ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি সমঝোতা স্বাক্ষর


তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি সমঝোতা স্বাক্ষর

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলের প্রেসিডেনশিয়াল দোলমাবাহচে কার্যালয়ে অনুষ্ঠিত ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠকের সময় এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও। এর আগে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা ও প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

এরদোয়ান এবং শেখ তামিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া, ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার তদারকি ও পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি।

আরও পড়ুন: দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ পাবে ইউক্রেন: যুক্তরাষ্ট্রের প্রস্তাব

শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি।

শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

এছাড়া, দুই দেশের ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠক উপলক্ষে একটি যৌথ ঘোষণায়ও স্বাক্ষর করেন এই দুই পররাষ্ট্রমন্ত্রী।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন: কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরম পানিতে ঝলসে মারা গেল ১৩ বছরের আফরিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


গরম পানিতে ঝলসে মারা গেল ১৩ বছরের আফরিন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের কারণে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তার মারা গেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে, ঘটনার প্রায় দেড় মাস পর।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। আফরিন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক মাস চিকিৎসাধীন ছিলেন। তবে আর্থিক সংকটের কারণে পরিবারের সদস্যরা চিকিৎসা সম্পন্ন না করেই তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে ফেরার ১৭ দিন পর তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের কারণে জাকিরের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় রওশন আরার পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন।

গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও তার পরিবারের সদস্যরা আফরিনকে বাড়িতে রেখে বাইরে যান। ওই সময় আফরিন ঘুমিয়ে ছিল। পরিবারের অভিযোগ, এ সুযোগে সোনিয়া আক্তার ঘরে ঢুকে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সেখানে আফরিনের চিকিৎসা প্রায় এক মাস চলে। তবে হাসপাতালের চিকিৎসার পাশাপাশি থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে। একপর্যায়ে তারা চিকিৎসা সম্পন্ন না করেই মেয়েকে বাড়িতে নিয়ে আসতে বাধ্য হন।

এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। পরে ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত জাকির হোসেন, তার স্ত্রী সোনিয়া আক্তার ও সোনিয়ার বোনজামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।

আফরিনের মা রওশন আরা বলেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা শেষ না করেই বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার বিচার-সালিশের আয়োজন করা হয়েছিল। ভাই-ভাবির বিরুদ্ধে মামলা করার ইচ্ছা ছিল না তার। মেয়ের চিকিৎসার খরচ বহন করলে বিষয়টি মীমাংসা হতে পারত। কিন্তু চিকিৎসার অর্থের অভাবে তার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে তিনি সুষ্ঠু বিচার চান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, শুক্রবার বিকেলে কিশোরীর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় তার মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান ইতোমধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইউরেনিয়ামবাহী ৩টি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরো দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। এই সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করেন।

স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বৃদ্ধি করে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে, যাকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।

যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলে, তবে ডিসেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এই কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। গত ২ নভেম্বর টেনেরিফের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের স্ট্রাইকার হেসুস দে মিগেলকে বিপজ্জনকভাবে ট্যাকল করার কারণে তিনি সরাসরি লাল কার্ড পান। ওই ঘটনার পরের দিন হাসপাতালে মারা যান দে মিগেল।

ডিসিপ্লিনারি কমিটি এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে আরএফইএফের ডিসিপ্লিনারি কোডের ১০২ নম্বর ধারায় গুরুতর অপরাধ হিসেবে ওওনোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে ১২ ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর রিপোর্ট অনুযায়ী, ম্যাচ রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেন যে, বল দখলের লড়াইয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে উঁচুতে তোলা পা দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করায় ওওনোকে লাল কার্ড দেখানো হয়। মাঠে দে মিগেলকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

এটি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির দেওয়া সবচেয়ে কঠোর শাস্তিগুলোর মধ্যে একটি। চলতি বছরে আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাও ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। রিয়াল সারাগোসা ও এসডি হুয়েস্কার মধ্যকার ডার্বিতে হোর্হে পুলিদোর ওপর আক্রমণের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল।

দে মিগেলের মৃত্যু স্পেনসহ বিশ্ব ফুটবলকে শোকের মধ্যে ডুবিয়েছে। তিনি মাঝমাঠে বল নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, এ সময় ওওনো বল ক্লিয়ার করতে গিয়ে তার হাঁটু সরাসরি দে মিগেলের শরীরে আঘাত করে।

এই সংঘর্ষের ফলে পুরো স্টেডিয়ামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টেনেরিফের এই ফরোয়ার্ড মাঠেই লুটিয়ে পড়েন। চিকিৎসা দেওয়া হলেও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

আন্দোরার টেকনিক্যাল ডিরেক্টর কার্লেস মানসো নিশ্চিত করেছেন যে, এই ঘটনার পর ওওনো মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন।

মানসো বলেন, "হেসুস ওওনোর পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই ঘটনায় সবচেয়ে বেশি জড়িয়ে পড়েছে সে নিজেই। বিষয়টি যথাযথভাবে সামলানো প্রয়োজন। তার পুরো পরিস্থিতি ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। সে এখন পরিবার, বন্ধু ও জীবনসঙ্গীর সঙ্গে রয়েছে। এই অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে তারা তাকে যথাসাধ্য সহায়তা করবে।"

ওওনোর পেশাদার ফুটবল থেকে অবসরে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে মানসো জানিয়েছেন, ইকুয়েটোরিয়াল গিনির এই গোলরক্ষক অবসরের সিদ্ধান্ত নেননি। যদিও তার ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, ধর্মঘট ও সংঘর্ষে এক মাদরাসাছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, ধর্মঘট ও সংঘর্ষে এক মাদরাসাছাত্র নিহত

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি ‘কাকলি’র প্রথম শ্রেণির মাস্টার মো. মোশাররফ হোসেনকে আটকের প্রতিবাদে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে এক মাদরাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় কর্মকর্তারা অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দেড় শতাধিক যানবাহন ঘাট পারাপারের জন্য অপেক্ষা করছে। যাত্রী ও চালকদের জন্য এটি চরম ভোগান্তির সৃষ্টি করেছে।

ফেরির কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, তাদের সহকর্মী মো. মোশাররফ হোসেনকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা নৌযান চালাবেন না। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের বিষয়টি তারা বিবেচনা করবেন বলেও জানিয়েছেন।

গতকাল শুক্রবার শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’ একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় তরিকুল ইসলাম (১১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘটে এবং আহত হন আরও কয়েকজন।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কায় ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী তরিকুলের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লাগে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আহত হয় আরও এক শিশু।

সংঘর্ষের পর বাল্কহেডটির চালক পালিয়ে যান। নৌ পুলিশ বাল্কহেড ও এর সুকানিকে শনাক্ত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করা হয়েছে এবং এর প্রতিবাদে কর্মচারীরা ধর্মঘট পালন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%