০২:১৪ পি.এম
নোয়াখালীর হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে এবং ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
আরও পড়ুন: শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার
শুক্রবার সন্ধ্যার পর পুলিশের একটি দল তাকে রামচরণ বাজার থেকে গ্রেফতার করে। এ সময় একদল দুর্বৃত্ত পুলিশকে ঘেরাও করে এবং তার স্বজনদের সহায়তায় নিজাম উদ্দিনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে এ সুযোগ কাজে লাগিয়ে সে পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশের কর্তব্যকাজে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন