প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা এক ব্যবসায়ীকে আটক করে তিন লাখ টাকা চাঁদা আদায় করেছে। গতকাল শুক্রবার, উপজেলার তেবাড়িয়া এলাকার ব্যবসায়ী আব্দুল কাদের এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুরে জোনাইলের চামটা বিলে আব্দুল কাদেরকে আটক করে তিন লাখ টাকা আদায় করা হয়। শনিবার, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য প্রকাশ করেন।
অভিযোগের মধ্যে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সদস্যসচিব সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেন (৩৫) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, জোনাইলের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিল বাবুল হোসেন। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। সেতুর পাশে সোঁতিজাল বসানো জমিটি তেবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদেরের।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সোঁতিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল হোসেন সন্দেহ করেন যে, ব্যবসায়ী আব্দুল কাদের উপজেলা প্রশাসনকে খবর দিয়ে এই অভিযান পরিচালনায় সহায়তা করেছেন।
আব্দুল কাদের সাংবাদিকদের জানান, জোনাইল পাগলা বাজার ও চামটা বিলে তার জায়গা-জমি রয়েছে। সোঁতিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। ওই দিন দুপুরে বিল থেকে বাড়ি ফেরার পথে আফসার আলীর বাড়ির পাশের আমবাগান থেকে বাবুল হোসেন ও তার লোকজন তাকে তুলে চামটা বিলে নিয়ে যান। একপর্যায়ে তার কাছে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা মোবাইল কেড়ে নিয়ে তাকে মারধর করেন। পরে লোক মারফত বাড়ি থেকে তিন লাখ টাকা এনে তাদের দেওয়া হয়। আরো এক লাখ টাকা দেওয়ার জন্যও তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়।
আব্দুল কাদের বলেন, আফসার আলী তার হাত থেকে টাকা নিয়েছেন। এ বিষয়ে মুখ খুললে কিংবা থানায় অভিযোগ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
তবে বিএনপি নেতা আফসার আলী এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, প্রশাসনকে খবর দেওয়ার বিষয়ে আব্দুল কাদেরকে সন্দেহ করা হয়েছিল। কিন্তু তিনি জড়িত না থাকায় আত্মীয়-স্বজন এসে তাকে নিয়ে গেছেন। মারধর বা কোনো টাকা-পয়সা লেনদেনের অভিযোগ সঠিক নয়।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনাটি বিব্রতকর। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি আমরা যাচাই-বাছাই করে দেখছি, আসলে সেখানে কী ঘটেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন