাপ্রত্যাশী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রয়োজনে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সেবা পাই না। অথচ বহিরাগত যুবকরা এভাবে প্রকাশ্যে সরকারি চেয়ার দখল করে টিকটক ভিডিও বানায়! এটি সরকারি অফিসের মর্যাদা ও সুশাসনের চরম অবমাননা।’

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ৪ নভেম্বর টিকটকটি ধারণ করা হয়েছে। ওইদিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিনি কুমিল্লায় প্রশিক্ষণে ছিলেন। উনার যে স্টাফ সেদিন দায়িত্বে ছিলেন তাকে শোকজ করা হয়েছে। ভিডিও ধারণকারীর মুচলেকা নেওয়া হয়। পরে তাকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি জিডি করে রাখা হচ্ছে। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো বিষয় পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুচলেকাতে ভিডিও ধারণকারী অভি মাহমুদ উল্লেখ করেন, ‘সমাজসেবা স্যার না থাকা অবস্থায় উপজেলা সমাজসেবা অফিসে বিনা অনুমতিতে ঢুকে স্যারের চেয়ারে বসে একটি ভিডিও তৈরি করি। ভিডিও তৈরি করে আমি আমার ফেসবুক ও টিকটক আইডিতে পোস্ট করি। আমি বুঝিনি এতে আমার ও স্যারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। আমি আমার দোষ স্বীকার করে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করব না। আমার অভিভাবকের সামনে আবারো ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।’

উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী বাবুল হোসেন বলেন, ‘ভিডিওটি এআই কি না, জানি না। ঘটনার দিন আমাদের ফ্যামিলি কার্ডের কর্মসূচি ছিল। আমরা সে কাজে ব্যস্ত ছিলাম।’

এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ভিডিওটি দেখে ওই ছেলেকে ডাকা হয়েছে। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া সমাজসেবা কার্যালয়ে সেদিন যে স্টাফ দায়িত্বে ছিল, তাকে শোকজ করা হয়েছে। ওই ছেলেটির বিরুদ্ধে জিডি করে রাখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালে ঘুম থেকে উঠেই ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


সকালে ঘুম থেকে উঠেই ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সকালবেলা ঘুম থেকে উঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে চলে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা করা হয় কয়েকটি বাড়িতে। এই সংঘর্ষের ফলে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানাচ্ছে, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক চেয়ারম্যান আখতার হোসেন এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক চেয়ারম্যান বকুল। এ দুই পক্ষের মধ্যে অতীতেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র আরো জানায়, সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের পক্ষের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খানকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে বকুল চেয়ারম্যানের সমর্থকদের বিরুদ্ধে। আহত এনাম খান বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার জের ধরেই বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতেও হামলা চালানো হয়। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর সংঘর্ষ থামে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন লাগল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন লাগল

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে, হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার সাগরে পুঁতে রাখা মাইনের আঘাতের ফলে আগুন ধরে যায়। বুধবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তেহরান, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। ইতোমধ্যেই দেশটি এই দুর্ঘটনার খবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান।

দেশটির দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত জাহাজকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অনুমোদিত রুট ব্যবহার করতে হবে।

এই ঘটনার প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। পাশাপাশি, মার্কিন বাহিনী হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে সহায়তা করছে।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে, দেশটির সেনাবাহিনীর নৌবাহিনী জানায়, ‘আজ ভোরে হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলের একটি অনিরাপদ ও নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত হানার পর আগুন ধরে যায়।’

গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালীতে একাধিক জাহাজে আগুন লাগার খবর দিয়েছে তেহরান। এসব ঘটনার ক্ষেত্রে প্রায়ই দাবি করা হয়েছে যে, জাহাজগুলো মাইনে আঘাত পেয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%