প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। গত ২ নভেম্বর টেনেরিফের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের স্ট্রাইকার হেসুস দে মিগেলকে বিপজ্জনকভাবে ট্যাকল করার কারণে তিনি সরাসরি লাল কার্ড পান। ওই ঘটনার পরের দিন হাসপাতালে মারা যান দে মিগেল।
ডিসিপ্লিনারি কমিটি এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে আরএফইএফের ডিসিপ্লিনারি কোডের ১০২ নম্বর ধারায় গুরুতর অপরাধ হিসেবে ওওনোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে ১২ ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর রিপোর্ট অনুযায়ী, ম্যাচ রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেন যে, বল দখলের লড়াইয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে উঁচুতে তোলা পা দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করায় ওওনোকে লাল কার্ড দেখানো হয়। মাঠে দে মিগেলকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এটি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির দেওয়া সবচেয়ে কঠোর শাস্তিগুলোর মধ্যে একটি। চলতি বছরে আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাও ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। রিয়াল সারাগোসা ও এসডি হুয়েস্কার মধ্যকার ডার্বিতে হোর্হে পুলিদোর ওপর আক্রমণের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল।
দে মিগেলের মৃত্যু স্পেনসহ বিশ্ব ফুটবলকে শোকের মধ্যে ডুবিয়েছে। তিনি মাঝমাঠে বল নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, এ সময় ওওনো বল ক্লিয়ার করতে গিয়ে তার হাঁটু সরাসরি দে মিগেলের শরীরে আঘাত করে।
এই সংঘর্ষের ফলে পুরো স্টেডিয়ামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টেনেরিফের এই ফরোয়ার্ড মাঠেই লুটিয়ে পড়েন। চিকিৎসা দেওয়া হলেও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
আন্দোরার টেকনিক্যাল ডিরেক্টর কার্লেস মানসো নিশ্চিত করেছেন যে, এই ঘটনার পর ওওনো মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন।
মানসো বলেন, "হেসুস ওওনোর পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই ঘটনায় সবচেয়ে বেশি জড়িয়ে পড়েছে সে নিজেই। বিষয়টি যথাযথভাবে সামলানো প্রয়োজন। তার পুরো পরিস্থিতি ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। সে এখন পরিবার, বন্ধু ও জীবনসঙ্গীর সঙ্গে রয়েছে। এই অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে তারা তাকে যথাসাধ্য সহায়তা করবে।"
ওওনোর পেশাদার ফুটবল থেকে অবসরে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে মানসো জানিয়েছেন, ইকুয়েটোরিয়াল গিনির এই গোলরক্ষক অবসরের সিদ্ধান্ত নেননি। যদিও তার ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন