০৮:১৫ পি.এম
নরওয়ে সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ করছে, যা প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমাতে এবং দেশের পশ্চিম উপকূল বরাবর ফেরিবিহীন মহাসড়ক গড়ে তুলতে সহায়ক হবে। 'রগফাস্ট' নামের এই টানেলটির দৈর্ঘ্য ২৭ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৩৯২ মিটার গভীরে অবস্থিত হবে।
টানেলটির নামকরণ করা হয়েছে নরওয়েজীয় শব্দ 'রগাল্যান্ড' (অঞ্চলের নাম) এবং 'ফাস্টফরবিন্ডেলসে' (স্থায়ী সংযোগ) এর সংমিশ্রণে। প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পের কাজ ২০৩৩ সালের মধ্যে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে। ২০১৮ সালে এর নির্মাণ কাজ শুরু হলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ২০১৯ সালে তা সাময়িকভাবে বন্ধ ছিল। পরে নতুন পরিকল্পনার আওতায় ২০২১ সালের শেষ দিকে আবারও নির্মাণকাজ শুরু হয়।
এই টানেলটি শুধুমাত্র যানবাহন চলাচলের উপযোগী হবে এবং এতে দুটি আলাদা সুড়ঙ্গ বা টিউব থাকবে, যার প্রতিটিতে থাকবে দুটি করে লেন। টানেলের একটি বিশেষত্ব হলো, সমুদ্রপৃষ্ঠের ২৬০ মিটার গভীরে টানেলের মাঝামাঝি স্থানে একটি 'ডাবল রাউন্ডঅ্যাবাউট' বা জোড়া গোলচত্বর থাকবে, যা নরওয়ের ক্ষুদ্রতম পৌরসভা কিটসয় দ্বীপের সংযোগকারী টানেলের সঙ্গে যুক্ত হবে।
আরও পড়ুন: দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ পাবে ইউক্রেন: যুক্তরাষ্ট্রের প্রস্তাব
দুই প্রান্ত থেকে একসঙ্গে খননকাজ চলা এই টানেলটির ঠিক মাঝখানে মাত্র ৫ সেন্টিমিটার ত্রুটিসীমায় (মার্জিন অব এরর) মিলিত হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই নিখুঁত পরিমাপের জন্য বিশেষ লেজার স্ক্যানার ব্যবহার করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্য সংগ্রহ করে টানেলের একটি 'ডিজিটাল টুইন' তৈরি করছে। এছাড়া, টানেলের ভেতরে বায়ু চলাচল স্বাভাবিক রাখতে কিটসয় পর্যন্ত বিশেষ ভেন্টিলেশন পাইপ ও ফ্যান এবং নিরাপত্তার জন্য ক্যামেরা, রাডার ও তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থা থাকবে। তবে, সমুদ্রের এত গভীরে পাথরের ফাটল বন্ধ করে লোনা পানি চুইয়ে পড়া ঠেকানো প্রকৌশলীদের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নরওয়ের ১,১০০ কিলোমিটার দীর্ঘ ই-৩৯ উপকূলীয় মহাসড়ক সংস্কারের একটি বড় অংশ হচ্ছে রগফাস্ট। বর্তমানে পুরো পথ পাড়ি দিতে সাতটি ফেরি পারাপারসহ ২১ ঘণ্টা সময় লাগে। রগফাস্ট চালু হলে বার্গেন ও স্টাভাঞ্জার শহরের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমে যাবে। প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েন জানান, এটি স্থানীয় অর্থনীতি, মৎস্যশিল্প এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাপানের 'সেইকান' (গভীরতা ২৪০ মিটার) এবং ইংল্যান্ড-ফ্রান্সের 'চ্যানেল টানেল' (গভীরতা ১১৫ মিটার) কেবল রেল চলাচলের জন্য ব্যবহৃত হয়। তাই রগফাস্ট দীর্ঘতম ও গভীরতম সমুদ্রগর্ভস্থ সড়ক টানেল হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে।
আরও পড়ুন: কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন