০২:১৬ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট প্রদান করেছেন পোপ লিও চতুর্দশ। এর ফলে, তিনি প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিয়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
সংবাদমাধ্যম আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, পোপ লিও চতুর্দশ শিকাগোতে ডাকযোগে তার ব্যালট জমা দিয়েছেন।
ভ্যাটিকান শুক্রবার (৩০ অক্টোবর) নিশ্চিত করেছে যে, নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের বিশ্বাসের ধারাবাহিকতায়, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পূর্বে পোপ ডাকযোগে তার ভোট প্রদান করেছেন।
আরও পড়ুন: ২০২৮ সালে জাতিসংঘের পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলনের আয়োজক ইকুয়েডর
ভ্যাটিকানের প্রেস অফিস একটি বিবৃতিতে জানায়, পোপ লিও আগে রবার্ট প্রিভোস্ট নামে পরিচিত মার্কিন নাগরিক হিসেবে ভোট দেয়ার অধিকার প্রয়োগ করেছেন। তবে, মার্কিন নির্বাচনে তিনি কোন প্রার্থীদের ভোট দিয়েছেন, সে সম্পর্কে ভ্যাটিকান কোনো তথ্য প্রকাশ করেনি।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি, লিও পেরুরও নাগরিক। সেখানে তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে যাজক ও বিশপ হিসেবে বসবাস করেছেন। এছাড়া, তিনি ভ্যাটিকানেরও নাগরিক, যেখানে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন।
মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, বিদেশে বসবাসকারী নাগরিকরা, এমনকি যারা বিদেশি সরকারের হয়ে কাজ করছেন, তারাও অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারেন।
শিকাগোতে জন্মগ্রহণকারী পোপ লিও ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। শিকাগো সান-টাইমসের প্রতিবেদনে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জন্মসূত্রে পাওয়া নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট হিসেবে তিনি ইলিনয় অঙ্গরাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত। পোপ গত ৩ অক্টোবর ব্যালটের জন্য আবেদনও করেছিলেন।
আরও পড়ুন: ট্রাম্পের বিজয় তোরণ নির্মাণে জাতীয় নিরাপত্তার যুক্তি নিয়ে মার্কিন বিচারকের আপত্তি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন