প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো নতুন নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের পরিকল্পনা করছে। আগামী মাসে নতুন নেসেটের সদস্যদের শপথ গ্রহণের পরপরই এই উদ্যোগ নেওয়া হতে পারে, শুক্রবার (৩০ অক্টোবর) বিভিন্ন সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
ইসরাইলের নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশের পরেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই প্রয়োজনীয় ৬১ আসন পায়নি। এই পরিস্থিতিতে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিরোধী নেতারা একাধিক বৈঠক করছেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘চেঞ্জ ব্লক’ নামের জোটে ইয়াশার, বি’ইয়াচাদ, দ্য ডেমোক্র্যাটস, ইসরাইল বেইতেনু এবং আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আম দলগুলোর সম্মিলিতভাবে ১২০ আসনের নেসেটে ৬৭টি আসন রয়েছে। তাই ওহানাকে স্পিকারের পদ থেকে সরানোর জন্য তাদের কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
ইসরাইলের চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি জানিয়েছেন, বিরোধী দলগুলোর মধ্যে ইতিমধ্যে ওহানাকে সরানোর বিষয়ে সমঝোতা হয়েছে। তবে নতুন স্পিকার হিসেবে কাকে বসানো হবে সে বিষয়ে তিনি কোনো নাম উল্লেখ করেননি। বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে নতুন স্পিকার করার বিষয়টি বিবেচনা করছে বিরোধী দলগুলো।
শুক্রবার সন্ধ্যায় চ্যানেল ১২-তে সেরির সঙ্গে আলাপকালে দ্য ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান বলেন, ২৬তম নেসেটের সদস্যদের শপথ গ্রহণের পর ‘প্রথম কাজই হবে’ নতুন স্পিকার নিয়োগ দেওয়া। এরপর পার্লামেন্টের বিভিন্ন কমিটির প্রধান নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলার তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের নতুন পার্লামেন্ট শুরু হবে আগামী ১০ নভেম্বর। সরকার গঠন নিয়ে আলোচনা চললেও নির্ধারিত ওই দিনেই নির্বাচিত সদস্যদের শপথ নিতে হবে। নতুন স্পিকার নিয়োগের ভোট নতুন নেসেটের শপথ গ্রহণের দিনেই অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, ইসরাইলের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ও জালিয়াতির অভিযোগ নিয়ে বিতর্ক চলছে। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে, ব্যাপক জালিয়াতির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। বিদেশি হস্তক্ষেপের তদন্ত এখনও চলমান।
সূত্র: টাইমস অব ইসরাইল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন